২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শামসুর রাহমান: কালের স্বর্ণে লেখা দ্যুতিময় নাম

ধ্রুব সাদিক ধ্রুব সাদিক

Published : 17 Aug 2021, 04:44 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


কালের ধুলোয় লেখা-র পূর্বলেখে উল্লেখ করেছেন, কস্মিনকালেও তিনি সন্ন্যাসী কিংবা দরবেশ হওয়ার কথা ভাবেননি। মূলত তাঁর বিশ্বাস ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের 'বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়' পঙক্তিতে। শ্রেষ্ঠ কবিতা'র ভূমিকায় আবার উল্লেখ করেছেন, শুধু দরবেশরাই পারেন পুরোপুরি নির্মোহ হতে। তাঁর যাপন করে যাওয়া জীবনটি কতটা ঘটনাবহুল, বৈচিত্র্যময়, বর্ণাঢ্য ছিল এবং তা অনুভব করার কৌতূহল তাঁর মধ্যে কতটা ছিলো, ব্যাপারটা উহ্য থাক। তিনি মনে করতেন, প্রত্যেক মানুষের জীবনই একটি ওডেসি, কারো ওডেসি ঘটনাবহুল, বৈচিত্র্যময়, বর্ণাঢ্য, কারো সেই পরিমাণ নয়।

২০০৬ সালের ১৭ই আগস্টে সবে সন্ধ্যা নেমেছিল রাষ্ট্র বাংলাদেশে। সেই সন্ধ্যার কালো বাংলার আকাশে-বাতাসে যেন গাঢ়-নিস্তব্ধতায় ছেয়ে গিয়েছিল। কেননা, বাংলাসাহিত্যের কাব্যকাঠামোর নববিন্যাস মানেই যার কবিতাকে জ্ঞান করা হয়; বাংলাসাহিত্যের প্রধান কবি হিসেবে জীবদ্দশায়ই যিনি সর্বজন-স্বীকৃত ছিলেন– বর্ণিল এবং ঘটনাবহুল এক জীবন যাপন করার পর, শেষবারের মত পৃথিবীতে নিঃশ্বাস গ্রহণ করে, এক মহাপ্রয়াণের মধ্য দিয়ে কবিতা-শেরপা শামসুর রাহমান অলোকলোকে চলে যান। আমরা আর কোনোদিন দেখতে পাবো না একজন ব্যক্তিত্বসম্পন্ন কবিকে মিছিলের সম্মুখে পায়ে-পা মিলিয়ে দৃপ্ত পায়ে এগিয়ে যেতে; হাজির হবেন না তিনি আর কোনো প্রতিবাদ সভায়।

কালের পথ পরিক্রমায় জীবন ঘষে যারা আগুন জ্বেলেছেন, সেইসব আলোর পথযাত্রীদের একজন শামসুর রাহমান। নলিনীকিশোর গুহ সম্পাদিত সোনার বাংলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল তাঁর প্রথম কবিতা ঊনিশশ ঊনপঞ্চাশ। বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় রূপালি স্নান কবিতাটি প্রকাশিত হওয়ার পর তাঁর কবিখ্যাতি ছড়িয়ে পড়লে বিভিন্ন পত্রপত্রিকায় শামসুর রাহমানের কবিতা প্রকাশিত হতে থাকে। তবে, শামসুর রাহমান তাঁর প্রথম কবিতাগ্রন্থ, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, প্রকাশ করতে সময় নিয়েছেন প্রায় এক যুগ। ১৯৬০ সালে প্রকাশিত কবিতাগ্রন্থটিতে জীবনানন্দ দাশের ঈষৎ ছায়া পরিলক্ষিত হলেও কবিতার বইটিতে তাঁর মৌলিক কবিপ্রতিভার ছাপ স্পষ্ট ছিলো। শামসুর রাহমানের দ্বিতীয় কবিতাগ্রন্থ রৌদ্র করোটিতে প্রকাশিত হওয়ার পরই মূলত সাহিত্যাঙ্গনে রীতিমতো হৈচৈ পড়ে যায়।

