২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যারিটি শপ

shagufta_tania

Published : 30 Jan 2011, 12:12 AM

Updated : 05 Sep 2022, 07:29 PM


অলঙ্করণ: রনি আহম্মেদ

গ্রামে শৈশব কাটিয়েছে–এইরকম সব লোক আসলে কাঁচাবাজারে আসে ছল করে, গল্প করতে আসে তারা–সজিনার আঁটি আর নতুন ফুলকপির সাথে। দুধলি শাদা লাউ আর গাঢ়সবুজ চিচিঙ্গার গায়ে প্রগাঢ় হাত রেখে বলে–মিয়াবাই, আইজক্যা কেমুন?' এইসব চকিত গ্রাম্য সবুজ তাদের সতীর্থ। সমান তীর্থ যাহাদের।

খোলাবাজার-প্রীতি তার নেই, ইশরারের ছিল–প্রবাসের আত্মীয়ের মতো করে সে তাকাত ওল কিংবা কচুর লতির দিকে, ছন্দুর হাত আকর্ষণ করে বলত–দ্যাখো, ট্যাপারিও পাওয়া যায়!"

কাঁচাবাজার ছাড়িয়ে ছন্দু হাঁটতে হাঁটতে পার হয়ে যায় লালমুখোদের কসাইখানা। ধড় ছাড়া শুয়োরের কাটা মুণ্ডু মরবার পরও যে কীরকম গোলাপি কুতকুতে হাসি ঝুলিয়ে রাখে–এটা বারবার দেখেও তার বিস্ময় কাটে না! কত কায়দা করে কাটা মাংস! ডুমোডুমো। ফালিফালি। কিমা। ঘাড়ের মাংস। সিনা। পাছা। ট্রাইপ। সসেজের টুসটুসে লাল ছড়া ঝুলছে!

ফিশ-অ্যান্ড-চিপস্‌ পার হওয়ার সময় একদমক তেলেভাজা আর ভিনেগারের গন্ধ এসে নাকে লাগে তার। মুদি দোকান-ভোজ্য তেল-পাউরুটি-মোমবাতি-চকোলেট-খেলনা-ডিপ ম্যাসাজ করতে চেয়ে রুমানিয়ান তরুণীর ব্যক্তিগত বিজ্ঞাপন-পর্ণোগ্রাফিক ম্যাগাজিন। চীনে খাবারের দোকান 'রঙহুয়া সিটি', লন্ডরেট্‌ এ ক্লান্ত অপেক্ষমাণ মানুষ। তুর্কি দোকানের পাশ দিয়ে যাবার সময় পোড়া ধনিয়া আর বাসি মাংসের ঘ্রাণ। আর্ট গ্যালারির তিনশো বছরের পুরনো দেয়ালে ফুল-ফল-পাতার মঞ্জরীর ভিতর থেকে উঁকি দিচ্ছে একটি করে পাথরের কাটা মুণ্ডু। ন্যাংটো মেয়েমানুষের-পাতালের দেবতার-যাজকের। রাস্তাটা ঘুরে গেলেই গলির মুখে নার্সারি। তার পরে চ্যারিটি শপ।

জানালার কাচে কত টুকিটাকি পসরা। মুখোশ। পুরনো ভিডিও ক্যাসেট। গার্নেট-ফিরোজানীল-কমলা পুঁতিপাথরের মালা। কোনো এক মরুচারী প্রাণীর হাড়ের মালা। ডামির পরনে পালকের হ্যাট। গলায় পেঁচানো ফেদার বোয়া। গায়ে ওভারকোট আর টার্টান স্কার্ট। জানালার সীলে গ্লেজ দেয়া চীনামাটির ফুলদানি। মুগ্ধ পায়ে ঢুকে পড়ে ছন্দু। প্রতিবার।

পরিত্যক্তের পৃথিবী এত বর্ণিল? কেউ রেখে গেছে কারুকাজময় বিয়ের পোশাক–ইতালিয়ান-মরক্কান-ক্যান্টনিজ! কেউ দিয়ে গেছে খোকার প্র্যাম্‌ (সে কি হাঁটতে শিখে গেল? না দৌড়? নাকি উড়াল?), রঙচঙে তুলোভরা খেলনা। কেউ রেখে গেছে কবেকার বোন চায়নার বাসনকোসন–কত না হাজার বার মুখোমুখি বসে খাবার স্মৃতি বুকে নিয়ে থমথমে। কী খেত তারা? কী করে রাঁধত? কাপড়চোপরের ধুলোগন্ধী সারির ভিতরে বিড়বিড় করছে গল্প। কেউ মরে যাবার পরে আত্মীয়রা পৌঁছে দিয়ে গেছে ঢিলে ওভারকোট-কনুইয়ে তাপ্পি দেয়া ব্লেজার-কটন ট্রাউজার-রাতপোশাক স-অ-ব। গতবছরের রদ্দি কস্টিউম জুয়েলারি ঝুলছে অবিশ্বাস্য কম দামে।

