গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টের উপদেষ্টা হলেন ৩ বিশিষ্টজন
“ডা. জাফরুল্লাহ’র মৃত্যুর পর কিছু ‘অনভিপ্রেত ও অপ্রত্যাশিত’ সমস্যার মুখোমুখি হচ্ছে কেন্দ্র- যে কারণে তাদের উপদেষ্টা করা হয়েছে।”
তিন বিশিষ্টজনকে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট্রের উপদেষ্টা মনোনীত করা হয়েছে।
তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক আইজিপি ও সচিব মুহাম্মদ নুরুল হুদা এবং সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান (এনআই খান)।
বুধবার গণস্বাস্থ্য কেন্দ্র সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলতি বছরের ১১ এপ্রিল কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা যাওয়ার পর থেকে গণস্বাস্থ্য কেন্দ্র কিছু অনভিপ্রেত ও অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হচ্ছে।
"সেকারণে তিন পেশার এই তিনজন বিশিষ্ট ব্যক্তিকে গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের উপদেষ্টা মনোনীত করা হয়েছে, যারা বাংলাদেশের এই বৃহৎ স্বাস্থ্য, নারী ও সমাজ কল্যাণ সংস্থার সমৃদ্ধি ও সেবা পরিস্থিতির উন্নতি ও উৎকর্ষ অর্জনের লক্ষ্যে উপদেশ প্রদান করবেন।"
বর্তমানে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডে ছয় সদস্য রয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী ১৯৭২ সালে একটি ট্রাস্ট ডিডের মাধ্যমে ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ গঠন করেন। তিনি মৃত্যুর আগে পর্যন্ত কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন।