প্রগতির সূর্যসন্তান শামসুর রাহমানের জীবন তিনটি ঐতিহাসিক রাজনৈতিক কালের সাক্ষী: ৪৭-এর দেশভাগ, পাকিস্তানি শাসন এবং বাংলাদেশের স্বাধীনতা। শামসুর রাহমান এবং তাঁর সময়কে গভীরভাবে পর্যবেক্ষণ করলে অস্পষ্টতা রয় না যে, শামসুর রাহমানকে তাঁর সময়টিকে কবিতায় প্রতিফলিত করতেই হতো। তিনি শুধু স্বৈরশাসক আইয়ুব খানকে বিদ্রুপ করে হাতির শুঁড় কবিতাটি লিখেছেন তাই নয়, কারাগারে অন্তরীণ শেখ মুজিবকে উদ্দেশ্য করে লিখেছেন টেলেমেকাস কবিতাটি। ১৯৬৭ সালের ২২ জুন পাকিস্তানের তৎকালীন তথ্যমন্ত্রী রেডিও পাকিস্তানে রবীন্দ্রসঙ্গীত সম্প্রচার নিষিদ্ধ করলে সরকার নিয়ন্ত্রিত পত্রিকা দৈনিক পাকিস্তান-এ কর্মরত থাকার পরও, পেশাগত অনিশ্চয়তার তোয়াক্কা না করে রবীন্দ্রসঙ্গীতের পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করেন শামসুর রাহমান। ১৯৬৮ সালে স্বৈরশাসক আইয়ুব খান পাকিস্তানের সকল ভাষার জন্য অভিন্ন রোমান হরফ চালু করার প্রস্তাব করলে শামসুর রাহমান মাতৃভাষার উপর শোষকের খড়গের বিরুদ্ধে বিবৃতি দিয়েই ক্ষান্ত হননি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে লিখেন বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা-র মত হৃদয়স্পর্শী কবিতা। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে আসাদের শার্ট-এর মতো স্বজাতির করোটিতে গুলিবিদ্ধ চির-অমর কবিতাও তিনি লিখেছেন।

সাহিত্যে কবিতার চিরন্তনতার ব্যাপারটি চলে আসে। ফলত: কবিরা কবিতাকে অপশাসকদের অপশাসনের সমুচিত জবাব দেওয়ার চিরন্তন একটি অনুষঙ্গ হিসেবে জ্ঞান করে থাকেন। শামসুর রাহমান মাটি, মানুষ, সুন্দর ও স্বদেশকে আপন জ্ঞান করে করেছেন কিন্তু আপন জ্ঞান করে নিজেকে জড়ভরত করে রাখেননি। কবির যে সামাজিক এবং রাষ্ট্রীয় দায়বদ্ধতা, তিনি সেই দায়বদ্ধতার জায়গা থেকে দায়িত্ব পালন করেছেন। কবির দায়বদ্ধতা থেকে অপশাসকদের অপশাসনের সমুচিত জবাব দেওয়ার এক মোক্ষম অস্ত্র হিসেবে শামসুর রাহমানের মেষতন্ত্র কবিতাটি আমাদের চোখে ধরা দেয়। 'মেষতন্ত্র' কবিতায় আমরা দেখতে পাই: শাসক ও জনতাকে কেন্দ্র করে মেষ ও মালিক বিষয় দুটি এসেছে। জনতা কথা বলতে পারে না; তাদের মুখ বোবা; তারা শুধু শাসকের হুকুম পালন করে। যারা উজ্জ্বল করে রাষ্ট্রের মুখ, কিন্তু কী নির্মম পরিস্থিতি! দিন-রাত-মাস-বছর চলে যায় জনতা টুঁ-শব্দটিও করতে পারে না। শাসকের শোষণে জনতা যেন অতিষ্ট ও নিরুপায় হয়ে দিনাতিপাত করে। কবি লিখলেন:

