এবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
এক সপ্তাহের মধ্যে সরে দাঁড়ালেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আরেক বিশেষ সহকারী। এ নিয়ে গত বছরের নভেম্বরে দায়িত্ব পাওয়া তিন বিশেষ সহকারীই পদত্যাগ করলেন।
সবশেষে পদত্যাগ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় দেখভালের দায়িত্বে যুক্ত থাকা অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
এ নিয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারীর দায়িত্বে থাকা তিনজনই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব থেকে চলে গেলেন।
মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি সায়েদুরের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (আগের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক এই উপাচার্য গত নভেম্বর থেকে দায়িত্ব পালন করছিলেন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ছিলেন তিনি।
এর আগে গত বুধবার ২৫ ডিসেম্বর পদত্যাগ করেন আরেক বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) খোদা বকশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখভালের দায়িত্ব পালন করছিলেন।
আরেক বিশেষ সহকারী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আমিনুল ইসলাম এর আগে পদত্যাগ করেন গত ১০ মার্চ। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত ছিলেন।
ওইদিন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেন, নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব বুঝে পান অধ্যাপক সি আর আবরার।
