২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে আগুন: ট্রাক চাপায় ফায়ার ফাইটার আহত

তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2024, 05:29 AM

Updated : 26 Aug 2026, 11:12 AM

সচিবালয়ে গভীর রাতে আগুন লাগার পর তা নির্বাপণের কাজে থাকা এক ফায়ার সার্ভিস কর্মী ট্রাকচাপায় আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর বুধবার রাত ১ টা ৫২ মিনিটে পান তারা। দুই মিনিটের মধ্যে তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। 

প্রথমে আটটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরো দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। 

আগুন নেভানোর কাজে নিয়োজিত একজন ফায়ার ফাইটার রাস্তা পার হতে যাওয়ার সময় ট্রাক চাপায় গুরুতর আহত হন। তাকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়।

পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান।

এদিকে সচিবালয়ে আগুন লাগার পর ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সেখানে।