নতুন প্রতিক্রিয়া!বাংলা একাডেমী থেকে বইমেলা সরানোর ব্যাপারে লেখকরা কী বলছেন…
বইমেলা, বাংলা একাডেমীতে; ৮ ফেব্রুয়ারি ২০০৮, ছবি: ফিরোজ আহমেদ
অমর একুশে বইমেলাকে বাংলা একাডেমী চত্বর থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার কথা বলেছেন একাডেমী মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ। তার মতে, আগের চেয়ে পাঠক, লেখক ও প্রকাশনা সংস্থা বেড়েছে। কিন্তু বাড়েনি বাংলা একাডেমীর জায়গা। একাডেমী প্রাঙ্গণের সীমিত জায়গায় অনেক প্রকাশনা সংস্থাকেই বইমেলায় স্টল বরাদ্ধ দেওয়া যাচ্ছে না। সীমিত কিছু প্রকাশনা সংস্থাকে একুশে বইমেলায় অংশগ্রহণের জন্য বাছাই করতে গিয়ে একাডেমী বিতর্কিত হচ্ছে। এসব কারণে একুশে বইমেলাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ বা সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে আরো বড় পরিসরে করা যায় বলে মনে করেন শাহেদ। তবে স্টল বাছাইয়ের কাজ জাতীয় গ্রন্থ কেন্দ্রকে দিয়ে মেলা আয়োজনের দায়িত্ব একাডেমীর হাতে রাখা যায় বলেও মন্তব্য করেন তিনি।
বাংলা একাডেমীর মহাপরিচালকের এই বক্তব্যকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে লেখকদের প্রতিক্রিয়া নেওয়া হচ্ছে। arts@bdnews24.com ঠিকানায়ও লেখকরা প্রতিক্রিয়া পাঠাতে পারবেন।
●●●
নতুন প্রতিক্রিয়া
————————————————-
একুশে বইমেলা বাংলা একাডেমী প্রাঙ্গণেই থাক
নির্মলেন্দু গুণ
ভাষা আন্দোলনের সঙ্গে বাংলা একাডেমীর 'জন্ম সম্পর্ক'। দেশ স্বাধীন হওয়ার পর হাঁটি হাঁটি পা পা করে একুশে বইমেলা বাংলা একাডেমী চত্বর ঘিরে বড় হয়েছে। এখন প্রকাশক বেড়েছে, বইয়ের সংখ্যা বেড়েছে, বেড়েছে লেখক, পাঠক। বাংলা একাডেমীর ছোট্ট পরিসরে সব প্রকাশককে জায়গা দেওয়া যাচ্ছে না।
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ায় ভবিষ্যতে বইমেলাকে আন্তর্জাতিক করার কথা ভাবতে হবে। আন্তর্জাতিক প্রকাশকরা এলে তখন আরও জায়গা লাগবে। জায়গা বড় হলে ঢাকার বাইরের জেলা শহরের বড় বড় প্রকাশকরাও মেলায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিষয়টি নিয়ে তাই এখনই ভাবতে হবে।
সরকার চাইলে বাংলা একাডেমীর পাশেই আনবিক শক্তি কমিশনের যে জায়গা, সেটি একাডেমীকে দিতে পারে। কমিশনকে ঢাকা শহরের কোনো প্রান্তে সরিয়ে নেওয়া যেতে পারে। আর পরমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে হলে তাদেরও অনেক জায়গা লাগবে।
একুশে বইমেলা বাংলা একাডেমী প্রাঙ্গণেই থাক। ইচ্ছে করলেই বইমেলাকে একাডেমী প্রাঙ্গণ থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া সম্ভব। কিন্তু একাডেমীর সঙ্গে বইমেলার সম্পর্ক ছিন্ন হোক এটা আমরা চাই না। কারণ একাডেমীর সঙ্গে বইমেলার সম্পর্ক শুধু জন্মগত নয়, সাংস্কৃতিকও।
শুধু ঐতিহ্য কোনো যুক্তি হতে পারে না, প্রয়োজনটাও দেখতে হবে।
হুমায়ুন আহমেদ
