‘ডাকাতির প্রস্তুতিকালে’ র্যাবের হাতে ধরা ৫ জন
গ্রেপ্তার পাঁচজনকে একটি ‘সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য’ বলছে র্যাব।
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মোহাম্মদপুরের লাউতলা এলাকা থেকে বুধবার রাতে তাদের গ্রেপ্তারের খবর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই বাহিনী।
গ্রেপ্তাররা হলেন- মো. নিয়ামুল শরীফ (৩০), মো. রাকিব (১৯), মো. পিয়াল মোল্লা (২০), মো. মুন্না (১৯) ও মো. ইসাহক (২৭)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্প্রতি মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর, তেজগাঁও, ধানমন্ডি এবং ঢাকা উদ্যান এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বিরোধী কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকে র্যাব। এর ধারাবাহিকতায় তাদের গ্রেপ্তার করা হয়।”
ওই পাঁচজনকে একটি ‘সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য’ হিসেবে বর্ণনা করে র্যাব বলছে, “দিনে তারা ছোট দলে বিভক্ত হয়ে কম জনসমাগমপূর্ণ স্থানে পথচারীদের টাকা, মোবাইল-ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগসহ মুল্যবান জিনিস ছিনতাই করে। এরপর রাত গভীর হলেই অস্ত্রের মুখে গাড়ি থামিয়ে সবকিছু লুটে নেয়।”
ঢাকা উদ্যান, বসিলা, ফার্মগেট ও কারওয়ান বাজারকে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ‘হট স্পট’ উল্লেখ করে এই বাহিনী জানিয়েছে, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
