১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডিজিটাল বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’, রেলওয়ের প্রকৌশলী বরখাস্ত

গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রী প্রবেশের প্রধান ফটকের ওপর বসানো এলইডি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখাটি ভেসে উঠে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2024, 05:51 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রবেশমুখের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা প্রদর্শনের ঘটনায় রেলওয়ের এক প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে।  

ওই ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যকে বদলি করা হয়েছে। জিআরপি থানায় একটি মামলাও করেছে বাংলাদেশ রেলওয়ে। হয়েছে দুই সদস্যের তদন্ত কমিটি।

রোববার বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ঢাকা) মোহাম্মদ মহিউদ্দিন আরিফের স্বাক্ষরে এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

সেখানে বলা হয়, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রী প্রবেশের প্রধান ফটকের ওপর বসানো এলইডি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখাটি ভেসে উঠে। 

ওই ঘটনায় ঢাকা স্টেশনে ‘বিব্রতকর পরিস্থিতি’ তৈরি হয়। বিষয়টি জানতে পেরে রেলওয়ের ইলেকট্রিক্যাল বিভাগ ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেয়।

রেলওয়ের আদেশে বলা হয়েছে, ঘটনার পর ঢাকা রেলওয়ে বিভাগ বৈদ্যুতিক বিভাগের দায়িত্বরত ইনচার্জকে সাময়িক বরখাস্ত করেছে। 

ঘটনা তদন্তে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটি আগামী ২ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে।

সেখানে কর্মরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যকে ‘দায়িত্বে অবহেলার’ অভিযোগে ভৈরবে বদলি করা হয়েছে।

রেলওয়ে জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও বিশ্লেষণ করে ঘটনার দিন ভোর আনুমানিক ৫টা ৫৬ মিনিট থেকে ৫টা ৫৮ মিনিটের মধ্যে ডিসপ্লে বোর্ডের লেখা পরিবর্তনের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করা হয়েছে।

এ বিষয়ে রেলওয়ে ইলেকট্রিক্যাল বিভাগ ঢাকা রেলওয়ে পুলিশ থানায় মামলা করেছে।

পাশাপাশি ঢাকায় রেল পুলিশের সুপারকে বিষয়টি অবহিত করে ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।