১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বঙ্গমাতা বাদ, ‘শহীদ’ আবু সাঈদের নামে বিএসএমএমইউ’র কনভেনশন সেন্টার

বিশ্ববিদ্যালয় ডক্টরস হলের নাম শেখ রাসেল ইন্টারন্যাশনাল ডক্টরস হল করার সিদ্ধান্তও বাতিল করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2025, 03:27 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারের নাম পরিবর্তন করা হয়েছে। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নাম বাদ দিয়ে এখন করা হয়েছে ‘শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার’।

নতুন নামকরণের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অনুমোদন দিয়েছে বলে মঙ্গলবার এক অফিস আদেশে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিএসএমএমইউ।

বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের স্বাক্ষরে ওই আদেশে বলা হয়, ২০২১ সালের ২৪ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় মেডিকেল কনভেনশন সেন্টারের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টার রাখা হয়। সে সিদ্ধান্ত বাতিল করা হল। 

ঢাকার হেয়ার রোডে বিএসএমএমইউর বর্ধিতাংশে এই কনভেনশন সেন্টার। 

একই আদেশে বিশ্ববিদ্যালয়ের ডক্টরস হলের নাম শেখ রাসেল ইন্টারন্যাশনাল ডক্টরস হল করার সিদ্ধান্তও বাতিল করার কথা বলা হয়েছে। 

২০২২ সালের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের নাম পেয়েছিল হলটি।