দিনদুপুরে ডাকাত পড়ে
পাড়ায় রাহাজানি,
দশের দশায় ধেড়ে কুমির
ফেলছে চোখের পানি।

[মেষতন্ত্র]

শামসুর রাহমানের কবিতায় মিথের ব্যবহার এবং জাতীয়তাবাদী চেতনা কবির অদম্য সাহসকে প্রতিনিধিত্ব করে। শামসুর রাহমানের বন্দী শিবির থেকে কবিতাগ্রন্থটিতে পুরাণ ব্যবহারের ধরনে স্পষ্টত দেখা যায়, বাংলাদেশের জাতীয়তাবাদ সাম্প্রদায়িকতার চিহ্নসূত্র লুপ্ত করতে পেরেছিল। কবি বলেছেন, 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা,/ তোমাকে পাওয়ার জন্যে/ আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?/ আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন?' খাণ্ডবদাহন মিথটির ব্যবহার মুক্তিযুদ্ধ চলাকালীন জাতীয়তাবাদী চেতনার অন্তর্গত সৌরভ-সুগন্ধির স্মারক হয়ে উঠেছিল শুধু তাই নয়, এছাড়া, প্রবেশাধিকার নেই কবিতায় দুর্বাসা, মুনি আর প্রাত্যহিক কবিতায় ধর্মপুত্র যুধিষ্ঠির-এর মিথ ব্যবহারের মধ্যেও আমরা শামসুর রাহমানের বাঙালি জাতীয়তাবাদী চেতনার স্বরূপটি অনুধাবন করতে পারি।

বাংলা কবিতা ও সংস্কৃতিকে হিন্দুয়ানি জ্ঞান করে পাকিস্তানি শাসকগোষ্ঠী বাংলাদেশের সংস্কৃতিকে উপড়ে ফেলতে চেয়েছিল। এর প্রতিবাদস্বরূপ, আমরা অনুধাবন করি, আমাদের কবির কলম থেকে স্ফুলিঙ্গের হলকার যেন উদগীরণ হয়েছিল। বাংলাদেশের অধিকাংশ মানুষকে একই আবেগ আর স্বপ্নের ছায়ার নিচে নিয়ে এসেছিলো বাঙালি জাতীয়তাবাদি চেতনা। তবে, স্বাধীনতার জন্য ব্যাকুল পিপাসিত সর্বস্তরের মানুষকে এককাতারে এবং একস্বপ্নে শামিল করানোর কাজটি করেছিল মূলত জাতীয়তাবাদী চেতনার মধ্যকার শ্রেণিচেতনা। যার কারণে, স্বাধীনতা যুদ্ধে দ্বিধাহীনচিত্তে অস্ত্র ছাড়াই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ঘর ছাড়তে বাধ্য করেছিলো সর্বস্তরের মানুষকে। আমরা দেখতে পাই কবি তাঁর বন্দী শিবির থেকে কবিতার বইটিতে স্পষ্ট করে উল্লেখ করেছেন স্বাধীনতার জন্য কারা অপেক্ষা করছে এবং আত্মত্যাগের জন্য কারা ঘর ছেড়েছে। কবি তাঁর কবিতায় উল্লেখ করেছেন হাড্ডিসার অনাথ কিশোরী, সগীর আলী, শাহবাজপুরের জোয়ান কৃষক, কেষ্টদাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, রুস্তম শেখ, ঢাকার রিক্শাওয়ালা, রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো তেজী তরুণটির নাম। আমরা শামসুর রাহমানের জাতীয়তাবাদী একই প্রবণতা লক্ষ করি, তিনি যখন স্বাধীনতার সঙ্গে যুক্ত করেন গ্রাম্য মেয়ে থেকে শুরু করে মেধাবী শিক্ষার্থী কিংবা মজুর যুবাদের।

