২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিকেট বিক্রির অর্থ আত্মসাৎ, ঢামেক কর্মচারীর ১০ বছরের জেল

কারাদণ্ডের পাশাপাশি আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ, অর্থাৎ ৩০ লাখ ৫০ হাজার ৬০১ টাকা জরিমানা করা হয়েছে তাকে।

টিকেট বিক্রির অর্থ আত্মসাৎ, ঢামেক কর্মচারীর ১০ বছরের জেল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2023, 02:53 PM

Updated : 30 Aug 2023, 02:53 PM

টিকেট বিক্রি ও রোগী ভর্তির ৩০ লাখ টাকা আত্মসাতের দায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সাবেক রেকর্ড কিপার ও টিকেট কাউন্টার ইনচার্জ আজিজুল হক ভূঁইয়াকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান বুধবার এ রায় দেন।

কারাদণ্ডের পাশাপাশি আজিজুল হক ভূঁইয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা দিতে না পারলে তাকে আরও তিন মাস সাজা খাটতে হবে।

এছাড়া তার আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ, অর্থাৎ ৩০ লাখ ৫০ হাজার ৬০১ টাকা জরিমানা করেছে আদালত, যা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ পাবে বলে রায়ে জানানো হয়েছে।

রায় ঘোষণার সময় আজিজুল হক পলাতক থাকায় বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলে আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু জানিয়েছেন।

৩০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১৮ সালের ৪ অক্টোবর আজিজুল হক ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম।

তদন্ত করে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর কমিশনের উপ-সহকারী পরিচালক নূরুল ইসলাম অভিযোগপত্র জমা দেন।

সেখানে বলা হয়, আজিজুল ২০০৯ থেকে ২০১৩ সালের ২২ জানুয়ারি পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে টিকিট কাউন্টারের দায়িত্বে থাকার সময় টিকেট বিক্রির ১৫ লাখ ৫৯ হাজার ৬৫৫ টাকা এবং রোগী ভর্তির ১৪ লাখ ৯০ হাজার ৯৬৪ টাকা আত্মসাৎ করেন।

২০২১ সালের ৮ ডিসেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামির বিচার শুরুর আদেশ দেয় আদালত। মামলায় ১৮ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ১৭ জন আদালতে সাক্ষ্য দেন।