২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে, কমছে অপেক্ষার সময়

আগামী শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে নতুন এই সময়সূচি মেনে মেট্রোরেল চলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2025, 04:23 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

যাত্রীদের চাহিদা মেটাতে এক ঘণ্টা বাড়ছে ঢাকার মেট্রোরেল চলাচলের সময়, দুই ট্রেনের মাঝের সময়ও কমিয়ে আনা হচ্ছে দুই মিনিট।     

আগামী শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে নতুন এই সময়সূচি মেনে মেট্রোরেল চলবে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমপিসিএল) জানিয়েছে। 

এখন উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়ে রাত ৯টায়। নতুন সূচিতে প্রথম ট্রেন ছাড়বে ভোর ৬টা ৪০ মিনিটে; আর শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

সব মিলিয়ে সকালে আধা ঘণ্টা এবং রাতে আধা ঘণ্টা বেশি সময় যাত্রীরা মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন। 

পাশাপাশি ব্যস্ত সময়ে ট্রেন চলাচলের ব্যবধানও কমানো হচ্ছে। এখন ব্যস্ত সময়ে (পিক আওয়ার) সর্বনিম্ন ৬ মিনিট পরপর ট্রেন পাওয়া যায়। নতুন সূচিতে ৪ মিনিট ১৫ সেকেন্ড অন্তর ট্রেন চলবে। 

ডিএমপিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাত্রী চাহিদা মেটাতে ট্রেনের সংখ্যা ও সময় বাড়ানোর চিন্তা অনেক দিন ধরেই ছিল। লোকবল প্রস্তুত থাকায় এবার তা বাস্তাবায়ন করা সম্ভব হচ্ছে।”

তিনি বলেন, “আগামী শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে নতুন সময়সূচি চালু হবে।নতুন সূচি কাজ করছে কিনা সেটা দেখার জন্য আমরা এই পরীক্ষামূলক কার্য্ক্রম শুরু করছি। আশা করছি, সবকিছু ঠিকঠিক চললে ডিসেম্বরের মধ্যেই নিয়মিত এই সময়সূচি কার্যকর করা হতে পারে।”

২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানীতে মেট্রোরেল চালু হয়। বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী ওঠা-নামা করছে। কমলাপুর পর্যন্ত লাইন সম্প্রসারণের কাজ শেষ হলে যাত্রী সেবার পরিসর আরও বাড়বে।

বর্তমানে মেট্রোরেল গড়ে প্রতিদিন ৪ লাখ ২০ হাজার যাত্রী বহন করছে। ৬ আগস্ট সর্বোচ্চ ৪ লাখ ৫৬ হাজার ৭৪৬ যাত্রী পরিবহন হয়। কর্তৃপক্ষের ধারণা, নতুন সূচি কার্যকর হলে প্রতিদিন যাত্রীর সংখ্যা ৫ লাখ ছাড়াতে পারে।