আবদুল মান্নান সৈয়দ : বহুমাত্রিক এক লেখক
সময় কতো দ্রুত বয়ে যায়। সময়ের প্রহারে। অনেক কিছুর সাথে মুছে যায় অনেক স্মৃতি। স্মৃতি বিস্মৃত হওয়া মানসিক বৈশিষ্ট্য আর আমরা তো নাকি বিস্মরণ-প্রিয় মানুষ।
কিন্তু তারপরও ভাস্বর হয়ে থাকে কিছু স্মৃতি। অম্লান রয়ে যায় কোনো কোনো মানুষের ছবি। এমনি অম্লান স্মৃতি হয়ে মনে ঠাঁই করে আছেন আবদুল মান্নান সৈয়দ যার মৃত্যু এখনো মনে হয় অলীক।
দু'বছর আগে তাঁর মৃত্যু সংবাদ যখন বিনামেঘে বজ্রপাতের মতো শুনি, স্তব্ধ হয়ে বসেছিলাম অনেকক্ষণ, মনে পড়ে। অবিশ্বাস্য ছিলো সেই দু:সহ সংবাদ। পরস্পরে শুনছিলাম ইদানিং মান্নানের শরীরটা ভালো যাচ্ছিলো না। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ডাক্তার-হাসপাতাল করেছেন কিছুদিন। গ্রিন রোডের বাসায় তার শুভানুধ্যায়ীদের কেউ কেউ তাকে দেখতেও গেছেন। উত্তরার বাসায় বসে বহির্বিমুখ আমি মান্নানের অসুস্থতার খবর শুনি আর ভাবি বয়সে আমার ছোটো মান্নান সাময়িক এই শারীরিক বৈকল্য অচিরেই কাটিয়ে উঠবেন। প্রাণবন্ত এই মানুষটি শুধু তার সৃজন কর্মের কারণেই ব্যক্তিগত ব্যবহারের কারণেও অনেকের কাছে এক আকর্ষণীয় মানুষ। কী তুমুল আড্ডায়, কী ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে মান্নান বরণীয় এক নাম। কবে তার সঙ্গে প্রথম পরিচয় আজ আর মনে নেই। ধীরে ধীরে সেই পরিচয়ের সূত্র ধরে সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়েছে ক্রমশ:। যদিও যাকে বলে প্রতিনিয়ত দেখাদেখি তেমনটা ছিলো না সেই সম্পর্ক। মান্নান আমার নামের শেষে ভাই সম্বোধনে ডাকতেন, আমি তাকে শুধুই মান্নান।
দীর্ঘদেহী মানুষটি সুদর্শন ও ব্যক্তিত্বসম্পন্ন ছিলো। বন্ধু-বান্ধবের মাঝে উচ্ছ্বাস-প্রবণ, উচ্চকণ্ঠ। প্রাণখোলা, দিলদরিয়া ধরনের। তবে কখনো তার উচ্ছ্বাস-আচরণ তরলতায় পরিণত হতো না। এক ধরনের আভিজাত্যের বাতাবরণে ঢাকা থাকতেন মানুষটি। অবারিত হলেও কোথায় যেন একটা দেয়াল বানিয়ে রেখেছিলেন নিজের চারধারে।
২
সাহিত্যের কোন বিশেষ শাখার অবদানের জন্য আবদুল মান্নান সৈয়দ পরিচিত? তিনি কি কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, নাট্যকার? সৃজনশীল সাহিত্য কর্মের বাইরেও রয়েছে তার বিপুল সংখ্যক গবেষণাধর্মী লেখা এবং সাহিত্য-কীর্তির সম্পাদনা। পত্রপত্রিকার সম্পাদনায়ও বিপুল উৎসাহ নিয়ে নিজেকে নিয়োজিত রেখেছেন সারাজীবন। এই সব নিরস কর্মেও দারুণ উৎসাহ নিয়ে কাজ করেছেন মান্নান সৈয়দ। জীবনানন্দ দাশ, জসীমউদ্দীনের ওপর বিস্তৃত কাজ মান্নান সৈয়দের গবেষণা-কীর্তির মাইলফলক।
কবি জীবনানন্দ দাশ ছিলেন তার ভালোবাসার বিষয়। শুধু তার সাহিত্য কর্মই নয়, জীবনানন্দ দাশের ব্যক্তিগত জীবনের নানা খুঁটিনাটি মান্নান সৈয়দ অন্বেষণ করেছেন অপার ভালোবাসায়।
জীবনানন্দ দাশের বিস্ময়কর সৃজন-কর্মের বিশালতায় মুগ্ধ মান্নান সৈয়দ তার জীবনের নানা খুঁটিনাটি খুঁজে বের করেছেন। বরিশালে জীবনানন্দ দাশের শেকড়ের খোঁজ করেছেন গভীর নিষ্ঠার সঙ্গে। ধানসিড়ি নদীকে তিনি খুঁজে পেয়েছেন তার রহস্য আর সৌন্দর্যসহ। আর জীবনানন্দ দাশের পূর্ণ অবয়ব বিশ্লেষণ করে তাকে আখ্যায়িত করেছেন 'শুদ্ধতম' কবি বলে। এক শব্দে বিশাল এই কবির পরিচায়ক হিসেবে এর চেয়ে জুৎসই বিশ্লেষণ আর কী হতে পারে।
