বয়স ১৫ না হলে হজে যাওয়া যাবে না
যদি ১৫ বছরের কম বয়সী কোনো শিশুর হজে যাওয়ার বিষয়ে নিবন্ধন করা হয়ে থাকে, তাহলে তার জায়গায় অন্য কাউকে প্রতিস্থাপন করা যাবে।
চলতি বছর হজযাত্রীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে সৌদি আরব সরকার।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দিক বলেন, বুধবার মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক পত্রে একথা জানিয়ে দেওয়া হয়েছে।
হজযাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করে পত্রে বলা হয়েছে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ (১৪৪৬ হিজরি) সালের হজ মৌসুমে হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে। হজযাত্রীর পাসপোর্টে লেখা জন্ম তারিখ থেকে এ বয়স গণনা করা হবে।
মন্ত্রণালয় বলছে, যদি ১৫ বছরের কম বয়সী কোনো শিশুর হজে যাওয়ার বিষয়ে নিবন্ধন করা হয়ে থাকে, তাহলে তার এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক-নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে।
এ বছরের হজে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।
