১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিশেষ সহকারী আমিনুল ইসলামের পদত্যাগ

প্রধান উপদেষ্টার দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, সরকারই চাইছিল তিনি আর ওই দায়িত্বে না থাকুন।

বিশেষ সহকারী আমিনুল ইসলামের পদত্যাগ
অধ্যাপক এম আমিনুল ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2025, 04:28 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করে আসা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন।

সোমবার তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে নিজেই সাংবাদিকদের জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এটা জানি। কিন্তু কী করণে পদত্যাগ করছেন সেটা জানা নেই।”

তবে প্রধান উপদেষ্টার দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, সরকারই চাইছিল তিনি আর ওই দায়িত্বে না থাকুন। 

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর ৮ অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। 

এরপর সাত মাসে উপদেষ্টা পরিষদে কয়েক দফা পরিবর্তন এসেছে, যোগ হয়েছে নতুন মুখ। ২২ জন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে বর্তমানে সরকার চালাচ্ছেন প্রধান উপদেষ্টা। 

সবশেষ গত ৫ মার্চ উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার), তাকে দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।

এর আগে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষা উপদেষ্টার দায়িত্বও সামলাচ্ছিলেন। 

প্রধান উপদেষ্টা গত নভেম্বরে প্রতিমন্ত্রীর মর্যাদায় যে তিনজনকে বিশেষ সহকারীর দায়িত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে অধ্যাপক আমিনুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহযোগিতার দায়িত্বে ছিলেন।