ফার্মগেটের ফুটপাতে পাওয়া ‘হাতবোমা’ নিষ্ক্রিয় করল পুলিশ
বোমাগুলো উদ্ধার করে পুরনো বাণিজ্যমেলার মাঠে নিয়ে নিষ্ক্রিয় করা হয়।
ঢাকার ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনের ফুটপাতে পড়ে থাকা তিনটি হাতবোমা উদ্ধারের পর 'সফলভাবে নিষ্ক্রিয়' করার কথা জানিয়েছে পুলিশ।
শনিবার জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে বোমার মতো বস্তু পড়ে থাকার খবর পাওয়া যায় বলে জানিয়েছিলেন শেরেবাংলা নগর থানার ওসি মোহাম্মদ গোলাম আজম।
পরে সেগুলো উদ্ধার করে পুরনো বাণিজ্য মেলা মাঠে নিয়ে 'যথাযথ প্রক্রিয়ায়' নিষ্ক্রিয় করা হয় বলে এক বার্তায় জানিয়েছে ডিএমপি।
ডিএমপি জানায়, বোমা পড়ে থাকার খবর পেয়ে প্রথমে শেরেবাংলা নগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আশপাশের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে।
পরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে বোমাগুলো উদ্ধার করে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বার্তায় জানিয়েছে ডিএমপি।
