২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আরও যুদ্ধবিমান কেনার পরিকল্পনা সরকারের

সংসদে আরও জানান হয়েছে, বর্তমানে সারাদেশে ‘কৃষি উপকরণ কার্ড’ আছে ২ কোটি ৫ লাখ ৯৯ হাজার ৮৬৯ জন কৃষকের।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2023, 07:40 PM

Updated : 04 Jul 2023, 07:40 PM

দেশের সার্বভৌমত্ব রক্ষায় উন্নত প্রযুক্তির আরও যুদ্ধবিমান কেনার পরিকল্পনা সরকারের রয়েছে বলে সংসদে জানানো হয়েছে।

মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তরে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক।

তিনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষাকল্পে এবং ফোর্সেস গোল-২০৩০ অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে ৮ স্কোয়াড্রন যুদ্ধবিমান রয়েছে। ভবিষ্যতে বিমান বাহিনীকে যুগোপযোগী ও আধুনিকায়নের লক্ষ্যে ‘ফোর্সেস গোল ২০৩০’ এর আলোকে আরও উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান কেনার পরিকল্পনা সরকারের রয়েছে।

নৌবাহিনী নিয়ে আনিসুল হক জানান, বাংলাদেশ নৌবাহিনীতে বর্তমানে দুটি সাবমেরিনসহ ছোট-বড় মিলিয়ে ৬৫টির বেশি যুদ্ধজাহাজ এবং দুটো হেলিকপ্টার ও চারটি মেরিটাইম এয়ারক্রাফট রয়েছে।

ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনীতে বাজেট বরাদ্দের উপর ভিত্তি করে পর্যায়ক্রমে ফ্রিগেট, করভেট, অফসোর পেট্রল ভেসেল (ওপিভি), মাইন কাউন্টার মেজার ভেজেল (এমসিএমভি), লার্জ পেট্রল ক্রাফট (এলপিসি), ওশান টাগ, হারবার টাগ, ওয়েল ট্যাংকার, লজিস্টিক ‍শিপ, ফ্লোটিং ক্রেন, হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল ও হোভার ক্রাফট সংযুক্তি পরিকল্পনা রয়েছে বলে সংসদে জানান হয়।

সরকারি চাকরিতে এখন কোনো মুক্তিযোদ্ধা নেই

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী বীর মুক্তিযোদ্ধার সর্বশেষ জন্ম তারিখ ৩০ মে ১৯৫৯। সে অনুযায়ী একজন বীর মুক্তিযোদ্ধার বিধি মোতাবেক চাকরিকাল হবে ২০১৯ সালের ৩০ মে পর্যন্ত। ফলে বর্তমানে কোনো বীর মুক্তিযোদ্ধা সরকারি চাকরিতে বিধি অনুযায়ী কর্মরত নেই।

মন্ত্রী জানান, ‘বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০’ এর নির্দেশনা অনুসরণে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা পরিচালনা করা হয়ে থাকে। এ আদেশে মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়। চাকরিরত বা চাকরিরত নয়-এমন সব বীর মুক্তিযোদ্ধা জীবিতকাল পর্যন্ত এবং মৃত্যুর পর ওয়ারিশ- স্ত্রী ও সন্তানরা ভাতা প্রাপ্য হয়।

২ কোটি কৃষককে কৃষি উপকরণ কার্ড

জামালপুর-৫ আসনের সংসদ সদস্য মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক জানান, প্রণোদনা, পুনর্বাসন, আর্থিক সুবিধা ও কৃষি ঋণ প্রাপ্তির জন্য কৃষকদের নিবন্ধন করে ‘কৃষি উপকরণ কার্ড’ দেওয়া হয়। সারাদেশে এ কার্ডধারী কৃষকের সংখ্যা ২ কোটি ৫ লাখ ৯৯ হাজার ৮৬৯ জন।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, বোরো মৌসুমে সেচ বাবদ কৃষি খাতে ভর্তুকি (২০ শতাংশ রিবেট) প্রদান করা হয়। ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত বোরো মৌসুমে কৃষি খাতে সেচ বাবদ এক হাজার ১৩২ কোটি ৭০ লাখ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।