জায়গার সঙ্কট হলে অবশ্যই অবশ্যই একুশে বইমেলাকে সরিয়ে নেওয়া যেতে পারে। ঐতিহ্যের কথা বলে বইমেলাকে কেউ কেউ এখানেই (বাংলা একাডেমী) আটকে রাখতে চান। কিন্তু শুধু ঐতিহ্য কোনো যুক্তি হতে পারে না, প্রয়োজনটাও দেখতে হবে।
আন্তর্জাতিক রূপ পেলে বইমেলায় কলকাতার প্রকাশদের কারণে বাংলাদেশের প্রকাশকরা সমস্যায় পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে হুমায়ুন আহমেদ বলেন, "বইমেলা আন্তর্জাতিক রূপ পেলে কোনো সমস্যা নেই। কলকাতার প্রকাশকরাও বই বিক্রি করবে। বাংলাদেশের প্রকাশকরাও বই বিক্রি করবে। এতে ভয় পাওয়ার কিছু নেই। ফিল্মের ক্ষেত্রেও একই কথা বলে আমাদের ফিল্মকেও এক জায়গায় আটকে দেওয়া হয়েছে। বইয়ের ক্ষেত্রে এটা হোক তা চাই না।"
—————————–
আগের প্রতিক্রিয়া
একটা পর্যায়ের পর মেলা সম্প্রসারণ করতে হবে
আনিসুজ্জামান
একুশে বইমেলা জাতীয় উৎসবে পরিণত হয়েছে। বাংলা একাডেমী থেকে এই মেলাকে না সরিয়ে একে আরো সম্প্রসারিত করা যেতে পারে। একাডেমীতে জায়গার সীমাবদ্ধতা আছে। এখন না হলেও একটা পর্যায়ের পর মেলা সম্প্রসারণ করতে হবে। সেক্ষেত্রে সোহরাওয়ার্দী উদ্যানের খানিকটা জায়গা নেয়া যেতে পারে। আনবিক শক্তি কমিশন তাদের অফিস স্থানান্তর করেছে। ওখানেও কিছুটা জায়গা নিয়ে মেলা করা যেতে পারে।
কোনোভাবেই একুশে বইমেলাকে সরানো যাবে না
সৈয়দ শামসুল হক
একুশে বইমেলাকে বাংলা একাডেমী চত্বর থেকে সরানো যাবে না। আমি অনেক আগে থেকেই বলে আসছি এটাকে সম্প্রসারিত করার জন্য। বাংলা একাডেমী প্রাঙ্গণ ছাড়াও দোয়েল চত্বর থেকে টিএসসি পর্যন্ত রাস্তার দুপাশে বইমেলাকে বাড়ানো যায়।
বাংলা একাডেমী, বর্ধমান হাউজ, ভাষা আন্দোলন, ৫৪ সালের যুক্তফ্রন্ট সবকিছু মিলিয়ে ওই জায়গা ঘিরে আমাদের জাতীয় জীবনের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এখান থেকে কোনোভাবেই একুশে বইমেলাকে সরানো যাবে না।
ছবি: ইফতেখার ওয়াহিদ ইফতি
একাডেমী প্রাঙ্গণেই বড় বড় ভবনে বইমেলা করা যেতে পারে
আল মাহমুদ
বইমেলাকে ঘিরে লেখক, পাঠক ও প্রকাশকদের মাঝে যে উষ্ণতা তৈরি হয়, বাংলা একাডেমী প্রাঙ্গণ থেকে বইমেলা অন্য কোথাও সরিয়ে নিলে সেই উষ্ণতা নষ্ট হয়ে যাবে।
একুশে বইমেলায় আন্তর্জাতিক প্রকাশকদের আসতে দেওয়া উচিৎ। এজন্য মেলার পরিসরও বাড়ানো দরকার। তবে বইমেলাকে অন্য কোথাও না সরিয়ে বাংলা একাডেমী প্রাঙ্গণেই বড় বড় ভবন নির্মাণ করে তার মধ্যে বইমেলা অনুষ্ঠিত করা যেতে পারে।
ছবি: সিউতি সবুর
বাংলা একাডেমীকেও স্থানান্তর করা যেতে পারে
হাসান আজিজুল হক
বাংলা একাডেমী প্রাঙ্গণ থেকে একুশে বইমেলা অন্য কোথাও সরিয়ে নেওয়াকে আমি সমর্থণ করি। আমি মনে করি সরকার বিষয়টা বিবেচনায় নিয়ে এটাকে জাতীয় উৎসবে পরিণত করতে পারে।
একুশে বইমেলায় শুধু বই নয়, এখানে শিল্প-সাহিত্য-সংস্কৃতির সব কিছুই থাকবে। সবাই এখানে অংশ নেবে। ভাব বিি নময় করবে। এই উৎসব একটি মিলনমেলায় পরিণত হবে। আর এই লক্ষ্যকে সামনে নিয়েই আরো বড় পরিসরে একুশে বইমেলা আয়োজন করতে পারে বাংলা একাডেমী।