কেউ কেউ বলে ইশরার তাকে খুব পছন্দ করে বিয়ে করেছিল–আবার মরুভূমিতে সাগুয়ারো ক্যাকটাসকেও ফুটো করে খাওয়া চলে কাঠঠোকরার, অতএব তাকে দেখতে ঠিক কেমন, এটা বলা যাচ্ছে না। কিন্তু চ্যারিটি শপের ট্রায়াল রুমে দেয়াল আয়নাতে ফুশিয়া-গোলাপি লেসের পোলকা ডটের ব্রা পরে তার নিজেকে খুব সুন্দর লাগে। উজ্জ্বল কালো চোখের মণি থেকে পুচ করে কী যেন উছলে বের হয়ে আসে পীচের মতন কালো–পিচ্ছিল উজ্জ্বল–সে হাসলে, সেটা তার নিজেরই ভালো লাগে। শেওলাসবুজ হালকা জরিদার উলের বেরেটটা পরলে তার মুখের ডিম্বাকার বোঝা যায় কী নিখুঁত।

তার তেলতেলে কাঁচা বাদামরঙা চামড়া। ছোট নাক। গোল কপাল। ভ্রুগুলি দীর্ঘ আর সোজা। ঈষৎ পুরু ঠোঁট। ধবধবে দাঁত। চোখ একটু কোটরাগত। তার মুখে গাঢ় একরকম মেদুর ভাব আছে, হেসে উঠলে তাকে হঠাৎ খুব আপন লোক মনে হয়।

কাচের তাকে নীল কিংখাবের উপর অ্যাম্বার রঙা মালা। ফিরোজা পাথরের হার। একজোড়া অদ্ভুত সুন্দর মুসলমানি মাকড়ি রাখা। ফিলিগ্রির রুপা কালচে হয়ে এসেছে। কিন্তু সাতনরী পাথরগুলো চমকাচ্ছে এখনও। ঝুঁটো মুক্তোর লহর গাঁথা, মাকড়ির মাঝের মুক্তোটা অশ্রুর ফোঁটার মতো বড়, যেন এখুনি ঝরে পড়বে। কে যেন ঝমঝমিয়ে দৌড় দিয়ে ডাকতে ডাকতে চলে গেল–আপাজান! আপাজান! রাস্তার দিকে তাকিয়ে ছন্দু তাকে দেখতে পেল না।

বেরিয়ে এসে হাঁটা ধরে ছন্দু। ব্রাউনরঙা গরম কর্ডুরয়ের ট্রাউজার, তার ওপরে কালচে লাল পুলোভার। অপর্যাপ্ত চুল পিছু হটিয়ে মোটা বিনুনিতে গাঁথা–তার শেষ হয়েছে কটিদেশের কশেরুকার উপরে এসে, ডগায় ক্রচেট্‌ করা অফহোয়াইট লেসের ব্যান্ড। তার একহারা ছায়া পাশাপাশি ডিঙ্গি মেরে হাঁটতে থাকে দোকানগুলির কাচের দেয়ালে।

পছন্দের জিনিস দোকানে ফেলে আসতে গিয়ে তার মন আনচান করে সারাবেলা। এবার শীতকাল জাঁকিয়ে আসতে দেরি করছে, রৌদ্রের বেলা যদিও হরবক্ত কমে আসছে। সকালবেলাটুকু 'নীল সিয়া আসমান' থাকে। রোদ ওঠে তার কী মিঠে মৌতাত। প্রায়ান্ধকার কাউন্সিলের টাওয়ার ব্লকে ঢুকতে ঢুকতে ছন্দু একঝলক মনে করতে পারে– আয়নায় তার মুক্তোর ঝোলা মাকড়ি পরা ডিম্বাকার মুখ, পরিষ্কার শাদা কান, কানের পাশ দিয়ে পুরুষ্টু বিনুনি । বিন্দুবাসিনীতে মেয়েরা তার চুলের গুছি ধরে টানাটানি করত।

