২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমার শিক্ষক ও বন্ধু

তুষার দাশ

Published : 22 Sep 2020, 10:08 AM

Updated : 23 Jun 2022, 03:58 PM


আমরা তখন কলেজে। ১৯৭৪-এর শেষের দিকে। দু-চার পংক্তি পদ্য লেখার সুবাদে কলেজে আমরা ক'জন সহপাঠী তখন এক-আধটু পরিচিতি পেতে শুরু করেছি। সেই বন্ধুদের একজনের হাত ধরে এলো আমন্ত্রণ। কবিতা পড়তে যেতে হবে রেলওয়ের পূর্ব জোনের জেনারেল ম্যানেজারের উঁচু পাহাড়ের বাংলোর বিশাল আঙিনায়। রেলওয়ের জায়গা বলে কথা। বিস্তৃতির শেষ নেই। উদ্দীপনা দ্বিগুণ হলো যখন শোনা গেলো সভাপতির নাম। কবি হিশেবে চট্টগ্রামের যাঁদের তখন চিনি, তাঁদের সবার সংগে তখনও পরিচয় হয়নি। এই সুযোগে ওঁদের অনেকের সংগে চেনাজানা হবে, ওটাও কম উত্তেজনার কারণ ছিলো না। যথারীতি নির্দিষ্ট দিন বিকেলে অনুষ্ঠান হলো। সভাপতির আসতে একটু দেরি হচ্ছিলো বলে আমাদের অধীরতাও বাড়ছিলো। শেষ পর্যন্ত তিনি এসে পৌঁছালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম তাঁর কবিতা। আমাদের মতো তুচ্ছদের কারো কারো লেখার প্রশংসা করে উৎসাহও দিলেন নাম উল্লেখ করে। জেনারেল ম্যানেজার সাহেবকেও এক ঝলক দেখেছিলাম। সম্ভবত তাঁর এক মেয়ে কবিতা লিখতো, সেই মেয়ের সুবাদেই কবিতা পাঠের আসর। ঐ আসর নিয়মিত করার ব্যাপারেও সভাপতির উদার আহ্বান ছিলো। যদিও, দ্বিতীয়বার আর সেরকম কোনো আয়োজনে ডাক পাইনি।

এবার তাঁর সংগে দ্বিতীয় সাক্ষাৎ, সরাসরি তাঁর দপ্তরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। ১৯৭৭-এর শেষদিকে। তিনি তখন বিভাগীয় সভাপতি। তিনি তাঁর কক্ষ থেকে বেরিয়ে আসছিলেন। আমি সালাম দিয়ে সামনে দাঁড়িয়ে রইলাম, তাঁর বিভাগে ভর্তি হতে চাই। তাঁর সেই বিখ্যাত হাঁক আর সংলাপ মনে তো আছেই, তাঁর দাপ্তরিক সহকারী রফিক সাহেবের নামও মনে আছে ৪৩ বছর পার হলেও। "রফিক সাহেব, একটা ফর্ম দিন তো ! একজন কবি এসেছেন। আমাদের বিভাগে ভর্তি হবেন।" বলে তিনি চলে গেলেন ক্লাসে। আমি ফর্ম নিয়ে ফিরলাম। কিন্তু আমি এসে ভর্তি হলাম আদি অকৃত্রিম সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ড. আহমদ শরীফ তখন বিভাগীয় সভাপতি। তাঁর এক ভাই চিঠি দিয়েছেন পটিয়ায সুচক্রদণ্ডী গ্রাম থেকে, আমাকে ভর্তির ব্যাপারে সাহায্য করতে। সেই গ্রামের আমিও একজন। আমার বাবা সেই হাতচিঠি দিয়ে আমায় ঢাকা পাঠালেন। চিঠি নিয়ে শরীফ স্যারের কক্ষে ঢুকলাম। সালাম দিয়ে চিঠি দিলাম। তিনি তাঁর চট্টগ্রামের আঞ্চলিক উচ্চারণের ভিত্তিটাকে কিছুটা ধরে রেখে তার ওপর বাংলা শব্দ বসিয়ে চাঁছাছোলা ভাষায় যা বললেন, তাতে শুরুতে একটু দমে গেলেও আত্মবিশ্বাসটা হারালাম না। "বাবা, তোমাকে কিন্তু লিখিত পরীক্ষায় পাশ করতে হবে। না হলে আমি কিছু করতে পারবো না।" মনে মনে বললাম তাই সই। কিন্তু ৪৩ বছর পর সেদিন জানলাম, সেই সময়ের পরীক্ষা কমিটির সদস্য আমার আরেক শিক্ষক, সৈয়দ মুজতবা আলীর উপর পিএইচডি ও ডিলিট— দুটোই করা ড. নূরুর রহমান স্যারের কাছে, জানলাম, শরীফ স্যারের সেই চাঁছাছোলা কথার পরও তিনি তাঁর স্বভাবের বিপরীতে গিয়ে আমার জন্যে তদ্বির করেছিলেন। করেছিলেন নূরুর রহমান স্যারের কাছে, যিনি তাঁর সরাসরি ছাত্র, আবার তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার ব্যাপারে বড়ো ভূমিকা রেখেছিলেন। একটু আত্মপ্রচার হবে জেনেও এই গল্পটুকু না বললে পুরো গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে। শরীফ স্যারকে বিনয়ের সংগে বসতে বলে নূরুর রহমান স্যার হাসতে হাসতে বললেন, স্যার, শেষ পর্যন্ত আপনিও তদ্বিরকারীদের দলে ঢুকলেন। শরীফ স্যার বিব্রত। কার জন্যে আপনি তদ্বির করতে এসেছেন? তিনি আমার নাম বললেন। নূরুর রহমান স্যার হাসতে হাসতে রেজাল্ট শীট স্যারকে দেখালেন। শরীফ স্যার দেখলেন, যার জন্যে তদ্বির করতে এসেছেন, সেই বালকের নাম সবার উপরে। তিনি নিজের ইজ্জত বাঁচিয়ে চলে আসতে আসতে বলছিলেন, দেখতে হবে না কাদের গ্রামের ছেলে। শরীফ স্যারের গল্পটি বলার আরো কারণের একটি, ১৯৭৮ সাল ছিলো তাঁর সভাপতিত্ব করার সর্বশেষ বছর। ঐ বছরের শেষদিকে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অনেকটাই অনুজ্জ্বল করে এক জাঁদরেল ডাকসাইটে বাংলার অধ্যাপককে নিয়ে আসলেন, শিক্ষক হিশেবে শুরু থেকেই যাঁর ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার কথা। কিন্তু তাঁরই এক অবিস্মরণীয় শিক্ষকের নানা বাহানা ও করণকৌশলের কারণে সারাজীবন প্রথম শ্রেণী পাওয়া— অনার্স ও এমএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হওয়া সত্বেও তাঁকে চলে যেতে হয় দেশের প্রান্তিক এক বেসরকারি কলেজে। বুড়িগঙ্গায় জল গডিয়ে যায় অনেক। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে আসেন পড়াতে। তারও বেশ কিছুদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। স্বাধীনতার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৫/৬ বছর পড়ানোর পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ষাটের দশকে লণ্ডন থেকে পিএইচডি করেন।
শরীফ স্যার আরো একজনকে এনেছিলেন। তিনি ড. হুমায়ুন আজাদ। এঁদের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ সমৃদ্ধ হয়েছিলো সন্দেহ নেই।