এদিকে, যে দেশের আপামর জনগণ যুদ্ধ করেছে নিজস্ব ভাষা, সমাজ, সংস্কৃতি, জাতিসত্তা, অথর্নীতি ও অধিকারের আশায়, সে রাষ্ট্রে গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক নীল ব্লেজারে চারিদিক আচ্ছাদিত থাকে নিশিদিন। স্বৈরশাসক স্বৈরাচারী আচরণ বহাল রেখে গণতন্ত্রের নামে হরণ করে মানুষের অধিকার। শামসুর রাহমান লিখলেন:

ভোরবেলা ঘন
কুয়াশার তাঁবুতে আচ্ছন্ন চোখ কিছুটা আটকে গেলে তার
মনে হয় যেন সে উঠেছে জেগে সুদূর বিদেশে
যেখানে এখন কেউ কারো চেনা নয়, কেউ কারো
ভাষা ব্যবহার আদৌ বোঝে না; দেখে সে
উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ বিরানায়; মুক্তিযুদ্ধ,
হায়, বৃথা যায়, বৃথা যায়, বৃথা যায়।

[উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ]

শামসুর রাহমান নগরে জন্মলাভ এবং জীবন যাপন করা কবি। ফলত: তাঁর কবিতায় নাগরিক জীবনের পরাঙ্মুখ ছায়ার উন্মোচন স্বাভাবিকভাবেই ঘটেছে। আধুনিক কবিতার প্রধানসব বৈশিষ্ট্য: নাগরিক জীবনের হতাশা, বিচ্ছিন্নতা, নৈরাশ্য, সংগ্রাম মনস্কতা, মানসিক ক্লান্তি, শহুরে জল ও গরলের পাশাপাশি সমকালীন রাজনীতি তাঁর কবিতার ছত্রেছত্রে বহুমাত্রিকতায় উঠে এসেছে। এছাড়া, নাগরিকতার অনুষঙ্গ হিসেবে তাঁর কবিতায় শহুরে প্রেম, প্রকৃতি, পরিবেশ-পরিস্থিতি, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ-স্বাধীনতা প্রভৃতি বিষয় উজ্জ্বলভাবে ফুটে উঠেছে। কবি ইকারুশের আকাশ কবিতার বইটিতে নিজেকে নাগরিক কবি হিসেবে ব্যক্তও করেছেন। ফলত: শামসুর রাহমানকে নাগরিক কবি হিসেবে আখ্যায়িত করাটা সমীচীন। কিন্তু, শুধুই নাগরিক কবি হিসেবে তাঁকে গণ্ডিবদ্ধ করাটা অসমীচীন শুধু নয় একদম অনুচিত। প্রবল শক্তিমত্তার কবি শামসুর রাহমান দীর্ঘ এক আপাদমস্তক কবিজীবন যাপন করেছেন, যার কারণে তাকে নানাভাবে তাঁর অভিব্যক্তি বিধৃত করতে হয়েছে। শামসুর রাহমানের মাতাল ঋত্বিক-এর সনেটগুচ্ছের আমিও বনের ধারে, আমার প্রতিদ্বন্দ্বী, আমার তৃষ্ণার জল সনেটগুলি ছাড়াও রূপালি স্নান, কবিকে দিও না দুঃখ, দুঃখ পেতে থাকি, রেনেসাঁস, চাঁদ সদাগর, ইন্দ্রাণীর খাতা, এসো কোকিল, এসো স্বর্ণচাঁপা, কবিতা তোমার সঙ্গে প্রভৃতি কবিতায় স্পষ্টত অনুধাবন করা যায় শামসুর রাহমানের কবিত্বকলার প্রমত্ততা।

আমিও বনের ধারে মধ্যে-মধ্যে একা চলে আসি
শহর পেছনে ফেলে। কোলাহলহীন বেলা কাটে
ঘাসে বসে ঝিলের ঝিলিক আর বীতশস্য মাঠে
পাখি দেখে, শিস বাজে ঘন ঘন; ক্লান্ত শীর্ণ চাষী,
সূর্যসেঁকা, বৃক্ষতলে স্বপ্ন শোঁকে, আশ্রয়-প্রত্যাশী
পান্থজল লম্বা পায়ে বসতির দিকে পথ হাঁটে
এবং সূর্যের চোখ বুজে আসে মেঘাচ্ছন্ন খাঁটে।

