যৌন হয়রানি: হলি ফ্যামিলি মেডিকেল কলেজের শিক্ষকের বিচার শুরু
এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে গত ডিসেম্বর তার বিরুদ্ধে মামলা হয়।
রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজের শিক্ষার্থীকে যৌন হয়রানির মামলায় কলেজের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছে ঢাকার একটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল।
বুধবার ঢাকার ৬ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আল-মামুন আসামিকে অব্যাহতির আবেদন খারিজ করে এ মামলায় অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।
ট্রাইবুনালের পেশকার সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। এসময় আসামিকে অভিযোগ পড়ে শোনানো হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
যৌন হয়রানির অভিযোগে গত ২৮ ডিসেম্বর রমনা থানায় ডা. সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা করেন ওই শিক্ষার্থী। পরদিন তাকে গ্রেপ্তার করে র্যাব।
এরপর গত ১৩ জানুয়ারি জামিন পান তিনি। তদন্ত শেষে ৩১ জানুয়ারি তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার সহকারী পরিদর্শক (নিরস্ত্র) সালমান রহমান।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের শিক্ষক ডা. সালাউদ্দিন ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ‘মেসেঞ্জারে’ ভুক্তভোগী শিক্ষার্থীকে বিভিন্ন ‘কুপ্রস্তাব’ দেন। রাজি না হওয়ায় তাকে এক শিক্ষাবর্ষে আটকে রাখা হবে বলে হুমকি দেন।
এরপর ওই শিক্ষার্থীকে কলেজে বিভিন্নভাবে ডেকে ওনার পাঠানো মেসেজ ফোন থেকে মুছে দিতে এবং তার সঙ্গে আলাদাভাবে দেখা করতে বলেন।
এর আগে ওই শিক্ষার্থীকে কলেজে প্রাইভেট পড়াবেন বলে দুই দফায় ২০ হাজার টাকা নেন আসামি, কিন্তু পড়াননি। পড়ার জন্য বারবার তার বাসায় আসতে বলেন, তবে শিক্ষার্থী রাজি হননি।
