২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফারইস্ট ফাইন্যান্সের এমডিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করছে দুদক

ঋণ জালিয়াতির মাধ্যমে ৮ কোটি ৬১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হচ্ছে এ মামলায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2022, 10:20 PM

Updated : 06 Oct 2022, 10:32 PM

জালিয়াতির মাধ্যমে ঋণের অর্থ আত্মসাতের অভিযোগে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বৃহস্পতিবার কমিশন এ মামলা দায়েরের অনুমোদন দিয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দুদক পরিচালক ও তদারক কর্মকর্তা বেনজীর আহমেদ।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, ফারইস্ট ফাইন্যান্স থেকে ১০ কোটি টাকার ঋণ মঞ্জুরি ও বিতরণ দেখিয়ে পরিচালনা পর্ষদে ভূতাপেক্ষা অনুমোদন করিয়ে ওই টাকা পিএফআই সিকিউরিটিজ নামের একটি প্রতিষ্ঠানের হিসাবে জমা করা হয়। এরপর ওই ১০ কোটি টাকা থেকে ৮ কোটি ৬১ লাখ ৮৩ হাজার ৩৭৬ টাকা স্থানান্তর ও পাচারের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে।

এ অভিযোগে দুদকের মামলায় ফারইস্ট ফাইন্যান্সের সাবেক এমডি শান্তনু সাহা ছাড়াও সাবেক পরিচালক রুবাইয়াৎ খালেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. হাফিজুর রহমান, এসএভিপি ও হেড অব ফাইন্যান্স এইচআর মো. আনোয়ার হোসেন, দুই জ্যেষ্ঠ ব্যবস্থাপক মনোরঞ্জন চক্রবর্তী ও মো. রেজাউল করিম, ক্রেডিট ইন-চার্জ মোহাম্মদ রফিকুল আলম এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি শেখ খালেদ জহির আসামি হচ্ছেন।

পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের বিকল্প পরিচালক এম এ খালেক, ব্যবস্থাপনা পরিচালক কাজী ফরিদ উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত এমডি ও কোম্পানি সেক্রেটারি মো. মুসফিকুর রহমানকেও মামলার আসামি করা হচ্ছে।

দুদকের কর্মকর্তারা জানান, শিগগিরই কমিশনের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. আব্দুল মাজেদ বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করবেন।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং অর্থ পাচার প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ধারায় অভিযোগ আনা হবে।

এর আগে গত ১২ এপ্রিল ব্যাংক থেকে নেওয়া ঋণের সুদ পরিশোধ দেখিয়ে ৬১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফারইস্ট ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শান্তুনু সাহাসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা করে দুদক।

সেপ্টেম্বরের শুরুতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গ্রাহকের ৮০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক গ্রাহক শাহবাগ থানায় মামলা করেন। এ মামলাতেও এম এ খালেক ও তার ছেলে রুবাইয়াৎ খালেদকে আসামি করা হয়েছে। এই বাবা-ছেলেকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে তাদের কারাফটকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।

আরও খবর:

পুরনো খবর:

সুদের অর্থ আত্মসাৎ: ফারইস্ট ফাইন্যান্সের সাবেক এমডির বিরুদ্ধে মামলা
ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ফের রিমান্ডে