২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দোকান কর্মচারীকে হত্যা: সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ঢাকার খিলগাঁও থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2024, 03:28 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকার বনশ্রী এলাকায় মুদি দোকানের কর্মচারী মিজানুর রহমান হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আজিজুল হক ও সেচ্ছাসেবক লীগের সদস্য মো. ওবায়দুল ইসলাম রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে ঢাকার খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক বার্তায় জানানো হয়, মুদি দোকানের কর্মচারি মিজানুর রহমান গত ১৯ জুলাই জুমার নামাজ শেষে দোকান খোলার জন্য বাসা থেকে বের হন। তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গোলাগুলি চলছিল।

এরমধ্যে বনশ্রী এলাকায় পৌঁছালে কিছু বুঝে ওঠার আগেই মিজান বাম পায়ে গুলিবিদ্ধ হন। পরে তার স্ত্রী, বোন ও ভগ্নিপতির সহায়তায় নিকটস্থ অ্যাডভান্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

রক্তপাত বন্ধ না হওয়ায় তাকে দ্রুত আগারগাঁও পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও অতিরিক্ত রক্তক্ষরণে বিকেল ৫টা ৪০ মিনিটে তিনি মারা যান।

এ ঘটনায় মিজানের বাবা কামাল হোসেন মোল্লা গত ২ সেপ্টেম্বর খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন। 

মামলার তদন্তে নেমে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আজিজুল হক ও ওবায়দুল ইসলামকে গ্রেপ্তার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।