আশুলিয়ায় গ্যাসের আগুনে দগ্ধ নারীর মৃত্যু
চিকিৎসাধীন বাকি পাঁচজনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
ঢাকার আশুলিয়ায় রান্নাঘরের গ্যাসের আগুনে দগ্ধ ছয়জনের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে।
সাবিনা বেগম নামের ৪০ বছর বয়সী ওই নারীর শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি নাটোরের বড়াইগ্রামের মোতালেব হোসেনের স্ত্রী।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়ে বলে হাসপাতালের আবাসিক সার্জন তরিকুল ইসলাম জানান।
পাঁচদিন আগের ওই ঘটনায় দগ্ধ আরও পাঁচজন বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডা. তরিকুল।
সাবিনার দেবর হুমায়ুন কবির হাসপাতালে সাংবাদিকদের জানান, দুই সন্তানকে গ্রামে রেখে স্বামীর সঙ্গে সাবিনা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতেন। আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নতুন নগর এলাকার একটি টিনশেড বাড়িতে থাকতেন তারা।
গত শনিবার রাতে গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস জমে রান্নাঘরে আগুন ধরে গেলে সাবিনাসহ ছয়জন দগ্ধ হন। রান্নার জন্য সাবিনা চুলা জ্বালাতে গেলে হঠাৎ আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
অন্যদের মধ্যে সাদিকুল ইসলাম (২৮), নজরুল ইসলাম (৪৫), হাশেম আলীর (৪৫) শরীরের ৪৫-৫০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। এছাড়া মো. হোসেন ১০ শতাংশ এবং কমলা বেগমের (৫০) শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।
আরও পড়ুন-
