২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাই কোর্টে আটকে গেল ওয়াসার 'পারফরম্যান্স বোনাস’

কর্মকর্তা-কর্মচারীদের সাড়ে তিনটি ‘পারফরম্যান্স বোনাস’ দিতে ১৯ কোটি টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছিল ওয়াসা বোর্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2022, 11:14 PM

Updated : 16 Aug 2022, 11:14 PM


কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ (পারফরম্যান্স) বোনাস হিসেবে তিনটি মূল বেতনের সমান অর্থ দেওয়ার যে সিদ্ধান্ত ঢাকা ওয়াসা নিয়েছিল, তার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট।

সেই সঙ্গে বিধি প্রণয়ন না করে পানির মূল্য নির্ধারণ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল দিয়েছে আদালত।

কনজুমার অ্যাসেসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এক রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।



স্থানীয় সরকার সচিব, ঢাকা ওয়াসা বোর্ড, ঢাকা ওয়াসার চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, নীরিক্ষক ও কম্পট্রোলার জেনারেলকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

পরে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, “আইনের বিধান অনুসারে ঢাকা ওয়াসা বোর্ড একটি বিধিবদ্ধ কর্তৃপক্ষ। আইনটির ৪৭ ধারায় বলা হয়েছে- চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান বা অন্য কোনো সদস্য, ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক বা কর্তৃপক্ষের অন্য কোনো কর্মকর্তা বা উপদেষ্টা বা কর্মচারী জনসেবক হিসাবে গণ্য করা হবে।

"তাই কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ ভাতা দেওয়া একটি বাণিজ্যক উদ্যোগ। ব্যক্তিগত লাভের জন্য ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এই উৎসাহ ভাতা দেওয়ার বাণিজ্যিক প্রথা চালু করেছিলেন, যা ঢাকা ওয়াসা আইনের বিধান পরিপন্থি। তাছাড়া বিধি না করে পানির দাম বাড়ানো ওয়াসা আইনের ২১ ও ২২ ধারার লঙ্ঘন।"

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ এপ্রিল ঢাকা ওয়াসা বোর্ডের ২৯১তম সভায় পারফরম্যান্স অ্যাওয়ার্ড (উৎসাহ বোনাস) দেওয়ার সিদ্ধান্ত হয়। মহামারীপরবর্তী ২০২০-২১ অর্থবছরের পারফরম্যান্সের জন্য ঢাকা ওয়াসার স্থায়ী, চুক্তিভিত্তিক ও প্রেষণে নিয়োজিত কর্মকর্তা এবং কর্মচারীদের তিনটি মূল বেতনের সমপরিমাণ অর্থ বোনাস দেওয়ার কথা সে সময় জানানো হয়।

আর গত ২৫ জানুয়ারি ২৮৬তম সভায় কর্মীদের একটি মূল বেতনের অর্ধেক ‘অন্তর্বর্তীকালীন পারফরম্যান্স বোনাস’ দেওয়ার সিদ্ধান্ত হয়। সব কর্মকর্তা-কর্মচারীর সাড়ে তিনটি পারফরম্যান্স বোনাস দিতে সংস্থাটির ব্যয় হবে ১৯ কোটি টাকার বেশি।


এদিকে আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে পানির দাম ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে রেখেছে ঢাকা ওয়াসা বোর্ড, যা আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু বোর্ডের ওই সিদ্ধান্তে সন্তুষ্ট নয় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

আবাসিকে ২৫ শতাংশ এবং বাণিজ্যিক সংযোগে ১৯ শতাংশ পর্যন্ত পানির দাম বাড়াতে চায় তারা। এ জন্য ওয়াসার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব পাঠিয়েছে।

প্রকাশিত এসব প্রতিবেদন যুক্ত করে ক্যাবের পক্ষে স্থপতি মোবাশ্বের হোসেনের রিট আবেদনটি করেছিল।