জীবনানন্দের জীবন ও কর্ম নিয়ে মান্নান সৈয়দের সৃজশীল গবেষণা কবিকে তার যথার্থ যাত্রা আর বৈভবে প্রতিষ্ঠা করতে সহায়ক হয়েছে। জীবনানন্দ দাশ যে আজ বাংলা কবিতার অন্যতম প্রধান পুরুষ হিসেবে স্থায়ী আসনের অধিকারী তার জন্য মান্নান সৈয়দের নিরলস ও শ্রমনিষ্ঠ সন্ধানকে কৃতিত্ব দিতেই হয়।
৩
মান্নান সৈয়দের সাহিত্য কর্মের সূচনা 'জন্মান্ধ কবিতা গুচ্ছের' মাধ্যামে। তার এই প্রস্তুতি-সম্পন্ন আগমন শুধু যে এক উল্লেখযোগ্য বিষয় ছিলো, তাই নয়। এমন আগমন-বার্তায় সেই সময়কার সমাজপতিরাও শঙ্কিত হলেন। প্রথম প্রকাশনা বাজেয়াপ্ত হওয়ার বিরল উদাহরণ স্থাপন করলেন তিনি। 'সত্যের মতো বদমাশ' গল্পগ্রন্থে আদি বাস্তবতার যে নজির তিনি দেখালেন, তা বিস্ময়কর।
এরপর মান্নান সৈয়দকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মুগ্ধ ভক্ত আর পাঠকের প্রশংসায় অভিষিক্ত মান্নানের সাহিত্য-অভিযান হলো শিল্পিজয়ী বীরের অগ্রযাত্রারই অনুরূপ।
আপাদমস্তক সাহিত্যে নিমগ্ন মান্নান সৈয়দ খ্যাতির পেছনে ছুটেছেন। তার জীবনের যে বিস্তার, সাহিত্য সৃজনশীলতার ক্ষেত্রে তার তুলনায় সামাজিক প্রাপ্তি অতিশয় সামান্য। কিছুর প্রত্যাশায় তিনি আমাদের সাহিত্য জগতে আসেননি। একজন জাগতিক চাহিদা-বহির্ভূত কৃষকের মতো তিনি আমাদের সাহিত্যের জমিনকে অনবরত কর্ষণ করে গেছেন। তার সৃষ্ট ফসলের সম্ভারে চমকিত হয়েছি আমরা।
মান্নান সৈয়দের অজস্র সৃষ্টির মধ্যে নাট্যগুচ্ছ নিয়ে তার বিশেষ দুর্বলতা ছিলো। নাটক রচয়িতা হিসেবে তিনি কার পায়ের নিচের জমিন কতোটা শক্ত ও সংহত তা দেখতে চেয়েছেন। কী ছিলো তার মনে, বইটি আমাকে উৎসর্গ করে যে ঔদার্যের পরিচয় দেন, তার উপযুক্ত আমি অবশ্যই ছিলাম না। যে দাতা গ্রহীতার যোগ্যতার অতিরিক্ত দান করেন, তিনি তো মহৎ অবশ্য। তার যোগ্য প্রত্যুত্তর দেয়ার ক্ষমতা ছিলো না আমার। নিজের অতিশয় অকিঞ্চিৎকর একটি বই তাকে উৎসর্গ করে আমি যে খুবই আপ্লুত হয়েছিলাম তা মান্নানকে বহুবার বলেছি। কিন্তু মান্নান তার ঔদার্যে আমাকে আবারো মুগ্ধ করেন।
৪
মান্নান সৈয়দ তার মৃত্যুর কিছুদিন আগে দীর্ঘ একটি সাক্ষাৎকার দিয়েছিলেন বহুল প্রচারিত এক দৈনিকের সাপ্তাহিক সাহিত্য বিভাগে।
মান্নান তার হৃদয়কে অবারিতভাবে মেলে ধরেন সেই সাক্ষাৎকারে। এক ধরনের ক্ষোভ আর বেদনায় সেই সাক্ষাৎকারে ছিলো মান্নান সৈয়দের অভিমান মিশ্রিত অভিযোগ।
মান্নান সৈয়দের অনেক ভালোবাসার বিষয় ছিলো কবি কাজী নজরুল ইসলাম। বাংলা একাডেমীর মহাপরিচালক থাকাকালীন আবু হেনা মোস্তফা কামাল এক অনবদ্য সংকলন 'তোরা সব জয়ধ্বনি কর' মান্নান সৈয়দের সম্পাদনায় প্রকাশ করেন, যা বাংলা একাডেমীর উজ্জ্বল প্রকাশনা সমূহের অন্যতম। কী দরদ দিয়ে মান্নান সৈয়দ সম্পাদনা করেছিলেন নজরুলের বহুবিধ লেখার সংকলন। মান্নান সৈয়দ সম্পাদিত সেই বিশেষ সংকলনটি সাম্প্রতিক কালে নজরুলের রচনার এক হ্রস্ব, কিন্তু তাৎপর্যপূর্ণ সংকলন।
এতো সব সফল সৃষ্টি পেছনে ফেলে মান্নান সৈয়দ আজ স্মৃতি।
কথাটা ভাবতেই কষ্ট লাগে, বিশ্বাস করা তো আরো দূরের বিষয়।
