২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা-মোদীর বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আশাবাদ

সোমবার বিকালে দেশে ফিরবেন সরকারপ্রধান।

হাসিনা-মোদীর বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আশাবাদ
টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রোববার সন্ধ্যায় শপথ নেন নরেন্দ্র মোদী। পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। ছবি: প্রেস ইনফরমেশন ব্যুরো, ভারত

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2024, 02:05 PM

Updated : 26 Aug 2026, 09:45 AM

বাংলাদেশ ও ভারতের বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেছেন, “দুই নেতা আশা প্রকাশ করেছেন, বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনগুলোতে আরও গভীর হবে।”

টানা তিন মেয়াদে লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট জয়ী হওয়ার পর নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রোববার সন্ধ্যায়। ওই অনুষ্ঠানের পর দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠকে ওই প্রত্যাশা ব্যক্ত করা হয় বলে বাসস জানিয়েছে।

সোমবার সকালে নয়া দিল্লিতে এক ব্রিফিংয়ে হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, অত্যন্ত ‘উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে’ রাষ্ট্রপতি ভবনে দুই সরকার প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নরেন্দ্র মোদীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা।

পরে তারা রাষ্ট্রপতি ভবনে ভোজসভায় যোগ দেন জানিয়ে হাছান মাহমুদ বলেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত ওই ভোজসভায় ভারতের মন্ত্রিসভার সদস্যরা, বাংলাদেশের প্রতিনিধি দল, আমন্ত্রিত সরকার প্রধানরা অংশ নেন। সেখানে তারা সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রোববার সন্ধ্যায় শপথ নেন নরেন্দ্র মোদী। পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। ছবি: প্রেস ইনফরমেশন ব্যুরো, ভারত

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রোববার সন্ধ্যায় শপথ নেন নরেন্দ্র মোদী। পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বহুমুখী সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, “দুই দেশের মধ্যে অনেক বিষয় জড়িত। যেহেতু উভয় সরকার দেশ পরিচালনায় অব্যাহত রয়েছেন, সেহেতু একসঙ্গে কাজ করার কিছু সুবিধা আছে।”

হাছান মাহমুদ বলেন, দুই দেশের জনগণ বিভিন্ন দিক থেকে উপকৃত হচ্ছে।

“আমাদের বহুমাত্রিক সম্পর্ক ভবিষ্যতে আরো সম্প্রসারিত এবং আরো গভীর হবে।”

ভারতে বাংলাদেশের হাই কমিশনার মুস্তাফিজুর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রী (সাবেক পররাষ্ট্রমন্ত্রী) এস জয়শঙ্করের সঙ্গে পৃথক বৈঠক করেছেন।

ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়া দিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকালে তার দেশে ফেরার কথা।