২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ুন আজাদ: ভাষা ও সাহিত্যের এক প্রোজ্জ্বল চিতা

ধ্রুব সাদিক ধ্রুব সাদিক

Published : 12 Aug 2021, 04:41 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


আমাদের মা ছিলো ছোট্টপুকুর– আমরা তাতে দিনরাত সাঁতার কাটতাম।
[আমাদের মা]
একজন মানুষের সকল সৃষ্টিকর্ম যদি ধ্বংস করা হয় অথবা কোনো কারণে ধ্বংস হয়ে যায়, তারপরও কিছু-না-কিছু অবশিষ্ট থাকে। সাহিত্যের ইতিহাস ঘাঁটলে এটা আমাদের অজানা থাকার কথা নয়, পুড়ে যাওয়ার পর বেঁচে যাওয়া অবশিষ্ট অংশটুকুর আবেদন পাঠকের কাছে ভীষণ তীব্র এবং তাৎপর্যপূর্ণ হিসেবে প্রতীয়মান হয়। তার প্রমাণ পৃথিবীতে আছেও ঢেড়। বিশেষ করে, মেনাকেম মেন্ডেলের কথা কমবেশি অনেকেরই জানা।

হুমায়ুন আজাদ আজকের দিনে অলোকলোকে চলে গেছেন। তাঁর অলোকলোকে চলে যাওয়ার দিনে উপরে উল্লেখ করা কথাগুলোর উদ্দেশ্য বোধকরি পাঠকের আন্দাজ করতে বিশেষ বেগ পাওয়ার কথা নয়। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে হুমায়ুন আজাদের উপর অতর্কিত সশস্ত্র আক্রমণ হলে তিনি শুধু রক্তাক্ত হয়েছিলেন তাই নয়, কয়েকদিন তাঁর জ্ঞান পর্যন্ত ছিল না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভাবনায় অবশ্য দোলাও দেয়: এমনকি, হুমায়ুন আজাদ যদি সেদিনই প্রয়াত হতেন; কিংবা, তাঁর সকল সৃষ্টিকর্ম যদি ধ্বংসও করা হতো; বাংলা ভাষা ও সাহিত্যে তাঁর যে অবদান, তাঁর আবেদন কিংবা তাৎপর্য মোটেও কি কমতো!

হুমায়ুন আজাদের আবেদন মোটেও কমতো তো না; ক্ষেত্রবিশেষে মনে হয়, এমন একটি মর্মান্তিক ঘটনা তথা মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসাটা মোটেও চাট্টিখানি কথা ছিল না। অথচ, ভয়াবহ একটি ধকল পার করার পরও হুমায়ুন আজাদ তাঁর চিরাচরিত পথ থেকে আমৃত্যু ক্ষান্ত হন নি। দমে যাওয়ার মানুষ হুমায়ুন আজাদ যে ছিলেন না, তাঁর পুনরুজ্জীবিত হয়ে কর্মে ধ্যানমগ্ন হয়ে যাওয়া থেকে আমরা তা অনুধাবন করিও। জার্মানির পিইএন কর্তৃক একবছরের জন্য কবি হাইনরিশ হাইনের জীবনী ও তাঁর কবিতার বাংলা অনুবাদ বিষয়ে গবেষণার জন্য তাকে ফেলোশিপ প্রদান করলে, ৫৭ বছর বয়েসেও তিনি যথারীতি জার্মানিতে চলে যান এবং গবেষণার নেশায় মত্তও থাকেন।

আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো: একজন লেখকের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা-সমালোচনার বদলে লেখকের ব্যক্তিজীবন নিয়ে কুৎসা-প্রশংসার চল। এই চলটা আসলে কতটা ক্ষতিকর, হুমায়ুন আজাদকে বোধকরি তার বড় উদাহরণ হিসেবে দেখা যেতে পারে। একজীবনে হুমায়ুন আজাদ যেখানে বাংলা ভাষা ও সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তার এতসব গুরুত্বপূর্ণ অবদানের দিকে দৃষ্টিপাত না-দিয়ে ব্যক্তি আজাদের ধর্মীয় অনুশাসন পালন-না-পালন করার দিকে জোর দেওয়া হয় বিশেষ। এই জোর দেয়াটা আদতে সাহিত্যের জন্য শুধু অসমীচীনই নয়; বলতে দ্বিধা নেই, কোনো লেখকের মূখ্য বিষয় অনালোচিত রেখে গৌণ ব্যাপার আলোচনায় জিইয়ে রাখার অর্থই হলো সাহিত্যের জন্য বড় ধরনের ক্ষতিসাধন করা। ব্যক্তি হুমায়ুন আজাদ অলোকলোকে চলে গেছেন, সাথে নিয়ে গেছেন তাঁর ব্যক্তিগত ধর্মদর্শনও, কিন্তু শেষপর্যন্ত তাঁর কি রয়ে গেল? রয়ে গেছে তাঁর বাংলা ভাষা ও সাহিত্যে গুরুত্বপূর্ণ সব গ্রন্থ।

