সাড়ে ৪ কেজি সোনা গ্রেপ্তার মালয়েশীয় রিমান্ড শেষে কারাগারে
এর আগে ইয়াং ডন সেউ নামে ওই মালয়েশীয়কে গত সোমবার ৬ দিনের রিমান্ড দেয় আদালত।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে চার কেজি স্বর্ণসহ গ্রেপ্তার মালয়েশিয়ার নাগরিককে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
ছয় দিনের রিমান্ড শেষে রোববার মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মাহবুব হোসাইন ওই মালয়েশীয়কে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে তথ্য দিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই আবু বকর ছিদ্দিক।
শুনানিতে আসামিপক্ষের জামিন আবেদন ছিল না বলেও তথ্য দেন তিনি।
এর আগে ইয়াং ডন সেউ নামে ওই মালয়েশীয়কে গত সোমবার ৬ দিনের রিমান্ড দেয় আদালত।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯টি সোনার বারসহ গত ৪ অক্টোবর ভোরে ইয়াং ডন সেউকে গ্রেপ্তার করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভাষ্য, উদ্ধার স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৭ কোটি ৯৫ লাখ টাকা।
এনবিআরের জনসংযোগ বিভাগ থেকে বলা হয়, মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট নম্বর-এমএইচ-০১৯৬-এ কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন ইয়াং ডন সেউ। তার কাছে এককেজি ওজনের ৪টি এবং ১০০ গ্রাম ওজনের ৫টিসহ মোট ৯টি স্বর্ণবার ছিল। ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ তাকে আটক করে।
সোনার বার উদ্ধারের ঘটনায় ঢাকা কাস্টমস হাউজের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার অব কাস্টমস প্রিভেন্টিভ মনিরুজ্জামান ৪ অক্টোবরই বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।
