২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সাত কলেজের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত

পরীক্ষার নতুন সময়সূচি ‘শিগগিরই’ ঘোষণা করা হবে এবং অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2024, 02:21 PM

Updated : 26 Aug 2026, 10:59 AM

মাহাবুবুর রহমান মোল্লা কলেজের এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে পুরান ঢাকা ও মাতুয়াইলে দুদিন ধরে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংঘাতের প্রেক্ষাপটে সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের মঙ্গলবারের পরীক্ষা ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়েছে। 

এ পরীক্ষার নতুন সময়সূচি ‘শিগগিরই’ ঘোষণা করা হবে এবং অন্যান্য পরীক্ষার সময়সূচির অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

গত সপ্তাহে সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়। এর মধ্যে ঢাকা ন্যাশনাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মাহাবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে গত দুইদিন ধরে পুরান ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে। 

এর মধ্যে সোমবার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে গিয়ে বিপাকে পড়ে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। সংঘর্ষের মধ্যে মাঝপথে ইতিহাস পরীক্ষা স্থগিত করা হয়।  

সোহরাওয়ার্দী ও নজরুল দুই কলেজই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের মধ্যে।