ডাকসাইটে অধ্যাপক এলেন। কিন্তু তিনি পড়াচ্ছেন তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের। আমরা প্রথম বর্ষ শেষ করে দ্বিতীয় বর্ষে যাবো। তারপর আরো একবছর। এরপর সেই ভদ্রলোকের ক্লাশ। অবশ্য, আমাদের ক্লাশ নিয়ে তেমন একটা মাথাব্যথা ছিলো না। পেছনের বেঞ্চিতে বসতাম সবসময়। ক্লাশ ভালো না লাগলে যাতে বেরিয়ে পড়া যায়। বছর দ্রুত ঘুরে গেলো। আমরা তাঁর ক্লাশ করছি। তাঁরই এক ক্লাশে হোমার পড়ানোর সময় আমাদের দ্বিতীয় বর্ষের রেজাল্ট দিলে স্যারের অনুমতি নিয়ে আমরা তা জানতে বিভাগে যাই। সহপাঠীদের ব্যাপক দলনে, মর্দনে, শারীরিক নির্যাতনে বিধ্বস্ত হয়ে তাদের কারো কারো কাঁধে চেপেই ক্লাশে ফিরি। স্যার আমার অবস্থা দেখে অবাক। আমি পরিপাটি থাকতাম বলে বন্ধুরা আমার কক্ষে গিয়েও তাদের নির্যাতন আমার উপর মানসিকভাবে জারী রাখতো। স্যারের যা জানার স্যার সেটা জানলেন আমার সহপাঠীদের কাছে। কিন্তু মাঝেমধ্যে ক্লাশ ফাঁকি দেয়াটা মানতে পারতেন না। অতএব শুরু হলো দুজনের মধ্যে এক সাংঘর্ষিক সম্পর্ক। অনার্স পরীক্ষায় তাঁর পেপারে সবচেয়ে কম নম্বর পেলাম। সেই নম্বরও এলো সাড়ে আট মাস পর। শুধু এই ডাকসাইটে অধ্যাপকের কারণে। আমাদের সময়ে কোর্স পদ্ধতি নামের যে নতুন শিক্ষা কার্যক্রম শুরু হয় নীল দলের সমর্থক অধ্যাপকরা এর পক্ষে থাকলেও শাদা দল এর ঘোরতর বিরোধী ছিলো। তিনি ছিলেন শাদা দলের পক্ষের লোক। আবার ভিসি ড. ফজলুল হালিম চৌধুরীর অতি ঘনিষ্ঠ জন।

