আদিবাসী শব্দে বিধিনিষেধকে ‘মূর্খতা’ বললেন বাদশা
“আমি পার্লামেন্টে যতবার বক্তব্য রেখেছি আদিবাসী শব্দ কখনও পরিহার করিনি। আমাকে স্পিকার তো বাধা দেয়নি,”- বলেন ফজলে হোসেন বাদশা।
‘আদিবাসী’ শব্দের ব্যবহারে জারি করা ‘বিধিনিষেধকে’ মানুষ, সমাজ ও রাষ্ট্র সম্পর্কে অজ্ঞতা বলে মন্তব্য করেছেন আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা।
টেলিভিশনের আলোচনায় ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার না করার নির্দেশনা দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এ সংক্রান্ত নির্দেশনাকে ‘সাংবিধানিক লঙ্ঘন’ বলেও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর ওয়াইডব্লিউসিএ কনফারেন্স রুমে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে এক আলোচনাসভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বাদশা।
তিনি বলেন, “আমরা যে রাষ্ট্র চেয়েছিলাম, সে রাষ্ট্র পাল্টে গেছে। আদিবাসী দিবস পালনকে কেন্দ্র করে আমাদের তথ্য মন্ত্রণালয় যে পরিপত্র জারি করেছে, সেটা হল সংবিধানে যে শব্দ ব্যবহার করা হয়েছে আমরা যেন সেটা উপেক্ষা না করি। …
“আমরা প্রতিদিন এ সংবিধানকে লঙ্ঘন করার জন্য এ সরকারকে, এ রাষ্ট্রকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারি।”
আন্তর্জাতিক আদিবাসী দিবসের আগে ওই নির্দেশনায় ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশেষজ্ঞ এবং সংবাদপত্রের সম্পাদকসহ সুশীল সমাজের অন্য ব্যক্তিদের’ বাংলাদেশের ক্ষেত্রে ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়।
পরে এর সমালোচনা শুরু হয় এবং ‘বিধিনিষেধ’ বাতিলের দাবিতে মিছিল-সমাবেশ করে কয়েকটি ‘আদিবাসী’ সংগঠন।
আদিবাসী শব্দ ব্যবহারের বিধিনিষেধ সংক্রান্ত নির্দেশনাকে ‘মূর্খতা’ বলেও মনে করেন আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা।
“বাহাত্তরের সংবিধানে যেটা রয়েছে আমরা সবাই জানি- ধর্মের কারণে, জাতির কারণে, নারী পুরুষের কারণে কোনো ধরনের বৈষম্য এখানে আনা যাবে না। আর আজকে শব্দ নিয়ে বৈষম্য তৈরি করা হয়েছে।
“যে এ পরিপত্রটি লিখেছে, যে সরকার এটা জারি করার অনুমতি দিয়েছে আমাদের এ সরকারই তো; আমাকে তাদেরকে মূর্খ বলতে ইচ্ছে করছে। এছাড়া আমার কোনো বিকল্প ভাষা নেই।”
এটা মানুষ এবং সমাজ সম্পর্কে অজ্ঞতার ফল উল্লেখ করে এ সংসদ সদস্য বলেন, “আমি সংসদ সদস্য হিসেবে বলছি এটা আমরা মানতে পারি না। আমার মানার কোনো কারণই থাকে না, আমরা কখনোই মানি না।
“আমি পার্লামেন্টে যতবার বক্তব্য রেখেছি আদিবাসী শব্দ কখনও পরিহার করিনি। আমাকে স্পিকার তো বাধা দেয়নি।”
তিনি প্রশ্ন রেখে বলেন, “তাহলে তুমি তথ্য মন্ত্রণালয় কোত্থেকে এ পরিপত্র জারি করার অধিকার পেয়েছ? সংবিধানের কোথায় তুমি পেয়েছ? এটা তো সাংবিধানিক লঙ্ঘন।”
গত ১৯ জুলাই তথ্য মন্ত্রণালয়ের টিভি-২ শাখার উপসচিব শেখ শামছুর রহমান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, “বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ছোট ছোট সম্প্রদায় বা গোষ্ঠীকে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা বা নৃগোষ্ঠী বলে আখ্যায়িত করা হয়েছে।”
এ অবস্থায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত টক শোতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশেষজ্ঞ এবং সংবাদপত্রের সম্পাদকসহ সুশীল সমাজের অন্য ব্যক্তিদের বাংলাদেশের ক্ষেত্রে ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার না করার বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা সম্পর্কে প্রচারের জন্য অনুরোধ করা হয়।
২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে ২৩(ক) ধারায় সংস্কৃতি সংক্রান্ত একটি অনুচ্ছেদ সংযোজন করে বলা হয়, “রাষ্ট্র বিভিন্ন উপ-জাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করবে।”
বিধিনিষেধ দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা ওই নির্দেশনা নিয়ে প্রশ্ন তুলেছেন অধিকারকর্মীসহ বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক এবং বিভিন্ন নৃগোষ্ঠীর প্রতিনিধিরা।
চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতালসহ সরকার স্বীকৃত ৫০টি ‘নৃগোষ্ঠী’র প্রতিনিধিদের পাশাপাশি এসব নৃগোষ্ঠী নিয়ে কাজ করেন- এমন বাঙালি গবেষকরাও ক্ষোভ প্রকাশ করেন।
বৃহস্পতিবার আদিবাসী দিবস উপলক্ষে আলোচনায়ও উঠে আসে সে প্রসঙ্গ। বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস), ইন্সটিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক এর আয়োজন করে।
আলোচনাসভায় ‘নিজ এলাকায় কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে আদিবাসী নারী ও মেয়েদের ভূমিকা’ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাল্গুনী ত্রিপুরা।
বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর বলেন, "পাহাড়ে নারী স্বাস্থ্যের বিষয় সব সময় আড়াল করা হয়। আমরা ৯১ সাল থেকে আদিবাসীদের নিয়ে কাজ করে আসছি। স্থানীয়দের ক্ষমতায়ন, সক্ষমতা, সচেতনতা বৃদ্ধি করছি।”
নারী নিপীড়ন মুক্ত পরিবেশের অধিকার নিশ্চিত করা গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব বলে উল্লেখ করে তিনি।
সঞ্জয় মজুমদারের সঞ্চালনায় এ আলোচনায় অংশ নেন জন উদ্যোগ জাতীয় কমিটির আহ্বায়ক ড. মুশতাক হোসেন, আইইডি নির্বাহী পরিচালক নুমান আহম্মেদ খান, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং এবং শেফালিকা ত্রিপুরা, চঞ্চনা চাকমা, তারিক মিঠুল।