লিফটের ভিতর হিসির গন্ধ, ফেলে দেয়া রাইবিনা জুসের বেগুনি বোতল, ডিক্সি চিকেনের তেলমাখা লাল কাগজের বাক্স। একটা কালো কলপ করা চুলের মেয়ে ওঠে তার সাথে লিফটে। চকখড়ির মতো শাদা। বানরীর মতন লেপটানো বুক। মসৃণ তলপেটে কাঁটাগোলাপ উল্কি আঁকা। উজ্জ্বল লাল লিপস্টিক। পানসে সোনালী লাইক্রার টপ্‌। ছন্দুর চোখ বন্ধ হয়ে আসে। তার কানে-গালে লাগে ক্রান্তীয় সূর্যের তাপ–ছাদে দড়ির খাটিয়া পেতে সারাবেলা শীতের রোদের ওম মাখছে সে… কোমর অব্দি টানা সিল্কের লেপ, গায়ে শাদা সুতার কাজ করা মলমলের কুর্তা। আলগোছে ১৩নং বোতাম চাপে সে, একটা ঝাঁকুনি দিয়ে লিফট চলতে শুরু করে, ছন্দুর পায়ের তলা হালকা হয়ে আসে। বাকি সারাবেলা শীতের রোদে ঘেমে উঠতে থাকা আচারের গন্ধ পায় সে। পাতলা শাদা সুতি কাপড়ে মুখ বাঁধা চটচটে বৈয়মে সরিষা-ঝোলাগুড়-শুকনা মরিচ আর শুঁয়াশুদ্ধ তেঁতুলছড়া ভেপে উঠছে–আহা কী গন্ধ! ছন্দু মনে মনে ঠিক করে–সে দুলজোড়া কিনবে।


অলঙ্করণ: রনি আহম্মেদ

ইশরার খুব যথার্থ মানুষ ছিল। সাত্ত্বিক জীবন সে সেধে পালন করত না, তবে যে জীবন সে যাপন করত, তাকে সাত্ত্বিক বলা যায়–একরকমের সাধুসুলভ নির্বিকারত্ব ছিল তার, যদিও খাওয়ার সময় কেউ বাড়ি আসলে সে তাকে খেতে বসাতে অস্থির হয়ে উঠত না, নিজে খেয়ে উঠে আসত; বিয়ের দাওয়াতে যাবার জন্যে সে আন্তরিকভাবে ভাবনা করে ভালো কিছু উপহার দিত, কাউকে সময় দিয়ে বসিয়ে রাখত না, টাকাপয়সা নিয়ে তার কোনো অসাধুতার কথা কেউ চিন্তাও করতে পারবে না, যা বিশ্বাস করে না তা মানবার কোনো ভান ছিল না তার–আবার তা নিয়ে যন্ত্রণাও দিত না সে কাউকে। সাদাসিধে জীবনযাপন করত–পরিশ্রম করত–সাদামাটা খাওয়া খেয়ে পেট ভরাত–খোসামোদ করত না, সে যখন হেঁটে যেত, মনে হত ভেসে যাচ্ছে, অক্লেশে। মেয়েরা তার দিকে আকৃষ্ট হত, ইশরার নিজের মতো করে তা জানত, কিন্তু তা নিয়ে তার চর্চা ছিল না।

এইরকম মানুষ তার স্ত্রী-সন্তানের কথা না জানিয়ে বিয়ে করতে পারে, সেটা কেউ ভাবতে পারবে কি?

ছন্দু কাপড় বদলে চেক দেয়া কটন টিউনিকটা পরে, তের তলার উপর থেকে লন্ডন শহর দ্যাখে। দূরে কুয়াশারঙা কাচের 'ঘেরকিন' বিল্ডিং ঝলসাচ্ছে–কাচের শিশ্নের মতো দেখতে বিল্ডিং… কিংবা পোলিশদের শসার আচারের কচি-শসার মতো, নর্ম্যান ফস্টারের বিল্ডিং। বহুতল কাউন্সিল ব্লকগুলিতে হাওয়ায় উড়িয়ে নেবার মতো শোঁ-শোঁ শব্দ। ঘেরা বারান্দায় ফেলে দেয়া মরচে পড়া ট্রাইসাইকেল-স্টাইরোফোমের বাক্স-বালিশের খোল-গাছ মরে যাওয়া ফুলের টব।

