রেমাল: বিমানের কক্সবাজার ও কলকাতার ফ্লাইট বাতিল
অন্য গন্তব্যের ফ্লাইট পর্যবেক্ষণে রেখেছে সংস্থাটি।
ঘূর্ণিঝড় রেমালের কারণে কক্সবাজার ও কলকাতার পথে রোববারের ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রোববার রাতে এ তথ্য জানিয়েছেন বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রেমালের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজারগামী রোববারের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।
“সেই সঙ্গে রোববার সন্ধ্যার কলকাতাগামী একটি ফ্লাইট (বিজি-৩৯৫) এবং সোমবার সকালের কলকাতার আরেকটি ফ্লাইট (বিজি৩৯১) বাতিল করা হয়েছে। এছাড়া অন্য গন্তব্যের ফ্লাইটগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপ আরো ঘনীভূত হয়ে শনিবার সন্ধ্যায় তা ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়।
আবহাওয়াবিদ তরীফুল নেওয়াজ কবীর রাত ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া এবং ভারতের কলকাতা দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করবে৷ রোববার সকালে এর প্রভাবে বৃষ্টিপাত শুরু হবে৷ দুপুরের পর এটি আঘাত হানতে পারে।”
ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল থাকায় মোংলা ও পায়রা বন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