[আমিও বনের ধারে]

তুমি না বাড়ালে হাত পণ্ড হবে যজ্ঞ সুন্দরের,
ঋত্বিক যাবেন ভুলে মন্ত্র, হোমাগ্নি না জ্বেলে দ্রুত
পুড়িয়ে দেবেন সুশ্রী মণ্ডপ বেবাক;
সুসৌম্য আলেম কোরানের পাতা না উল্টিয়ে ভ্রমে
ঐন্দ্রজালিকের কালো নিষিদ্ধ কেতাবে
দৃষ্টি বুলোবেন।

[আবার যাবে কি চলে?]

কবিতা, তোমার সঙ্গে সারাটি জীবন উন্মতাল
কাটিয়ে দেয়ার স্বপ্ন দেখি
আজো; এই গোধূলিতে পা ডুবিয়ে ভাবি-
আমার বিরান ঘাটে কেন
বড় বেশি দেরি করে ভেড়ালে তোমার
অনুপম কারুকাজময় তরী? কেন আরো আগে
দেখিনি তোমার রূপ, কোন্‌ অপরাধে? লহমায়,
হে কবিতা, আমার দীনতা তুমি দিয়েছে ঘুচিয়ে।

[কবিতা তোমার সঙ্গে]

কাউকে নীড়ে তার এসেছে ফেলে বুঝি?
হয়তো নেই নীড়, আকাশই আস্তানা।
তাই তো চোখ তার এমন গাঢ় নীল,
মেললে পাখা জাগে নীলের উৎসব।

[আমার মৃত্যুর পরেও যদি]

কত কিছু খসে যায়, সরে যায়, ঝরে যায় ক্রমে
আমার জীবন থেকে। শৈশবের কাগজের নৌকো,
বাবুই পাখির বাসা, তালপাতার ভেঁপু, বৈশাখের
উন্মত্ত হাওয়ায় আমগাছের তলায় ছুটোছুটি
বালক-বালিকাসহ, খুব ভোরবেলা পাতে-দেয়া
নানির হাতের পিঠা ঝরে গেছে সুদূর আড়াল।

[অর্ফির বাঁশির মতো]

কতকাল আমি সূর্যোদয়
দেখিনি, শুনিনি কোনো দোয়েলের শিস। কালেভদ্রে
যেন কোনো বাজিকর টানেলের দেয়ালে ফোটায়
আলোর গোলাপ, ঝিল্লীস্বর শুনে টের পাই রাত।
যদিও প্রায়শ শ্বাসকষ্ট হয়, তবু নিশ্বাস নেবার মতো
অবশ্য থেকেই যায় কিছু অক্সিজেন।

[টানেলে একাকী]

একজন কবি তাঁর ভাষার ও জাতির বড় কবি বলে পরিগণিত হয়ে থাকেন তখনই যখন একটি জাতি ও ভাষার সমূহ বৈশিষ্ট্য তাঁর কবিতায় প্রতিফলিত হয়। শামসুর রাহমানের স্বাতন্ত্র্যমণ্ডিত যে বৈশিষ্ট্যটি খালি চোখে ধরা পড়ে সেটা হলো, তাঁর কবিতার একটি বড় অংশের রূপ-রূপান্তরের ইতিহাস রাষ্ট্র বাংলাদেশের রূপ-রূপান্তরের ইতিহাসের সঙ্গে হাত ধরাধরি করে চলেছে। শামসুর রাহমানের কবিতায় আমরা লক্ষ্য করি: অতীত, বর্তমান, বোধ, মেধা, মিথ, রাজনীতি, সমাজ, তথ্য এবং সম্পর্ক একত্রে এসে মিলিত হয়েছে। শামসুর রাহমানকে নিয়ে একটি প্রবন্ধে হুমায়ুন আজাদ তাঁর নির্মোহ পর্যবেক্ষণ তুলে ধরেছেন:

