২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রদূত এ বছরের জুলাই-অগাস্টে ঘটে যাওয়া বিপ্লবের সাক্ষী হওয়ার স্মৃতি ভাগ করে নেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
নেদারল্যান্ডসের বিদায়ী রাষ্ট্রদূত ইরমা ফন ডুরেন সোমবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।ছবি: পিআইডি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 10:12 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন নেদারল্যান্ডসের বিদায়ী রাষ্ট্রদূত ইরমা ফন ডুরেন। 

সোমবার বিকেলে তিনি যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই প্রতিশ্রুতি দেন। 

প্রধান উপদেষ্টার দপ্তরের এক বার্তায় বলা হয়, বাংলাদেশে দায়িত্বের সফল সমাপ্তির জন্য ডাচ রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান ইউনূস।

রাষ্ট্রদূতও বাংলাদেশে কাজ করার সময়ে তার স্মৃতি, বিশেষ করে এ বছরের জুলাই-অগাস্টে ঘটে যাওয়া বিপ্লবের সাক্ষী হওয়ার স্মৃতি ভাগ করে নেন।

প্রধান উপদেষ্টা গত মাসে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে তার ফলপ্রসূ বৈঠকের কথা স্মরণ করেন। 

বৈঠকে তারা দুর্নীতি দূরীকরণ, বন্যা ব্যবস্থাপনা এবং কৃষি খাতে ডাচ প্রযুক্তিগত সহায়তা নিয়ে আলোচনা করেন।

২০২৯ সালের পর ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য সুবিধা, তৈরি পোশাক খাতে কর্মপরিবেশের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, এবং বাংলাদেশে আসন্ন যুব উৎসব নিয়েও তারা মতবিনিময় করেন বলে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে।