১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাটপণ্যের প্রচলন বাড়াতে হচ্ছে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ'

কোন কোন পণ্যে পর্যায়ক্রমে পাটের ব্যাগ বাধ্যতামূলক করা যায়, তা ওয়ার্কিং গ্রুপ সরকারকে জানাবে।

পাটপণ্যের প্রচলন বাড়াতে হচ্ছে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ'
সচিবালয়ে রোববার বৈঠক করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2025, 10:26 PM

Updated : 26 Aug 2026, 11:53 AM

পাটজাত পণ্যের প্রচলন বাড়াতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বিজেএমইএসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ে একটি যৌথ ‘ওয়ার্কিং গ্রুপ’ গঠনের সিদ্ধান্ত হয়েছে। 

রোববার সচিবলায়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

বৈঠকটি হয় পরিবেশ উপদেষ্টার কার্যালয়ে। বৈঠকে পরিবেশবান্ধব পাটের ব্যাগের ‘ব্যাপক প্রচলন’ ও ব্যবহারে গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাস্তবতা পর্যালোচনা করে কোন কোন পণ্যে পর্যায়ক্রমে পাটের ব্যাগ বাধ্যতামূলক করা যায়, তা ওয়ার্কিং গ্রুপ সরকারকে জানাবে।

বৈঠকে সৈয়দা রিজওয়ানা বলেন, “পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ পরিবেশ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এ বিষয়ে নীতিগত সহায়তা অব্যাহত রাখবে।

“পাটের ব্যাগ উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে আমরা প্লাস্টিক দূষণ কমিয়ে একটি টেকসই ভবিষ্যৎ গড়তে পারি।” 

শেখ বশিরউদ্দীন বলেন, “পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা গ্রহণ করবে পাট মন্ত্রণালয়।” 

বৈঠকে অন্যদের মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ, পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসী ও বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমএ) সভাপতি আবুল হোসেন উপস্থিত ছিলেন।