বারবার রক্ত দেখতে চাই না: সেনাবাহিনীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
“১৯৮১ সালে দেশে ফিরে বলেছিলাম, ‘আমি সেনাবাহিনীতে বিধবাদের কান্না শুনতে চাই না, আমি সন্তানহারা পিতার কান্না শুনতে চাই না’।”
সেনা নির্বাচন বোর্ডের অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর শৃঙ্খলার ওপর জোর দিয়েছেন। ১৯৭৫ এর পট পরিবর্তনের পর বারবার রক্ত ঝরার স্মৃতি স্মরণ করে বলেছেন, এমনটি কখনও তিনি দেখতে চান না।
পদোন্নতির ক্ষেত্রে কর্মদক্ষতা এবং দায়িত্ব পালনের সক্ষমতাকে প্রাধান্য দিয়ে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান। সেই সঙ্গে মূল্যায়ন করার ক্ষেত্রে ‘যৌক্তিক ও বৈজ্ঞানিক’ উপায় বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
বাসস জানায়, শনিবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সেনা নির্বাচন বোর্ড (প্রথম পর্যায়) ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে এসব বিষয়ে কথা বলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে পৌঁছলে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক এবং সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর বক্তব্যে তার সরকারের আমলে সশস্ত্র বাহিনীর উন্নয়ন, দেশের অগ্রগতি, বিশ্ব পরিস্থিতির পাশাপাশি স্থান পায় সশস্ত্র বাহিনীতে ঘটে যাওয়া মর্মান্তিক নানা ঘটনা।
বঙ্গবন্ধুকে হত্যার পর অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানে সেনাবাহিনীতে হাজার হাজার প্রাণ ঝরে যাওয়ার কথা স্মরণ করে ১৯৮১ সালে দেশে ফেরার পর তার করা উক্তিরও পুরনোল্লেখ করেন শেখ হাসিনা।
তিনি বলেন, “আপনারা অনেকেই ১৯৭৫ সালের পরের ইতিহাস জানেন যখন একের পর এক অভ্যুত্থানে অনেক সেনা কর্মকর্তা ও সৈন্য নিহত হন।
“অনেকে তাদের প্রিয় ও কাছের মানুষদের খুঁজে পাননি। শুধু আমিই আমার বাবা, মা, ভাই ও আত্মীয়দের হারাইনি, অনেক সেনা পরিবারও তাদের প্রিয়জনকে হারিয়েছে, কিন্তু এ বিষয়ে কেউ কথা বলতে পারেননি।”
বঙ্গবন্ধুকে হত্যার ছয় বছর পর দেশে ফিরে তিনিই প্রথম এ বিষয়ে কথা বলতে শুরু করেন বলে জানান জাতির পিতার কন্যা। বলেন, “১৯৮১ সালের ৭ জুন আওয়ামী লীগের এক সমাবেশে আমি ঘোষণা করেছিলাম, ‘আমি সেনাবাহিনীতে বিধবাদের কান্না শুনতে চাই না, আমি সন্তানহারা পিতার কান্না শুনতে চাই না। আমি পিতৃহীন এতিম শিশুদের আর্তনাদ শুনতে চাই না। এই হত্যা বন্ধ হোক’।”
শেখ হাসিনা জানান, ওই সময় অনেক তাকে এসব কথা না বলার পরামর্শ দিয়েছিলেন। সেসব সতর্কবার্তা উপেক্ষা করে তিনি বলেছিলেন, “এ বিষয়ে কাউকে কথা বলতে হবে। শৃঙ্খলা থাকতে হবে।”
“আমি বারবার (সশস্ত্র বাহিনীতে) রক্ত দেখতে চাই না। আমাদের সেনাবাহিনী জনগণের। এটা আপনাদের মাথায় রাখতে হবে,” বলেন তিনি।
সেনাবাহিনীকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসেবে বর্ণনা করে সরকারপ্রধান বলেন, “বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী বলে কারও সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না।”
পদোন্নতিতে ‘সঠিক বিচার’
পদোন্নতির জন্য যোগ্য কর্মকর্তাদের বাছাই করার জন্য নির্বাচন বোর্ড ‘সততা ও সঠিক বিচারের’ সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে উদ্দেশ করে তিনি বলেন, “মাঠের কাজে তাদের অভিজ্ঞতা এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার এবং তাৎক্ষণিকভাবে সরঞ্জামাদি ব্যবহার করার ক্ষমতা বিবেচনা করুন।
“আমরা চাই আপনি নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্বের কর্মকর্তাদের পদোন্নতি দিন।”
পেশাদার যোগ্যতা বিবেচনা করে এই কাজটি করার পরামর্শ দিয়ে তিনি বলেন, “যৌক্তিক এবং বৈজ্ঞানিক উপায়ে তুলনামূলক মূল্যায়ন করা উচিত।
“অফিসারদের কমান্ড দেওয়ার দক্ষতা বা (বিশেষ পরিস্থিতিতে) দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কিনা- সেদিকে আপনাদেরক মনোযোগ দিতে হবে।”
সেনাবাহিনীকে জনগণের আস্থা অর্জন ও আত্মবিশ্বাসী হয়ে ওঠার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “যে কোনো সেনাবাহিনীর জন্য আস্থা ও আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। আস্থা ও আত্মবিশ্বাস না থাকলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা যায় না। আজ আমি বলতে পারি আমাদের সেনাবাহিনীর ওপর জনগণের আস্থা ও ভরসা আছে।”
জনগণের বাহিনী
দেশের জন্য সেনাবাহিনীর ভূমিকার প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। বলেন, “বাংলাদেশের সেনাবাহিনী ‘জনগণের বাহিনী’।… সেনাবাহিনী যে কোনো দুর্যোগ ও সংকটময় সময়ে জনগণের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় ভূমিকা পালন করছে।
“অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সর্বত্র তারা কাজ করছে। সেনাবাহিনী অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে। তাই আমরা নিশ্চিত যে কাজগুলো গুণগত মান নিশ্চিত করে দ্রুততার সঙ্গেই সম্পন্ন হবে।”
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাদের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “শান্তিরক্ষীরা যেখানেই কাজ করছে, সেসব দেশ থেকে তারা ব্যাপক প্রশংসা পাচ্ছে।
“বাংলাদেশের মানুষের মধ্যে একটি মানবিক গুণ রয়েছে। কারণ, তারা তাদের নির্দিষ্ট দায়িত্বের বাইরে গিয়ে মানবিক কাজও করে। তারা সামাজিক কাজে নিয়োজিত হয়, তাই তারা যেখানেই কাজ করে না কেন তারা স্থানীয় মানুষের কাছ থেকে যথেষ্ট সম্মান ও প্রশংসা পায়।”
বর্তমান সরকারের টানা তিন মেয়াদে দেশের ‘এগিয়ে যাওয়ার’ চিত্রও উঠে আসে শেখ হাসিনার বক্তব্যে। তিনি বলেন, তার সরকার দারিদ্র্যের হার ৪১ শতাংশ থেকে ১৮.৬ শতাংশে এবং চরম দারিদ্র্য ২৫.১ শতাংশ থেকে ৫.৭ শতাংশে নামিয়ে এনেছে। দেশের শতভাগ এলাকাকে বিদ্যুতের আওতায় এনেছে।
বৈশ্বিক সংকটের মধ্যে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে ও খাদ্য উৎপাদন বৃদ্ধি করতেও বলেন প্রধানমন্ত্রী।
