২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লোভনীয় বিজ্ঞাপন দিয়ে ফেইসবুক ‘হ্যাক করে আসছিল’ প্রত্যয়

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী অনলাইনে নিজের পরিচয় দিতেন 'লুনাটিক প্রত্যয়' নামে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 09:45 PM

Updated : 11 Jun 2023, 09:45 PM

'লাখ টাকার জ্যাকপট' বা 'মিলিয়ন ডলারের লটারি'-এমন লোভনীয় বিজ্ঞাপন দেওয়া হত ফেইসবুকে। আর ওই লিংকে ক্লিক করলেই বেহাত হত ফেইসবুক অ্যাকাউন্ট। এরপর সেই অ্যাকাউন্ট উদ্ধারের কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে টাকা আদায় করতেন হ্যাকার।

রোববার সাভার থেকে আশরাফুল প্রত্যয় নামের ওই ‘হ্যাকারকে’ গ্রেপ্তারের পর এমন তথ্য দিয়েছে মিরপুর থানা পুলিশ।

প্রত্যয় সাভার মডেল কলেজ থেকে পাস করার পর সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন জানিয়ে ওসি মো. মহসিন বলেন, "তার নাম আশরাফুল প্রত্যয় হলেও অনলাইনে 'লুনাটিক প্রত্যয়' নামে পরিচিত। নিজেকে গেমার পরিচয় দিলেও তিনি মূলত একজন হ্যাকার।"

প্রত্যয় ক্লাস সিক্স থেকে অনলাইনে গেম খেলতেন জানিয়ে ওসি বলেন, “প্রত্যয় 'লাখ টাকার জ্যাকপট', মিলিয়ন ডলারের লটারি', 'প্রতিদিন ২০০ ডলার গেইম খেলে টাকা আয়'-এমন সব কথা লিখে ফেইসবুকে বিজ্ঞাপন দিয়ে পরে বিভিন্ন ব্যক্তির মেসেঞ্জারে লিংক পাঠাতেন। এসব লিংকে ক্লিক করলেই সেই ফেইসবুক আইডি তার নিয়ন্ত্রণে চলে যেত।

“এরপর প্রত্যয় সংশ্লিষ্ট ব্যক্তির সাথে যোগাযোগ করে নিজেকে র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে আইডি উদ্ধারের আশ্বাস দিতেন। আইডি উদ্ধারের জন্য থানায় জিডি এবং সার্ভিস চার্জসহ অন্যান্য ফির নামে বিভিন্ন অংকের টাকা আদায় করতেন “

পুলিশ কর্মকর্তা মহসিন জানান, একই কায়দায় মিরপুরের কলেজ শিক্ষার্থী ফাইয়াজ রহমানের মেসেঞ্জারে কিছুদিন আগে এমন একটি লিংক আসে। সেই লিংকে ক্লিক করলে যথারীতি ফাইয়াজের ফেইসবুক আইডি চলে যায় প্রত্যয়ের নিয়ন্ত্রণে।এরপর ফাইয়াজের কাছে ফোন করে সাড়ে ১৩ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে মামলায় জড়ানোসহ বিভিন্ন হুমকিও দেওয়া হয়।

“সন্দেহ হওয়ায় ফাইয়াজ বিষয়টি মিরপুর থানায় জানান। এরপর পুলিশ কৌশলে হ্যাকারের সাথে যোগাযোগ করে সাভারের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।”

গ্রেপ্তার হওয়ার পর প্রত্যয় তার অপরাধ ‘স্বীকার করেছেন’ বলে ওসি মহসিনের ভাষ্য।