২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মারধরে বাধা দেওয়ায়’ যুবককে পিটিয়ে হত্যা

নিহত মো. খালেদ শেখ (২৬) পেশায় আইনজীবীর সহকারী ছিলেন।

‘মারধরে বাধা দেওয়ায়’ যুবককে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 11:11 AM

Updated : 30 Jul 2023, 02:46 PM

রাজধানীর শান্তিনগরে চোর সন্দেহে এক তরুণকে মারধরে বাধা দেওয়ায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত মো. খালেদ শেখ (২৬) পেশায় আইনজীবীর সহকারী ছিলেন।

শনিবার রাত ১১টার দিকে শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের পাশে 'আবেদ হোল্ডিং' নামে একটি নির্মাণাধীন ভবনে গণপিটুনির ওই ঘটনা ঘটে ‌।

নিহতের বন্ধু সজীব বলেন, খালেদের এক বন্ধুর ছোট ভাইকে চোর  সন্দেহে আটকে ওই নির্মাণাধীন ভবনের নিরাপত্তা কর্মীসহ ১০ থেকে ১৫ জন মারধর করছিল।

সেখানে গিয়ে খালেদ তাদের বাধা দেন। তিনি বলেন, ছেলেটি কোনো অপরাধ করে থাকলে তাকে যেন পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

“তখন তারা খালেদকেও কিল ঘুষি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মেরে গুরুতর জখম করে। পরে খালেদকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

খালেদের বড় ভাই শাকিল শেখ বলেন, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জাফরা কান্দি গ্রামে তাদের বাড়ি। ঢাকায় তারা থাকেন রামপুরা হাই স্কুল রোডের একটি ভাড়া বাসায়। তিন ভাই এক বোনের মধ্যে খালেদ ছিলেন তৃতীয়।

পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য খালেদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

“ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”