২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ফ্ল্যাট বেচে কিনলেন সোনা, পরে জানলেন সবই ‘নকল’

শুধু নকল সোনার বার বা কয়েন নয়, ম্যাগনেটিক পিলারের নামেও টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের ১০ জনকে আটক করেছেন গোয়েন্দারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 09:45 PM

Updated : 24 Oct 2022, 09:57 PM

সোনার বার কিনতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এক নারী তার দুটি ফ্ল্যাট বিক্রি করে সব টাকা প্রতারকদের হাতে তুলে দিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ওই নারীর মত আরও অনেকের কাছে সোনার বার বিক্রির কথা বলে নকল বার ধরিয়ে দেয় রাজধানীজুড়ে সক্রিয় প্রতারক চক্রটি।

কখনও কাস্টমস কর্মকর্তা, কিংবা কেমিস্ট ও পরমাণু বিশেষজ্ঞ পরিচয় দিয়ে চক্রের সদস্যরা নকল সোনার বার বেচার কাজ করতেন। আর এভাবে মানুষকে বোকা বানিয়ে ফাঁদে ফেলে তারা হাতিয়ে নিয়েছেন ১১ কোটি টাকার বেশি বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন গোয়েন্দারা।

ঢাকার ভাটারা থানায় বসুন্ধরার ওই নারীর প্রতারণার মামলার তদন্ত করতে গিয়ে এ প্রতারক চক্রের সন্ধান পাওয়ার কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ন কমিশনার সঞ্জিত কুমার রায়।

এদের ১০ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়ে সোমবার তিনি বলেন, “চক্রটি তামার তার গলিয়ে স্বর্ণের বার, স্বর্ণের কয়েন বানিয়ে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।”

শুধু সোনার বার বা কয়েন নয়, তারা ম্যাগনেটিক পিলারের নামেও টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানান তিনি।

সোমবার ঢাকার মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মহানগর ডিবির যুগ্ন কমিশনার জানান, রোববার রাতে বিমানবন্দর ও দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. বশার মোল্লা, শেখ সোহাগ হোসেন মিন্টু, দ্বীন মোহাম্মদ, মো. জুয়েল শিকদার, মোজাম্মেল খান ওরফে আকাশ, শেখ আলী আকবর, মো. জামাল ফারাজী, মো. সোহেল শিকদার, মো. বিল্লাল হোসেন ও মো. শাহরিয়ার ইকবাল।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে নকল চারটি সোনার বার, সোনার বার তৈরির মেশিন, তামার তার, তার গলানোর কেমিকেল, হিউম্যান রাইটসের নকল পরিচয়পত্র ও সিভিল অ্যাভিয়েশনের নকল পরিচয়পত্র উদ্ধার করা হয়।

ভাটারা থানার মামলার পাশাপাশি বিমানবন্দর থানার আরেকটি প্রতারণার মামলা তদন্তে নেমে এদের শনাক্ত করার কথা জানিয়ে গোয়েন্দা কর্মকর্তা সঞ্জিত কুমার বলেন, তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন এ চক্রের সদস্যরা একেক জন একেক চরিত্রে অভিনয় করে প্রতারণার ফাঁদ পাবেন।

”বশার মোল্লা নিজেকে কাস্টমস পরিচালকের এপিএস হিসাবে পরিচয় দিয়ে কম দামে স্বর্ণের বার ক্রয় করে দেওয়ার জন্য সাধারণ মানুষকে আকৃষ্ট করে।”

গ্রেপ্তার ১০ জনের কেউ ক্রেতা খোঁজা, কেউ নকল বার বানানোসহ একেকজন একেক কাজ করতেন।

চক্রটি তামার তার গলিয়ে স্বর্ণের বারের ‘ডাইস’ এর মধ্যে গলিত তামার তার ঢেলে নকল সোনার বার তৈরি করত। একইভাবে তারা সোনার কয়েন তৈরি করতেন বলে জানতে পারেন দোয়েন্দারা।

তাদের বিরুদ্ধে কলাবাগান, দক্ষিণখান, উত্তরা-পূর্ব, কাশিমপুর ও বাগেরহাট জেলার ফকিরহাট থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওই গোয়েন্দা কর্মকর্তা।