২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তারুণ্যের অরুণ আলোর এক কবি

তুষার দাশ

Published : 03 Nov 2020, 01:38 AM

Updated : 23 Jun 2022, 03:58 PM


ছবি: ১৯৮৬তে যখন ৭৭ বছর বয়েসী তরুণ কবি অরুণ মিত্রকে সম্বর্ধনা দেয়া হয়। স্মারকগ্রন্থ।
অরুণদা–এই প্রিয় সম্বোধনের মানুষটির সংগে বহুকাল আর আড্ডা দেয়ার জন্যে মৃদুলের হাত ধরে কুষ্টিয়া আবাসনে অস্থির ছুটে যাওয়া হয় না। কী সব আবোলতাবোল তাঁর সংগে আমার অর্বাচীন বকবক্। তিনি হাসিমুখে শুনছেন। শান্তিদি চা করে দিচ্ছেন। আমরা গল্প জুড়েছি। ছোট্ট ঘরে থরে থরে বই। অধিকাংশই ফরাসি ভাষার। আরাগঁর বরাত দিয়েই বোধকরি একবার সাক্ষাৎকারে বলেছিলেন, আমারও খুব ইচ্ছে বাংলার সব তরুণ কবির বই আমার ঘরে সাজিয়ে রাখি। কিন্তু জায়গা বড়ো কম। তরুণদের প্রতি তাঁর পক্ষপাত ছিলো অনেক বেশি। কারণ তাঁর ব্যক্তিগত তারুণ্য। সত্তরোর্ধ বয়সেও তাঁর তারুণ্যের ঝলক দেখেছি। তাঁর সরল হাসিও ছিলো দেখবার মতো। অরুণদা বিষয়ে নতুন কথা বলার মতো তেমন যোগ্যতা আমার নেই। আমি মূলত স্মৃতিচারণ করছি সংক্ষেপে।

তিনি আমন্ত্রিত হয়ে একবার একবছরের জন্যে এলেন "প্রতিক্ষণ" পত্রিকার সাহিত্যটা দেখবেন বলে। তরুণ কবিরা প্রভূত অগ্রাধিকার ও প্রশ্রয় পেয়েছিলো সে সময়ে। আমার একটি লেখাও তিনি তখন ছেপেছিলেন। এ ব্যাপারে কিঞ্চিত পত্র যোগাযোগ হয়েছিলো। তাঁর দুখানা মূল্যবান চিঠি ছিলো আমার কাছে। চিঠি দুটো এখন পর্যন্ত আমার দৃষ্টির আড়ালে। হয়তো কোনো একসময় পেয়ে যাবো, এ প্রত্যাশায় আছি। তাঁর প্রয়াণ সংবাদ পেয়েই চিঠি দুটো খুঁজেছিলাম। পাইনি। এখনও খুঁজে চলেছি।


ছবি: স্মারকগ্রন্থের পাতায় এই নিবন্ধের লেখককে দেয়া কবির স্নেহচিহ্ন
তিরিশি যে পঞ্চপাণ্ডবকে আমরা এতকাল জেনে আসছি, প্রধান হিশেবে, তার সংগে প্রেমেন্দ্র মিত্র আর অরুণ মিত্রের নামও যুক্ত হবার কথা নাকি ছিলো। তবে, সেক্ষেত্রে বাংলা কবিতার ইতিহাসে নতুন শব্দবন্ধ ব্যবহার করতে হতো সমালোচকদের। সপ্ত অশ্বারোহী কিম্বা সপ্তাশ্বরোহী জাতীয় কিছু। বা তিরিশি অন্য কাউকে জুডে বাংলা কবিতার অষ্টবসু ধরনের নামায়ণ। যেহেতু কবি চলে গেলেন প্যারিসে, সরবন বিশ্ববিদ্যালয়ে শুরুতে, এরপর সিতে ইউনিভার্সিতের-এ। তিন বছর ধরে ফরাসি সাহিত্যের যে বিষয়টিতে গবেষণা করে তিনি ডক্টরেট লাভ করেন, তার শিরোনাম ছিলো "লা গ্রুপ দ্য লা রভ্যু ব্লাঁশ"। মানে "শ্বেত পত্রিকার গোষ্ঠি"। লেখক প্রুস্ত ও জিদ, শিল্পী লোত্রেক, সংগীত জগতের দবুসি বা ব্লুম যুক্ত ছিলেন ঐ দলের সংগে। এঁরা উনিশ শতকের শেষ দশকে প্রতীকবাদীদের দাপট ঘুচিয়েছিলেন। এই গোষ্ঠির, ফরাসি সাহিত্যে ভূমিকা ও অবদান নিয়েই কবি অরুণ মিত্রের মূল্যবান গবেষণা। ১৯৫১তে দেশে ফেরেন। '৫২ তে সোজা চলে যান এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়াতে, এবং সেই ফরাসি ভাষা ও সাহিত্যের অধ্যাপক। কোলকাতায় ফেরেন বাহাত্তর সালে। এই দীর্ঘ ২৩ বছরের যে অনবস্থান শহর কোলকাতায়, তাতে তাঁর পুরোনো আড্ডার বহু লোকের সংগে একটা বন্ধনছিন্নতার প্রাথমিক ধাক্কা কাটিয়ে সহজেই তারুণ্যের হাত ধরে আবার মঞ্চের বাইরে থেকে মূল আলোর নিচে মাটিতে এসে দাঁড়ান।

১৪টি কবিতার বই, কিছু স্মৃতিকথা, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রবন্ধ, অতীব গুরুত্বপূর্ণ কিছু অনুবাদ— মূল ফরাসি থেকে, এলুয়ার-আরাগঁ-সার্ত্রে-ভলতেয়ার। একজীবনে কম নয়। লেখার তালিকা আরও দীর্ঘ।
অরুণ মিত্রের রচনাবলীর সম্পূর্ণ প্রকাশ ঘটলে বোঝা সম্ভব হবে কতটা তিনি সাহিত্যকে দিয়েছেন। কমিটেড, রাজনৈতিকভাবে হলে, তার দায়ও কম নয়। সেই দায়ভার তিনি আজীবন পালন করে গেছেন। সেই স্মৃতির বেশ কিছুটা ধরা আছে তাঁর পথের মোড়ে গ্রন্থে।