১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহবাগে চাকরিপ্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিচার্জ

আন্দোলনকারীদের ভাষ্য, তাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে, সেটি 'বৈষম্যমূলক'।

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 04:14 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নেওয়া চাকরিপ্রত্যাশীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ।

সোমবার দুপুরে জাতীয় জাদুঘরের সামনের সড়কে এ ঘটনা ঘটে। 

পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামানও ব্যবহার করে। আন্দোলনকারীদের টেনে-হিঁচড়ে সড়ক থেকে সরানোর চেষ্টাও করেন তারা। 

আন্দোলনকারীদের ভাষ্য, তাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে, সেটি 'বৈষম্যমূলক'। বর্তমান সরকারই তাদের নিয়োগের সুপারিশ করে আবার তা বাতিল করেছে। 

সাব্বির সাদেক নামের এক আন্দোলনকারী বলেন, "যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরব না।"

গত বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে কোটায় নির্বাচিত হওয়া ৬ হাজার ৫৩১ জনের ফল বাতিল করে হাই কোর্ট। আদালত মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশও দেয়।

এর আগে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর হাই কোর্ট রুলসহ আদেশ দেন। আদেশে নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করা হয়। ফলে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ প্রার্থীর নিয়োগ আটকে যায়। বৃহস্পতিবার সেই রুলের ওপর রায় দেওয়া হয়। 

এ অবস্থায় সোমবার দুপুরের দিকে নিয়োগ নিশ্চিতের দাবিতে শাহাবাগে অবস্থান নেন চাকরিপ্রত্যাশীরা। 

এদের একজন তালুকদার পিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিয়োগ দিয়েও পরে আমাদের ৬ হাজার ৫৩১ জনের ফল বাতিল করেছে আদালত। আমরা নিয়োগ নিশ্চিত করার দাবি জানিয়ে শাহবাগ অবরোধ করেছি।

"দাবি আদায়ে আমাদের অবরোধ চলবে।"