নিজেদের বোধবুদ্ধিসম্পন্ন জ্ঞান করা মানুষজন যদি অনুধাবন করতে পারেন তাদের উদ্দেশ্যটি অসৎ, উদ্দেশ্যটি থেকে তৎক্ষনাৎ নিজেকে সামলে রাখতে সক্ষম হন । কিন্তু, ক'জন পারেন নিজেকে সামলে রাখতে? এক্ষেত্রে হুমায়ুন আজাদ ছিলেন ব্যতিক্রম। ব্যক্তিজীবনে আজাদকে চরমশত্রু জ্ঞান করা মানুষও বোধকরি তাকে অসৎ বলতে পারার সাহসটা পর্যন্ত করতে পারবে বলে মনে হয় না। বলা যায়, রাজনীতিবিদ, আমলাসহ শাসনযন্ত্রের কাউকে তোয়াক্কা না-করা বিরল বুদ্ধিজীবীদের একজন ছিলেন অধ্যাপক আজাদ। ফলত: হুমায়ুন আজাদকে তাঁর লেখকজীবনজুড়ে নানান ঘটন-অঘটনের মধ্য দিয়ে যেতে হয়েছে। শুধু সামাজিক অসঙ্গতি নিয়েই যে তিনি সোচ্চার ছিলেন ব্যাপারটা এমন নয়। নির্ভীক আজাদ এমনসব সত্য উচ্চারণ করেছেন তার জন্য বুকে শুধু সাহস থাকলেই চলে না, তার জন্য দুঃসাহস করার পাশাপাশি নিজের উপর থাকা ঈমানের প্রতি থাকতে হয় অটল। নিজের ঈমানের প্রতি অটল থাকা এবং ভয়ডরের তোয়াক্কা না-করা আজাদ রাষ্ট্রের যেকোনো অসঙ্গতির বিরুদ্ধে সরকার, বিত্তশালীদের বিরুদ্ধে তাঁর চাবুক ছুড়ে মেরেছেন। শাসকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের অনুধাবন করা সত্যি কথাটি উচ্চারণ করতে তিনি কখনই পিছপা হন নি।

আজাদ বহুকাল ধরে চলে আসা জীর্ণ সমাজকাঠামোয় আঘাত করার পাশাপাশি কুসংস্কার, ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে লিখেছেন। তিনি অনুধাবন করেছিলেন, গতানুগতিক চিন্তাভাবনা দ্বারা পরিচালিত অপরিণত সমাজব্যবস্থায় নতুন এবং ভিন্ন চিন্তা গ্রহণ করা রাষ্ট্রের মানুষদের পক্ষে ভীষণ কঠিন। অকপটে মতপ্রকাশ করা আজাদের ফলত অজানা ছিল না তাঁর উপর আঘাত আসতে পারে। তবে, আশ্চর্যের ব্যাপার এই: এতসব ব্যাপার অনুধাবন করেও তিনি তাঁর মতপ্রকাশ থেকে রহিত থাকেন নি। তাঁর অবস্থানে অনড় থেকে তিনি বাংলাদেশ, বাংলা ভাষা ও সাহিত্যে প্রচলিত প্রথা ভেঙে নতুনভাবে দাঁড় করাতে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। অনিয়মের কাছে মাথা নত না-করা, কোনো অন্যায় মেনে না-নেয়া, রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা থেকে যথাসম্ভব বিরত থাকা এবং তাঁর বিবেচনায় যা ভালো সেটাই গ্রহণ করা স্পষ্টভাষী আজাদের স্পষ্টভাষীতা তাকে ফলত অন্যান্যের থেকে আলাদা করে রেখেছে।

আজকালের অধিকাংশ কবিসাহিত্যিককে রাজনীতি-উদাসীন বললে অসত্য হবে; বর্তমানের অধিকাংশ কবিসাহিত্যিকই চতুরতার সাথে সামাজিক, রাজনৈতিক অনাচার পাশ কাটিয়ে চলে একটা সুবিধাজনক অবস্থায় অবস্থান করে থাকেন। হুমায়ুন আজাদ ভালভাবে রাজনীতি সচেতন ছিলেন। আমরা তাঁর লেখাজোকা পাঠ করে তাঁর সামাজিক দায়বদ্ধতার ব্যাপারে কিছুটা আন্দাজ করতে পারি। ফলে, রাজনীতি সচেতন হুমায়ুন আজাদের রাজনৈতিক লেখালেখি ও বস্তুনিষ্ঠ সমালোচনাও সমান গুরুত্বপূর্ণ। দেশের মানুষের কথা তুলে ধরে এবং সামরিক শাসনের বিরোধিতা করে তিনি রাজনৈতিক লেখালিখি করেছেন, ব্যাপারটা এত অল্পে সীমাবদ্ধ নয়ও আসলে। আজাদের লেখাজোখার গভীরে মনোনিবেশ করলে আমাদের অনুভব করতে বিশেষ বেগ পাওয়ার কথা নয়, বাহ্যিকভাবে রূঢ়ভাষী মানুষ বলে মনে হলেও আজাদের হৃদয়টা ছিল আসলে নরম-কোমলই। সামান্য প্রকৃত ভালবাসায় হয়তো তাঁর হৃদয় একাকার হয়ে যেতো। আজাদের হৃদয়ে মানুষের জন্য গভীর মমতা ছিল সেটা আমরা টের পাই একজন রাজাকারকে প্রেমিক হিসেবে উপস্থাপন করার মধ্য দিয়ে। আজাদ রাজাকার, আলবদরদের বিরুদ্ধে একটা জীবন সংগ্রাম করেছেন অথচ একজন রাজাকারকে প্রেমিকরূপে উপস্থাপন করতে তাঁর বাঁধে নি। মানুষের প্রতি গভীর মমত্ববোধ থেকে, জনমানুষের পক্ষে কথা বলার জন্যই মূলত সমসাময়িক রাজনীতি নিয়ে গণমাধ্যমে বক্তব্য রেখেছেন, পত্রপত্রিকায়ও লিখতেন।

