০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সালমান ও আনিসুল ডিবিতে, রিমান্ড চাইবে পুলিশ

গ্রেপ্তার দুইজনকে মঙ্গলবার রাতেই ঢাকার মিন্টো গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

সালমান ও আনিসুল ডিবিতে, রিমান্ড চাইবে পুলিশ
সালমান এফ রহমান এবং আনিসুল হক। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2024, 12:58 PM

Updated : 26 Aug 2026, 10:15 AM

গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ।

গোয়েন্তা পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, গ্রেপ্তার দুজনকে মঙ্গলবার রাতেই ঢাকার মিন্টো রোডে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। বুধবার তাদের আদালতে পাঠানোর কথা রয়েছে। 

তবে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে কত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে তা নিশ্চিত করতে পারেননি গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হককে মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করার কথা বলছে পুলিশ।

ঢাকার পুলিশ কমিশনার মাইনুল হাসান বলেছেন, নৌ-পথে ‘পালানোর সময়’ তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। 

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে হতাহতের ঘটনায় নিউ মার্কেট থানার এক মামলায় ‘ইন্ধনদাতা’ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে একজন পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে জানিয়েছেন।

ছাত্র-জনতার ওই আন্দোলন অগাস্টের শুরুতে সরকারবিরোধী আন্দোলনের রূপ পাওয়ার পর সারা দেশে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। ৫ অগাস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মধ্যে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এরপর সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। কেউ কেউ আগেই দেশে ছেড়েছেন বলেও খবর আসে।

সালমান এফ রহমান ৫ অগাস্ট শেখ হাসিনার সঙ্গে একই বিমানে দেশ ছাড়েন বলে এর আগে ভারতীয় সংবাদমাধ্যমে তথ্য দেওয়া হয়েছিল। কিন্তু এখন ঢাকার পুলিশ তাকে সদরঘাট থেকে গ্রেপ্তারের কথা বলছে।

সালমান রহমান ও আনিসুল হক গ্রেপ্তার