২৭ মামলার আসামি ‘পিচ্চি আলামিন’ গ্রেপ্তার
রামপুরায় ইয়াসিন খান পলাশকে গুলি করে হত্যা করার মামলাতেও তিনি আসামি।
ঢাকার রামপুরা এলাকা থেকে ‘পিচ্চি আলামিন’ নামে একজনকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩) ।
বৃহস্পতিবার দুপুরে দুই সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গ্রেপ্তার বাদি দুইজন হলেন, কামাল ও খাইরুল।
আলামিনের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধারের তথ্য দিয়ে এসআরবি বলেছে, ‘পিচ্চি আলামিন’ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী; তার বিরুদ্ধে ২৭টি মামলা আছে।
গত জুনে রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা’ পলাশকে গুলি করে হত্যা করার মামলায় আলামিনও আসামি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পিচ্চি আলামিন’ রামপুরা এলাকার নির্মাণাধীন ভবন, বাজার, দোকানপাট, টেম্পু স্ট্যান্ড, ডিস ব্যবসায়ী ও ইন্টারনেট ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন।
সবশেষ গেল ২৭ সেপ্টেম্বর বনশ্রীতে ‘গ্রীনজোন অনলাইন’ নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলায় তিনি জড়িত ছিলেন।
সেদিন প্রতিষ্ঠানটির কাছে এককালীন ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং ব্যবসা পরিচালনা করতে গেলে প্রতি মাসে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দেওয়া হয়।
