২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আর্জেন্টিনা দূতাবাস খুলছে সোমবার

সোমবার সকালে ঢাকায় পৌঁছানোর পর বিকাল ৪টায় দূতাবাস উদ্বোধন করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়েগো কাফিরো।

ঢাকায় আর্জেন্টিনা দূতাবাস খুলছে সোমবার

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়েগো কাফিরো

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2023, 09:51 PM

Updated : 26 Feb 2023, 10:08 PM

বাণিজ্য ও নাগরিকদের যোগাযোগ বৃদ্ধির লক্ষ্য ধরে ৪৫ বছর পর ঢাকায় চালু হচ্ছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার দূতাবাস।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার বিকালে বনানীতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সঙ্গে নিয়ে দূতাবাস উদ্বোধন করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়েগো কাফিরো।

সোমবার সকালে ঢাকায় পৌঁছানোর বিকাল ৪টায় দূতাবাসের উদ্বোধন করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।

এরপর বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন সান্তিয়াগো কাফিরো।

স্বাধীনতার পরপর ১৯৭২ সালে আর্জেন্টিনার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাংলাদেশ; এরপর ঢাকায় দেশটির দূতাবাস খোলা হলেও ১৯৭৮ সালে তা বন্ধ হয়ে যায়।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অন্যান্য সম্পর্ক বাড়ানোর লক্ষ্য নিয়ে গতবছরই ঢাকায় দূতাবাস খোলার ঘোষণা দেয় আর্জেন্টিনা।

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী কাফিরো।

Image

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়েগো কাফিরোর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

ওই সময় আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্যিক কৌশল উন্নয়নের অংশ হিসাবে রপ্তানি গন্তব্য বাংলাদেশে পুনরায় দূতাবাস খোলার প্রকল্প নেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী কাফিরো।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১ সালে বাংলাদেশে রেকর্ড ৮৭ কোটি ৬০ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে আর্জেন্টিনা। এসব পণ্যের মধ্যে সয়াবিন তেল, ময়দা, ভুট্টা ও গম রয়েছে। এর বিপরীতে বাংলাদেশ থেকে আর্জেন্টিনায় পণ্য গেছে ১ কোটি ৪০ লাখ ডলারের।

বাণিজ্য সহযোগিতা, মানুষের যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ের পাশাপাশি ফুটবল সহযোগিতা নিয়ে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফরের সূচিতে থাকার কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তি, দু’দেশের কূটনৈতিক প্রশিক্ষণ অ্যাকাডেমির মধ্যে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, ফুটবল সংক্রান্ত বিষয়েও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

পুরনো খবর:

ফেব্রুয়ারির শেষে ঢাকায় দূতাবাস খুলছে আর্জেন্টিনা

এর বাইরে কৃষিখাতে সহযোগিতার সমঝোতা স্মারক এবং ট্রেড কর্পোরেশন নিয়ে একটি চুক্তির আলোচনায় রয়েছে দুদেশের মধ্যে।

আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি বড় ব্যবসায়ী প্রতিনিধিদলও বাংলাদেশে আসছে পররাষ্ট্রমন্ত্রী কাফিরোর সফরসঙ্গী হয়ে। মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক করবেন তিনি।

মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনও পরির্দশনে যাবেন সান্তিয়াগো কাফিরো। সেখানে শিশুদের একটি প্রীতি ফুটবল ম্যাচে দর্শক হবেন তিনি।