এর জন্য মেলার মাঠ নির্দিষ্ট করতে হবে। প্রতিবছর সেখানেই মেলা অনুষ্ঠিত হবে। কলকাতা বইমেলার মতো আজ এখানে কাল ওখানে এভাবে ছুটে বেড়ানো যাবে না।
প্রয়োজনে বাংলা একাডেমীকেও স্থানান্তর করে ওই জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। সেখানে একটি ক্যাম্পাসের মতো করা যেতে পারে। কারণ বাংলা একাডেমী বাংলা ভাষা ও সাহিত্যের জন্য প্রচুর কাজ করছে। এর অবদানও অনেক বড়। তাই একটি জায়গায় তাকে স্থানান্তরিত করা যেতে পারেই।
জনমত জরিপ চালাতে পারে বাংলা একাডেমী
আবুবকর সিদ্দিক
একুশে বইমেলা বাংলা একাডেমী প্রাঙ্গণ থেকে সরানোর ব্যাপারে আবেগের প্রশ্ন জড়িত। কারণ বাংলা একাডেমী আর একুশে বইমেলা একীভূত হয়ে গেছে।
ক্রমশ লোক সমাগম বাড়ছে। লেখক-প্রকাশক বেড়েছে। জায়গার কিছুটা সংকট হচ্ছে। একাডেমী প্রাঙ্গণে জায়গা না হলে মেলা সরাতে হবে।
আনবিক শক্তি কমিশনের চেয়ে আমি মনে করি সোহরাওয়ার্দী উদ্যান ভালো জায়গা। কিন্তু বইমেলার জন্য সেখানে গাছের ক্ষতি হোক আমি তা ভাবতেও পারি না। মেলা স্থানান্তর করার ব্যাপারে বুদ্ধিদীপ্ত সমাজের সহযোগিতা নিয়ে একটা জনমত জরিপ চালাতে পারে বাংলা একাডেমী।
বর্ধমান হাউজের সঙ্গে আবেগ জড়িয়ে আছে
আবদুল মান্নান সৈয়দ
বাংলা একাডেমী প্রাঙ্গণ থেকে একুশে বইমেলা অন্য কোথাও সরানো যাবে না। কারণ বাংলা একাডেমী শুধু বাংলা একাডেমী নয়। বর্ধমান হাউজের সঙ্গে আবেগ জড়িয়ে আছে। ওই আবেগও নিছক নয়, এর সঙ্গে ঐতিহাসিক সত্য জড়িত। তাই একুশে বইমেলা বাংলা একাডেমীতেই অনুষ্ঠিত হবে।
আমি আগেও বলেছি এটাকে সম্প্রসারিত করে বাংলা একাডেমীর সামনের রাস্তার দুপাশে এবং তাতেও না হলে কিছুটা সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে সম্প্রসারিত করা যেতে পারে।
চত্বরের বাইরে নিয়ে গেলে মেলা ঘিরে যে আবেগ সেটি থাকবে না
সেলিনা হোসেন
অমর একুশে বইমেলা নিছক একটি বইমেলা নয়, এটি বাঙালির প্রাণের মেলা। এ মেলাকে কোথাও সরিয়ে নিতে দেওয়া হবে না। এই মেলা বাংলা একাডেমী চত্বরের বাইরে যাবে না।
এই বইমেলার পিছনে রক্ত ঝরার ইতিহাস রয়েছে। সেই গৌরবোজ্জল ইতিহাসের জন্যই এটি একুশের বইমেলা, প্রাণের মেলা। আর বাংলা একাডেমী চত্বরের বাইরে নিয়ে গেলে এ মেলাকে ঘিরে যে আবেগ, সেটি আর থাকবে না।
বইমেলাকে একাডেমী চত্বরের বাইরে নেওয়ার জন্য জায়গা সঙ্কট কিংবা মেলার আন্তর্জাতিকীকরণ কোনো যুক্তি হতে পারে না।
ছবি: ইফতেখার ওয়াহিদ ইফতি
একাডেমী প্রাঙ্গণে যে জায়গা রয়েছে তাতে এর চেয়ে ১০ গুণ বড় মেলা করা যেতে পারে
সমুদ্র গুপ্ত
আয়তন সম্প্রসারণ বা জায়গা হচ্ছে না এর সঙ্গে বইমেলা সরানোর উদ্যোগ মেলে না। এসব বাংলা একাডেমীর অস্বচ্ছ চিন্তা। এখনও একাডেমী প্রাঙ্গণে যে জায়গা রয়েছে, তার যথাযথ ব্যবহার ও সঠিক ব্যবস্থাপনা হলে এরচেয়ে ১০ গুণ বড় মেলা করা যেতে পারে।
