১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘অবমাননা’: দুই আইনজীবীর ক্ষমা প্রার্থনা, আদেশ ২১ জুলাই

রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ ও শাহ আহমেদ বাদল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2024, 04:24 PM

Updated : 10 Sep 2026, 12:10 PM

প্রধান বিচারপতিকে দেওয়া আদালত বর্জনের চিঠিতে ‘অবমাননাকর’ ভাষা ব্যবহারের ঘটনায় দুই আইনজীবীর আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার বিষয়ে আদেশের জন্য আগামী ২১ জুলাই দিন রাখা হয়েছে।  

রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ ও শাহ আহমেদ বাদল।

পরে মহসিন রশিদ সাংবাদিকদের বলেন, “আদালত আমাদের বলেছেন আমরা আমাদের পক্ষে আইনজীবী দেব কি না। আমি বলেছি, আমরা তো ক্ষমা চেয়েছি। তখন আদালত আবার বলেন, আমরা আইনজীবী দাঁড় করাব কি না। তখন আমি বলেছি যে ঠিক আছে আইনজীবী দেব।” 

এরপর আদেশের জন্য আগামী ২১ জুলাই দিন রাখেন বলে এই আইনজীবী জানান।

গত বছরের ২৭ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

ফোরামের এই কর্মসূচির কথা উল্লেখ করে আইনজীবী মোহাম্মদ মহসীন রশিদ ও শাহ আহমেদ বাদল ১ জানুয়ারি একটি চিঠি দেন। চিঠিটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয় গ্রহণ করে এবং পরদিন তা প্রধান বিচারপতির সামনে উপস্থাপন করা হয়।

ওই চিঠিতে মহসীন রশিদ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির আহ্বায়ক ও শাহ আহমেদ বাদল সদস্যসচিব বলে দাবি করা হয়।

এরপর গত ৩ জানুয়ারি আপিল বিভাগ এ দুই আইনজীবীকে এ বিষয়ে তাদের ব্যাখ্যা দিতে বলে এবং ১১ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।

ওইদিন আদেশে বলা হয়, “চিঠিতে কিছু অবমাননাকর স্টেটমেন্ট (বিবৃতি) রয়েছে, যা রাষ্ট্রবিরোধী এবং সামগ্রিকভাবে বিচার বিভাগের ভাবমূর্তি, অবস্থান ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।”

আরও পড়ুন

'অবমাননাকর বক্তব্য', ক্ষমা চাইলেন দুই আইনজীবী

প্রধান বিচারপতিকে চিঠি: দুই আইনজীবীকে আপিল বিভাগে তলব