২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কংগ্রেস সদস্যদের সঙ্গে ৩ দলের বৈঠকে নির্বাচন, রাজনৈতিক প্রসঙ্গ

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাত সদস্যের সঙ্গে দেড় ঘণ্টা আলোচনা করেন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেস সদস্য।

কংগ্রেস সদস্যদের সঙ্গে ৩ দলের বৈঠকে নির্বাচন, রাজনৈতিক প্রসঙ্গ

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেস সদস্য রোববার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। এসময় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2023, 10:13 PM

Updated : 13 Aug 2023, 10:30 PM

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেস সদস্য বৈঠক করেছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে; যেখানে বাংলাদেশের নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গুরুত্ব পেয়েছে।

রোববার বিকালে গুলশানে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় এ বৈঠকে দেশের শীর্ষ এ তিন দলের সাত সদস্য একসঙ্গে উপস্থিত ছিলেন।

তাদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা আলোচনা করেন রিপাবলিকান পার্টির রিচ ম্যাককরমিক ও ডেমোক্রেটিক পার্টির এড কেইস। এসময় রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।

তিন দলের পক্ষে অংশ নেন ক্ষমতাসীন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান, সাংসদ নাহিম রাজ্জাক ও তামান্না নুসরাত (বুবলী), সরকার হটানোর দাবিতে আন্দোলনে থাকা বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সাংসদ রানা মোহাম্মদ সোহেল, নাজমা আকতার ও  শেরীফা কাদের।

এরপর রাষ্ট্রদূতের বাসায় সফররত দুই কংগ্রেস সদস্য সুশীল সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই কংগ্রেস সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন।

সেখানে আগামী জাতীয় নির্বাচন কীভাবে হবে- সেই প্রশ্নে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপির বিপরীতমুখী অবস্থানের মধ্যে তাদের ‘সমঝোতার কোনো পথ আছে কি-না’, তা জানতে চান সফররত দুই কংগ্রেস সদস্য।

বিকালে গুলশানে রাষ্ট্রদূতের বাসা থেকে বেরিয়ে সাংবাদিকদের এ্যানি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘‘উনারা জানতে চেয়েছিলেন দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের বিষয়। আমরা বলেছি, বিএনপি দেশে একটা অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়। অতীতে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। সেজন্য আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথাটি তুলে ধরেছি।’’

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাবে না- এ কথাও তাদের কাছে কথা তুলে ধরা হয়েছে জানিয়ে তিনি বলেন, “সেজন্য আমরা আন্দোলনও করছি, সেকথাও তাদের বলেছি।”

Image

গুলশানে পিটার হাসের বাসা থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির 

এসময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রতিনিধিরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

তবে আলোচনায় আওয়ামী লীগের প্রতিনিধিরা বিদ্যমান সাংবিধানিক ব্যবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়টি তুলে ধরেছেন বলে জানা গেছে। সংবিধানের বাইরে নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নেই বলে তারা সফরকারীদের জানিয়েছেন।

অপরদিকে জাতীয় পার্টির প্রতিনিধিরা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহনমূলক নির্বাচনের কথা বলেছেন।

পরে যোগাযোগ করা হলে আওয়ামী লীগের সংসদ সদস্য তামান্না নুসরাত (বুবলী) তাদের দলের তিন সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানান। তবে সার্বিক আলোচনার বিষয়ে কোনো মন্তব্য করেননি।

তিনি বলেন, বৈঠকে ওয়াসিকা আয়শা খান ও নাহিম রাজ্জাক কথা বলেছেন।

এ দুইজনের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি।

বৈঠকে অংশ নেওয়া জাতীয় পার্টির সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল বলেন, “বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আমরা বিদ্যমান পরিস্থিতি তুলে ধরে বলেছি সমস্যা সমাধানে আলোচনা হওয়া প্রয়োজন। তা না হলে পরিস্থিতি সংঘাতের দিকে যাবে, তা অবশ্যম্ভাবী।“

সংঘাত এড়াতে সেজন্য সংলাপের কথাও তুলে ধরে জাতীয় পার্টি, যোগ করেন তিনি।

সংরক্ষিত মহিলা আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য নাজমা আকতার বলেন, এ বৈঠকে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কী, দলগুলোর সবাই কী চায়-এমন বিষয় উঠে এসেছে।

“আমাদের দলের পক্ষ থেকেও বর্তমান পরিস্থিতিতে সামনে নির্বাচনের বিষয়ে অবস্থান তুলে ধরা হয়েছে। সুষ্ঠু নির্বাচন যেন হয়, তাই জনগণের চাওয়া। সবাই চায় আগামী নির্বাচনটা সুষ্ঠু হোক, মানুষের আকাঙ্খা যেন পূরণ হয়।”

পরে অনুষ্ঠিত সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কংগ্রেস সদস্যদের বৈঠকে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর বদিউল আলম মজুমদার, দৃকের আলোকচিত্রী শহিদুল আলম, অধিকারের আদিলুর রহমান, আর্টিকেল নাইন্টিন বাংলাদেশ এর ফারুক ফয়সাল, পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সৈয়দা রিজওয়ানা হাসান, বিআইপিএসএস‘র অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনম মুনিরুজ্জামান, সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির কল্পনা আখতার, নারী পক্ষের শিরিন হক ও পরিবেশ কর্মী বারিশ চৌধুরী, সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, সেন্টার ফর গর্ভনেন্স স্ট্যাডিজের জিল্লুর রহমান, মাইগ্রেশন রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড সোসাইটি অব বাংলাদেশের খন্দকার মোরশেদা ফারহানা উপস্থিত ছিলেন।

বৈঠকে রাষ্ট্রদূত পিটার  হাস এবং দূতাবাসের দুইজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

নির্বাচন নিয়ে ‘সমঝোতার’ পথ আছে? জানতে চান দুই মার্কিন কংগ্রেস সদস্য
‘তোমরা চীনের ভেতরে চলে যাচ্ছ’- মোমেনকে মার্কিন কংগ্রেস সদস্য