ছাত্রদল নেতা নূর আলমের ময়নাতদন্তে মিলেছে ‘ছররা গুলি’
ভোলায় বিএনপির সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়েছিলেন নূরে আলম।
বিএনপির কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের শরীরে কিছু ‘ছররা গুলি’ পাওয়ার কথা জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয় বলে জানান হাসপাতালের ফরেনসিক বিভাগের অধ্যাপক মোখলেছুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তার শরীরে কিছু ছররা গুলি পাওয়া গেছে। মৃতদেহ থেকে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা পরীক্ষার ফলাফল পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”
ময়নাতদন্তের সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালে উপস্থিত ছিলেন।
বিদ্যুতের লোডশেডিং এবং জ্বালানি খাতে ‘অব্যবস্থাপনার’ প্রতিবাদে সারা দেশে বিএনপির কর্মসূচির অংশ হিসেবে রোববার ভোলা জেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ছিল। সেদিন নেতাকর্মীরা জেলা কার্যালয়ে সমাবেশ করে মিছিলের প্রস্তুতি নিলে পুলিশের সঙ্গে সংঘাত বাঁধে।
সংঘর্ষের মধ্যে গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের আবদুল রহিম। ওই ঘটনায় নূরে আলমের মাথায় গুলি লাগে বলে বিএনপি নেতাদের ভাষ্য।
ভোলা থেকে ঢাকায় নিয়ে এসে কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও খবর