"আধুনিক কবি শামসুর রাহমান আত্মপ্রকাশে তিরিশের উত্তরসূরি আধুনিক কবি ও কবিতাকে অক্ষুন্ন রেখেছেন। শামসুর রাহমানতো পঞ্চাশের কাব্যপ্রতিভা তাই তাঁর স্বাতন্ত্র্য অবশ্যম্ভাবী। তিরিশের কবিতার কাব্যপ্রতিভার মধ্যে শামসুর রাহমান তার সঙ্গে গেঁথেছেন বাস্তবতা ও অব্যবহিত প্রতিবেশ ও সময়। শামসুর রাহমান সমকালে বিস্তৃত ও বাস্তবতাকে ধারণ করেছেন। তার কবিতায় উঠে এসেছে জাতীয় চেতনার প্রতিটি দ্রোহ, উন্মাতাল, আবহ, উত্তাপ, গণমুক্তির মূখর শব্দামালা। শামসুর রাহমানের কৃতিত্ব এখানেই যে তিনি বাস্তব প্রতিবেশকে ব্যাপক বিস্তৃত বাস্তবতাকে তাঁর কবিতায় ধারণ করেছেন নিজ স্বভাবে। তাইতো তিনি বাংলাদেশের একমাত্র প্রধান কবি রূপে স্বীকৃতি অর্জন করেছেন। পঞ্চাশের দশক থেকে নতুন শতাব্দীর শুন্য দশক পর্যন্ত প্রজন্ম থেকে প্রজন্মে শামসুর রাহমানের কবিতা যে চেতনা ও আকর্ষণের জোরেও দীপ্যমান তা হলো তার কাব্যশৈলী, উপমা, প্রতীক, শিল্পরূপ ভাষার সারল্য, আধুনিক কবিতার শব্দ ও চিত্রকল্প কাব্য ভাষার গৌরবময় এতিহ্যে ও গভীর ব্যাপক দৃষ্টিভঙ্গি তার কবিতাকে যুগে যুগে মানুষের সুখ ও দুঃখের সাথী করেছে।"

প্রয়াণের ১৫ বছর পরে ফিরে তাকালে এটা স্পষ্ট হয়ে উঠে, যে ৭৭ বছরের এক জীবনে কি লিখেননি শামসুর রাহমান! কবিতা ছাড়াও শিশুসাহিত্য, অনুবাদ, গল্প, উপন্যাস, আত্মজীবনী, প্রবন্ধসহ সাংবাদিক ও সাহিত্য-গদ্য নিয়ে প্রকাশিত হয়েছে তাঁর সবমিলিয়ে শতাধিক গ্রন্থ। জনপ্রিয় কিছু গানের গীতিকারও তিনি। তাঁর কবিতা অনূদিত হয়েছে পৃথিবীর বিভিন্ন ভাষায়। অসংখ্য পুরস্কার, পদক ও সম্মাননাও লাভ করেছেন শামসুর রাহমান। অনেক প্রতিষ্ঠানই তাঁকে সম্মানিত করতে পেরে নিজেরাই সম্মানিত বোধ করেছে। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ভূষিত করে কবিকে সম্মান সূচক ডি.লিট উপাধিতে।
বাংলাদেশ এবং বাংলাসাহিত্যের বড় কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি।

সহায়ক গ্রন্থ ও পত্রিকা
১। শামসুর রাহমান নিঃসঙ্গ শেরপা, হুমায়ুন আজাদ, বাংলা একাডেমি, ১৯৮৩।
২। আধুনিক কবি ও কবিতা, হাসান হাফিজুর রহমান, বাংলা একাডেমি, ১৯৭৩।
৩। মুক্তিযুদ্ধের কবিতা, রফিকুল ইসলাম, সাহিত্য পত্রিকা, ঢাকা বিশ্ববিদ্যালয়।