বিভাগে শিস্ দিতে কোনো শিক্ষককে কোনোদিন দেখিনি, শুনিওনি। তিনি দিতেন। গুন্গুন করে গানও গাইতেন। বাংলাদেশের অন্যতম সেরা গীতিকার, গায়ক। রাজশাহী বেতারে নিয়মিত গাইতেন। তাঁর ক্লাশে তাঁকে কোনোদিন রোল কল করতে দেখিনি। সবাইকে নামে চিনতেন। চোখ বুলিয়েই বুঝে যেতেন কারা কারা অনুপস্থিত। এই ফটোগ্রাফিক মেমোরি আমি আমার প্রজন্মে দেখেছি শুধু আমার চট্টগ্রাম কলেজের ব্যাচমেট বন্ধু ড. সলিমুল্লাহ খানের মধ্যে। ৩৫ বছর আগে কোনো এক ভদ্রলোকের সংগে স্টীমার চেপে তিনি বরিশাল যাচ্ছিলেন। তাঁকে তিনি বাংলা বিভাগের করিডোরে ৩৫ বছর পরে দেখে দাঁড় করিয়ে সেই যাত্রার ব্যাপারে আর সেই লোকের ব্যাপারে নিশ্চিত হয়েছিলেন। তাঁর স্মরণশক্তি কিংবদন্তী হয়ে আছে।

স্যারের সংগে আমার সম্পর্ক স্বাভাবিক হয়ে আসতে শুরু করে এম.এ পরীক্ষার পর। আমার আরেক শিক্ষকের উদ্যোগে। আমার দুই শিক্ষকই আজ শারীরিকভাবে অনুপস্থিত এই মর দুনিয়ায। ডাকসাইটে অধ্যাপকের এক অভিমানী শিশু মন ছিলো। তাঁর সংগে আমার সম্পর্ক সহজ হয়ে আমার পর এ ব্যাপারটা ভালোভাবেই টের পেয়েছিলাম। সব কথা মনে রাখতেন বলে আঘাত-অপমানের বিষয়টা ভুলতেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ড. হুমায়ুন আজাদ তার কিছুটা আঁচ টের পেয়েছিলেন। আর জেনেছিলেন আমাদের অন্যতম এক প্রিয় কথাশিল্পী রশীদ করীম, তাঁর "প্রেম একটি লাল গোলাপ" উপন্যাস বেরুনোর পর, যখন এই ডাকসাইটে অধ্যাপক সেই বইয়ের সমালোচনা লিখেছিলেন সাপ্তাহিক রোববার পত্রিকায়।

উল্টোদিকে, আমার কবিবন্ধু সোহেল অমিতাভের প্রথম কবিতার বইয়ের ("প্রেমের চুমু চোখের জলে") উপর আমি একটি দীর্ঘ আলোচনা লিখি মূল আলোচক হিশেবে প্রকাশনা অনুষ্ঠানে পড়ার জন্যে। অধ্যাপক মহোদয় ছিলেন সভাপতি। এরকম সুলিখিত আলোচনা তিনি আর শোনেননি— এমন চরম বাক্যও তিনি প্রয়োগ করেছিলেন। স্নেহের নিম্নগামিতা সেদিন বেশ টের পেয়েছিলাম। যে ভদ্রলোক "পদ্মানদীর দ্বিতীয় মাঝি" লিখে দুই বাংলার বিদ্বৎসমাজে সাড়া ফেলেছিলেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো মহান কথাশিল্পীর ঢেঁকি বিষয়ক ৮ বাক্য ব্যবহারের অসংযমকে আমাদের চোখে তুলে ধরে বিস্ময় জাগানো কাজ করেছিলেন তিনি। আমার সামান্য লেখার বড়ো প্রশংসা করেন।

আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে তাঁর সংগে দেখা করতে যাই। তিনি, চাকরি হলেও যোগ দিতে না করেছিলেন আমাকে। বলেছিলেন ছোট বনের বাঘ না হতে। বড়ো লীগে খেলার ব্যাপারে সবসময় উৎসাহ দিয়েছেন।

একটা বড়ো অভিযোগ আছে তাঁর ব্যাপারে। মৃত্যুদিনে তাঁকে স্মরণ করার পাশাপাশি সেই অভিযোগটিও মুসাবিদা করে রাখি। তাঁর বিদ্যা ও জ্ঞানের তুলনায় তাঁর সৃষ্টির ঐশ্বর্য ব্যাপক ও পরস্পর সমান্তরাল নয়। প্রথম জীবনের ধাক্কাটা বোধহয় তাঁকে আর স্বাভাবিক হতে দেয়নি। জীবনটাকে তিনি মোমবাতির দুদিক থেকেই দ্রুত পুড়িয়ে হ্রস্ব করে এনেছিলেন।
হ্যাঁ, ড. আবু হেনা মোস্তফা কামাল, পঞ্চাশের দশকের অন্যতম বাগ্মী, কবি, অধ্যাপক, প্রাবন্ধিক, গীতিকার, কণ্ঠশিল্পী, সফল উপস্থাপক ও প্রতিষ্ঠান-প্রশাসক— নিজের এক স্বকীয় ভুবন নির্মাণশেষে বিদায় নিয়েও হয়ে রইলেন আমাদের কাছে অবিস্মরণীয়।

বিনীত অভিবাদন প্রিয় হেনা স্যার!