বঙ্গবাজারে আগুন: আশপাশের সড়কে যান চলাচল বন্ধ
অগ্নিকাণ্ডের কারণে বঙ্গবাজার ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ রাখা হয়েছে। ফলে সেখানে মোবাইল নেটওয়ার্কও বিঘ্নিত হচ্ছে।
ঢাকার বঙ্গবাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মেয়র হানিফ ফ্লাইওভার এবং আশপাশের এলাকার সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বঙ্গবাজার-গুলিস্তান, হানিফ ফ্লাইওভারের চাঁনখারপুল অভিমুখী লেন ও বঙ্গবাজার থেকে শিক্ষাভবন অভিমুখী সড়ক বন্ধ থাকায় আশপাশের অন্যান্য সড়কে যানজট ছড়িয়ে পড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসযাত্রীরা।
মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে দেশের অন্যতম বড় এই কাপড়ের মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট মিলে চার ঘণ্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি সদস্যরাও তাদের সঙ্গে যোগ দিয়েছেন।
বঙ্গবাজারে আগুন লাগার পর তা আশপাশের মার্কেটেও ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী ও দোকানকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করে হানিফ ফ্লাইওভার ও আশপাশের এলাকায়।
এ সময় ফায়ার সার্ভিসসহ অংশ নেওয়া বিভিন্ন বাহিনীর যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তার স্বার্থে ওই এলাকার সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানান ট্রাফিক সার্জেন্ট উজ্জ্বল সাহা।
তিনি বলেন, নিউ মার্কেট ও আজিমপুরের সড়কে যানবাহন ডাইভারশন করে দেওয়া হচ্ছে। হানিফ ফ্লাইওভারের অর্ধেক,পুলিশ হেডকোয়ার্টারের সামনের রাস্তা এবং ফুলবাড়িয়া, নাজিরা বাজার, আনন্দবাজার সড়ক থেকেও যান চলাচল বন্ধ আছে।
অগ্নিকাণ্ডের কারণে বঙ্গবাজার ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ রাখা হয়েছে। ফলে সেখানে মোবাইল নেটওয়ার্কও বিঘ্নিত হচ্ছে।