আমাদের সমাজ, রাষ্ট্র, সরকার ও পরিবারে সঠিক ব্যবস্থাপনার যে ত্রুটি রয়েছে তার একটি ত্রুটি রয়েছে বাংলা একাডেমীতে। পাতালে জায়গা না হলে আকাশে বাড়াতে হবে। একটি বাড়িতে যখন থাকার জায়গার সংকট হয়, তখন ওই জায়গাতেই হয় ঘর বাড়ায় না হলে আকাশের দিকে ঘর বাড়ায়। কেউ বাড়ি ভেঙে নিয়ে অন্যত্র চলে যায় না।
একুশে বইমেলা বাংলা একাডেমী প্রাঙ্গণ থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তাকে আমি বে-আক্কেল চিন্তা বলবো। বাংলা একাডেমী স্টল নিয়ন্ত্রণের নাম করে অর্ধেকের বেশি স্টল দুর্বৃত্তদের বরাদ্দ দিয়েছে। সমাজের অন্যান্য ক্ষেত্রের মতো এখানেও বণ্টন বৈষম্য রয়েছে।
জায়গার সংকট হলে একাডেমী প্রাঙ্গণে ভবন করতে হবে। সেখানে নিরাপদ ও স্বচ্ছন্দে বইমেলা হবে। আর ওইসব ভবনে বইয়ের বাজার বসিয়ে দিতে হবে। সারা বছর বই বিক্রি হবে। বাংলা একাডেমী প্রাঙ্গণে বইপ্রেমীদের ভীড় থাকবে বছর জুড়ে।
কিন্তু মেলার ব্যাপারে বাংলা একাডেমী খরচ করতে রাজি নয়। এখানে কিছু লোক অপব্যয়, অপচয় আর দুর্নীতি করে। বাংলা একাডেমী দুর্বৃত্ত কবলিত হয়ে পড়েছে।
বাংলা একাডেমী থেকে একুশে বইমেলাকে সরানো যাবে না
খোন্দকার আশরাফ হোসেন
বাংলা একাডেমী থেকে একুশে বইমেলা অন্য কোথাও সরিয়ে নেওয়ার বিরোধী আমি। বাংলা একাডেমী আর একুশে বইমেলা সমার্থক হয়ে গেছে।
একাডেমীর যদি জায়গা সংকট হয়, তাহলে সোহারাওয়ার্দী উদ্যানের মধ্যে মেলাকে সম্প্রসারণ করতে পারে। এবার যেমন কিছুটা জায়গা নিয়ে হচ্ছে, আগামীবার আরো একটু বাড়ানো যেতে পারে। কিন্তু বাংলা একাডেমী থেকে একুশে বইমেলাকে সরানো যাবে না।
মেলা আয়োজনের দায়িত্ব বাংলা একাডেমীর হাতেই রাখতে হবে
শিহাব সরকার
বইমেলার যে গাম্ভীর্য সেটাকে ক্ষুণ্ন না করে তো একে স্থানান্তরিত করা যেতেই পারে। এবার সোহরাওয়ার্দী উদ্যানের ভিতর কিছুটা হলো। আগামীবার উদ্যানের আরো ভিতরে যাওয়া যেতে পারে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠেও হতে পারে। ভাষা শহীদরা তো খেলার মাঠের পাশেই মারা গিয়েছিল। একুশে বইমেলা ওখানে হলে খারাপ হয় না।
আর বইমেলা যদি স্থানান্তর না করা হয় তাহলে বাংলা একাডেমীর ভিতর মেলার জন্য আরো জায়গা বাড়াতে হবে। পুকুরটা কোনো কাজে আসে না। ময়লা আবর্জনাই ভরে থাকে। ওইটা যদি রাখতে হয় তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিৎ। না হলে পুকুর বন্ধ করে সেখানে বইমেলায় স্টল বরাদ্দ দেওয়া যায়। এতে জায়গা আরও বাড়বে।
তবে বইমেলা স্থানান্তরিত করা হলেও মেলা আয়োজনের দায়িত্ব বাংলা একাডেমীর হাতেই রাখতে হবে। কারণ এই প্রতিষ্ঠানটি ভাষা আন্দোলনের ফসল।
মেলা সরে গেলে ঐতিহ্যের কোনও হানি হবে না
আবু হাসান শাহরিয়ার
একুশে বইমেলাকে আরো সম্প্রসারিত করার জন্য বাংলা একাডেমী প্রাঙ্গণ থেকে এই মেলাকে অন্য কোথাও সরিয়ে নেওয়া যেতে পারে।
