১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু: মৃত্যু ২৫০, রোগী ভর্তি ৫০ হাজার ছাড়াল

অক্টোবরের ২১ দিনে মৃত্যু হয়েছে ৮৯ জনের; যা এ বছর এক মাসে সর্বোচ্চ মৃত্যু।

ডেঙ্গু: মৃত্যু ২৫০, রোগী ভর্তি ৫০ হাজার ছাড়াল
ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মশারির ভেতরে চিকিৎসা চলছে ডেঙ্গু আক্রান্ত ছেলের; মা বাইরে বসে খাইয়ে দিচ্ছেন সন্তানকে। ছবি: মাহমুদ জামান অভি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 08:23 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১০৩৯ জন রোগী ভর্তি হয়েছে, যা নিয়ে এ বছর ভর্তি রোগী ৫০ হাজার ছাড়িয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছে, যা নিয়ে এইডিস মশাবাহিত রোগে এ বছর প্রাণ গেছে মোট ২৫০ জনের। এক বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর এ সংখ্যা তৃতীয় সর্বোচ্চ।

অপরদিকে সবশেষ ভর্তি রোগীদের নিয়ে দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তির ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৯১৯ জনে, যা এক বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যার দিক থেকে চতুর্থ সর্বোচ্চ। 

এর আগে ২০২৩ সালে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন এবং ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।

বছরওয়ারী হিসাবে ২০২৩ সালে ১৭০৫ জন, ২০২২ সালে ২৮১ জন এবং ২০১৯ সালে ১৭৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সোমবার ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪০৩ জন, ঢাকা বিভাগে ২০০ জন, ময়মনসিংহে ৩১ জন, চট্টগ্রামে ১৪৯ জন, খুলনায় ১০১ জন, রাজশাহী বিভাগে ৫১ জন, রংপুর বিভাগে ২৪ জন, বরিশাল বিভাগে ৭৭ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।

সোমবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৬ হাজার ৮৫১ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৮১৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৮১৬ জন; আর ২০০২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। 

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ২৯ হাজার ৩০৪ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৬১৫ জন।

অক্টোবরের প্রথম ২১ দিনে ১৯ হাজার ৯৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ৮৯ জনের। এ বছর এক মাসে এটাই সর্বোচ্চ ভর্তি ও মৃত্যু।

এর আগে জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসে ৬৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে আটজনের।

জুলাই মাসে ২৬৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়। অগাস্টে ৬৫২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।