১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ‘ফল প্রকাশের ২ মাসের মধ্যে’

শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় থাকতে পারেন, সে লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Oct 2026, 09:45 PM

Updated : 12 Oct 2026, 09:45 PM

উচ্চমাধ্যমিক ও সমমানের ফল প্রকাশের দুই মাসের মধ্যে ফের পরীক্ষায় বসার সুযোগ পেতে যাচ্ছেন উত্তীর্ণ না হওয়া শিক্ষার্থীরা।

চলতি বছর থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

সোমবার সন্ধ্যায় তিনি বলেন, “আজ আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের একটা মিটিং ছিল। সেখানে ফল প্রকাশের দুই মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

“আশা করি, ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে তাদের রেজাল্টও পাবলিশ হয়ে যাবে। কারণ, আমরা দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। আমরা এজন্য প্রস্তুতি নিচ্ছি।”

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল এ মাসের ২৫ থেকে ২৯ নভেম্বরের মধ্যে প্রকাশের সিদ্ধান্ত হওয়ার কথাও জানিয়েছেন আক্তারুজ্জামান।

গত ২ জুলাই দেশজুড়ে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে অংশগ্রহণ করে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।

উচ্চশিক্ষায় প্রবেশ করতে যাওয়া এসব শিক্ষার্থীর মধ্যে যারা অকৃতকার্য হবেন, তাদেরকে তিন মাসের মধ্যে পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়ার বিষয়ে বিবেচনা করা হচ্ছে বলে শনিবার বলেছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তবে চলতি বছর এ ব্যবস্থা চালু করাটা কঠিন হতে পারে বলে মন্তব্য করেন তিনি।