প্রধান বিচারপতিকে চিঠি: দুই আইনজীবীকে আপিল বিভাগে তলব
১১ জানুয়ারি তাদের আপিল বিভাগে হাজির হয়ে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে আদালতের ‘মর্যাদা ক্ষুণ্ণ করার’ ব্যাখ্যা দিতে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি দুই আইনজীবীকে তলব করেছে আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।
বেঞ্চের অপর চার সদস্য বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
অ্যটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, আইনজীবী মহসিন রশীদ ও শাহ আহমেদ বাদলকে আগামী ১১ জানুয়ারি আপিল বিভাগে হাজির হয়ে ‘আদালত অবমাননার’ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নির্বাচন বর্জনসহ কয়েকটি দাবিতে ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি পালন করছেন বিএনপিসহ সরকারবিরোধী আইনজীবীরা। এই কর্মসূচিকে কেন্দ্র করে ১ জানুয়ারি প্রধান বিচারপতিকে চিঠি দেন অ্যাডভোকেট মহসীন ও অ্যাডভোকেট বাদল।
চিঠি দেওয়ার কারণে আদালতের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে, নাকি চিঠির ভাষা অমর্যাদাকর ছিল – এমন প্রশ্নে অ্যটর্নি জেনারেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিঠি দেওয়ায় নয়, ভাষা ভালো ছিল না।”
নির্বাচন সামনে রেখে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দলের আইনজীবীরা সুপ্রিম কোর্টসহ সারাদেশে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন ১ জানুয়ারি থেকে।