মেলা সরিয়ে নিলে ঐতিহ্য নষ্ট হওয়ার আশঙ্কা সম্পর্কে কবি আহসান হাবীবের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গতি রেখে ঐতিহ্যের নবায়নই আধুনিকতা। বাংলা একাডেমী প্রাঙ্গণ থেকে মেলা সরে গেলে ঐতিহ্যের কোনও হানি হবে বলে আমি মনে করি না।
প্রকাশকরাই নির্ধারণ করবে মেলা কোথায় হবে
জাহিদ হায়দার
একুশে বইমেলা আয়োজনের দায়িত্ব দেওয়া উচিত প্রকাশকদের। ওই প্রকাশকদের গুরুত্বপূর্ণ একটি সদস্য হিসেবে থাকতে পারে বাংলা একাডেমী। প্রকাশকরাই নির্ধারণ করবে মেলা কোথায় হবে। তবে যেহেতু বাংলা একাডেমীর মধ্যে জায়গা সংকট হচ্ছে, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে মেলা অনুষ্ঠিত হতে পারে।
বাংলা একাডেমী থেকে একুশে বইমেলা সরিয়ে নিলে ঐতিহ্যের কোনো সমস্যা হবে না। কারণ ঐতিহ্য পুনর্নিমাণ করতে হয়। তবে কোনো ভাবেই একুশে বইমেলাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে নেওয়া যাবে না। বাণিজ্য মেলার মতো জায়গায় নিয়ে গেলে মেলার আকর্ষণ নষ্ট হবে।
আমলাতান্ত্রিক ক্রিয়েটিভিটি থেকে আপাতত আমাদের মুক্তি দেন
মাহবুব মোর্শেদ
আমাদের কর্তাব্যক্তিরা সবসময় দেখি হরাইজন্টাল চিন্তা করেন। ভার্টিকাল কোনো চিন্তা তাদের মাথায় আসে না। একটা মেট্রোপলিটান সিটিতে বহুতল ভবন তৈরি হইতে তো কোনো অসুবিধা নাই। সেক্ষেত্রে একাডেমির মহাপরিচালকের চোখ ভবন নির্মাণের বদলে অন্য মাঠের দিকে যায় কেন? বেশি গাছঅলা উদ্যানে মেলা করলে পরিবেশ নষ্ট হবে। প্রকৃতিবাদীরা মাঠে নামবে, শেষ পর্যন্ত দেখা যাবে কলকাতা বইমেলার মতো এই বই মেলাও লাটে উঠছে। এখন বাংলা একাডেমী মহাপরিচালকদের উচিত উপরের দিকে তাকানো। মেলার জায়গা উপরের দিকে বাড়ানো। বাংলা একাডেমীর পাশের আণবিক শক্তি কমিশন এখন নাকি অন্য জায়গায় গেছে। এই জায়গাটা বাংলা একাডেমীকে দিলে মেলার জায়গা বাড়ে। আর একাডেমী কর্তৃপক্ষও সারা বছর আণবিক শক্তি কমিশনের খালি ঘরগুলোতে অশ্বডিম্ব প্রসব করতে পারেন।
আমাদের আমলাতন্ত্র ঢাকা বইমেলা জমাইতে না পেরে এখন বাংলা একাডেমীর অমর একুশে বই মেলার পিছনে লাগছে। এইটারে আন্তর্জাতিক করার দায়ভার তারা কান্ধে নিছেন। সে ক্ষেত্রে বলতে চাই, আপনেরা ওই মেলাটারে আন্তর্জাতিক করেন। আমাদেরটা জাতীয়ই থাকুক। আমরা তো ভাল করেই জানি আন্তর্জাতিক মানে কী? ভারতীয় প্রকাশকদের ঢুকতে দিলেই তো আন্তর্জাতিক। ফলে, বাংলাদেশের সব বুকস্টলই তো সারা বছর আন্তর্জাতিক থাকে। এক মাস আমরা জাতীয়তাবাদের চর্চা করি।
বাংলা একাডেমীর বর্তমান কর্তৃপক্ষের ক্রিয়েটিভিটি খুব চোখে পড়তেছে। এই টিকেট সিস্টেম তো ওই স্টল কমানো, এই বই মেলার অন্য জায়গা তো আন্তর্জাতিকীকরণ নিয়া এনারা মেলা ব্যস্ততা দেখাইতেছেন। আমার প্রস্তাব হলো, আমলাতান্ত্রিক ক্রিয়েটিভিটি থেকে আপাতত আমাদের মুক্তি দেন। কিছু পুরানা জিনিস টিকায়ে রাখতে দেন, আমাদের।