একজন মানুষ প্রচলিত প্রথা এবং রাষ্ট্রের নীতিনির্ধারকদের বিরুদ্ধে জোরহাতে কলম ধরলে তাকে নানান প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। প্রকৃতপক্ষে বাংলা ভাষা ও সাহিত্যেরই একজন বিরলপ্রজ ও বহুমাত্রিক প্রতিভা হুমায়ুন আজাদকে লেখকদের মধ্যে নানাকারণে বিরলতম জ্ঞান করলে অতিরঞ্জন হয় না বিশেষ। কেননা, তিনি তাঁর জীবনটাই উৎসর্গ করেছেন বাংলাদেশ, বাংলা ভাষা ও সাহিত্যের জন্য। আজাদ তাঁর প্রতিভার স্বাক্ষর মোটামুটি সাহিত্যের সকল শাখায় কমবেশি রেখেছেন যদিও তবে তাঁর প্রতিভার বিচ্ছুরণের কিঞ্চিৎ অনুধাবন করা যায় বিশ্বভারতীর একজন অধ্যাপকের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা থেকে। আজাদ-সম্পাদিত গ্রন্থ 'বাংলা ভাষা'-র প্রথম খণ্ড ১৯৮৪ সালে প্রকাশিত হওয়ার কালে তাঁর বয়স ছিল ৩৭ বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে তিনি তাঁর কক্ষে একদিন বসেছিলেন। এমন সময় বিশ্বভারতীর একজন বাংলার অধ্যাপক হন্তদন্ত হয়ে আজাদের কক্ষে প্রবেশ করে তাকেই জিজ্ঞেস করছিলেন, 'ডক্টর হুমায়ুন আজাদকে কোথায় পাবো বলতে পারেন?' প্রত্যুত্তরে আজাদ 'আমিই হুমায়ুন আজাদ' বললে, বিশ্বভারতীর অধ্যাপক বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলেছিলেন, 'আমার বিশ্বাস হয় না। যিনি 'বাংলা ভাষা' সম্পাদনা করেছেন তার বয়স এত কম হতে পারে না।' হুমায়ুন আজাদ বলেন, 'কতো হওয়া উচিত?' অধ্যাপক রাখঢাক না-রেখে বলেছিলেন, 'অন্তত পঁচাত্তর তো হওয়ার কথা, এর আগে এমন জ্ঞান হতে পারে না।'

২০০৪ সালের ১লা আগস্ট গবেষণা শুরু করতে-না-করতেই জার্মানির মিউনিখে একটা অনুষ্ঠান থেকে হোটেলে ফিরে রাতের একটা সময় আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েন হুমায়ুন আজাদ। ১২ আগস্ট তাঁর মৃতদেহ হোটেলকক্ষ থেকে উদ্ধার করা হয়। তিনি চিরদিনের জন্য অলোকলোকে চলে গেলেও রেখে যান বাংলা ভাষা ও সাহিত্যে তাঁর গুরুত্বপূর্ণ সব গ্রন্থ। ব্যক্তিগত একটা আফসোস অবশ্য রয়ে গেছে আমার। বেঁচে থাকলে হুমায়ুন আজাদকে হয়তো নির্ঘাত বলা যেতো: অধ্যাপক আজাদ, স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে যাওয়ার পর আমরা আজ স্পষ্টত দেখতে পাই, সবকিছুই নষ্টদের অধিকারেই চলে গেছে। এই বাংলাদেশই কি চেয়েছিলেন? এই বাংলাদেশ কি আমাদের কাম্য?

আজ ১২ই আগস্ট। দেখতে দেখতে হুমায়ুন আজাদের অলোকলোকে চলে যাওয়ার ১৭ বছর হয়ে গেল। আফসোস এই, জ্ঞানের পরজ বসন্তের ভারে ন্যুব্জ একজন হুমায়ুন আজাদকে দেখার ভাগ্য হলো না এই জাতির। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলা ভাষা ও সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা অদম্য মেধাবী কবি-ঔপন্যাসিক-প্রাবন্ধিক-অধ্যাপক হুমায়ুন আজাদকে।