কুয়াশায় নামতে না পেরে কলকাতার ফ্লাইট এল ঢাকায়
আবহাওয়ার উন্নতি হলে ঘণ্টা তিনেক পর ওই ফ্লাইট আবার কলকাতায় ফিরে গেছে।
ঘন কুয়াশায় কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে ঢাকায় জরুরি অবতরণ করেছে কাতার এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ।
আবহাওয়ার উন্নতি হলে ঘণ্টা তিনেক পর ওই ফ্লাইট আবার কলকাতায় ফিরে গেছে জানিয়েছেন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কলকাতায় ঘন কুয়াশার জন্য কাতার এয়ারলাইন্সের উড়োজাহাজটি রাত ৩টা ১৪ মিনিটে ডাইভার্ট হয়ে ঢাকায় অবতরণ করে। কলকাতার আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ৬টা ৩২ মিনিটে ফ্লাইটটি আবার কলকাতায় ফেরত যায়।”
এর আগে শনিবার মুম্বাই থেকে আসা আসামের গুয়াহাটিগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ কুয়াশার কারণে শাহজালালে জরুরি অবতরণ করে।
গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরে কোনো ফ্লাইটকে ফিরে যেতে হয়নি।
সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।