এই ঘরে ইশরার মগ্ন হয়ে অন্ধকারে বসে থাকত–ভূতগ্রস্ত, ছন্দু তাকে জিজ্ঞেস করেছিল–আচ্ছা তুমি জানতে না? তুমি তো বিয়ে করেছ এর আগে।" ইশরার চুপ করে থাকত।

–করেছ তো বিয়ে? তোমার একটা বাচ্চাও আছে ঐ পোলিশ মেয়েটার ঘরে… কী করে সম্ভব?" খুব রেগে গেলে ছন্দু তোতলাতে থাকে, তার মুখ লাল হয়ে ওঠে।

ইশরার চুপ, পুনরপি।

ছন্দুর জন্যে ছিল রাত্রি, ঘোর রাত্রি, স্ট্রীটল্যাম্পের আলোজ্বলা রাত্রি, নাইটবাসের দীর্ঘ পথ পাড়ি দিয়ে আবার তের তলায় উঠে আসা। লিফটে হিসুর গন্ধ, লিফটে কাঁটাগোলাপ উল্কি করা মেয়ে।

কয়েকদিন পরে ইশরার আবার রাতের অন্ধকারে বসে থাকতে থাকতে প্রায়-মৌনতার গলায় বলেছিল–অ্যাগনেশকার সাথে হয়েছিল একবার, তারপরে একদিন ও এসে বললো ও প্রেগন্যান্ট।"

"তুমি কী করে জানলে তোমার বাচ্চা ওটা?"

ইশরার মাথা নেড়েছিল আবার, "আমি জানি না, হতেও পারে (আগা অন্য মানুষের সাথে শুয়েছিল এর মধ্যে), আমার ভাবতে ভাল লাগত ওই বাচ্চাটা আমার।"

এর পরে তো আর কথা চলে না। ভাবতে ভাল লাগত সেই জন্যে ভরণপোষণের ব্যয় বইবার জন্যে তৈরি হয়ে গেল সে!

ইশরার ভালো চাকুরি করত, মন দিয়ে কাজ করত বলে সুনাম ছিল তার। তারপরে বাড়ি এসে দেখত ছন্দু চ্যারিটি শপ থেকে একগাদা হাবিজাবি জিনিস কিনে এনেছে। তুলোঠাসা মেমপুতুল, জনৈকা ক্ল্যারিসাকে জনৈক ডেনিসের ক্রীসমাসে উপহার দেয়া পুরনো বই, সীসাইড টাউনের পোস্টকার্ড, হাতে রঙ করা চীনামাটির কালচে টিপট–মেইড ইন ফিনল্যান্ড। ইশরার এসে রান্নাও করত মাঝেমাঝে। অল্প তেল-মশলার রান্না, কিন্তু মায়ের রান্নার মতো স্বাদ। ছন্দুরা এক তরকারি দিয়ে খেত। সাতকরা দিয়ে রান্না করা মুরগী। কিংবা শুকিয়ে রাখা ডেঁফলের টক দিয়ে রাঁধা মাছ। সঙ্গে সরু বাসমতী চালের ভাত। ছন্দু হাত লাগাত ইশরারের সাথে। দুইজনে কিচেনের দক্ষিণে পাতা কাঠের টেবিল-চেয়ারে মুখোমুখি বসে চুপচাপ খেয়ে উঠত। এইসব সময় ছন্দু জোর করে প্লেটের চারদিকের লাল গোলকের দিকে চোখ রাখত, কিংবা প্লেসম্যাটের জ্যামিতিক ডিজাইনের দিকে। তারপর উঠে গিয়ে থালাগেলাস ধুয়ে গুঁজে দিত সিংকে। ধুয়েমুছে তকতকে করে ফেলত সব।

ইশরার আর তার ঘর আলাদা হয়ে গেছিল দ্রুত। বিছানা-বালিশ নিয়ে প্রথম দিকে ছন্দুই উঠে যেত বসার ঘরে। পরে ইশরার চলে গেল গেস্ট রুমে। রাতের আকাশে তারা নাই, জ্যোৎস্না নাই, খালি হলুদ স্ট্রীটল্যাম্পের আলো। ছন্দু পরিষ্কার ঝনঝনে-শুকানো ডাক এগ ব্লু বেডকভার আর দ্যুভের মাঝখানে নিজেকে মেলে দিয়ে শুয়ে থাকত। এলোনা বেলোনা কলাপাতা ঝুম/বাবু সালেকা মালেকা সালামালাইকুম… পরদিন সুশি শপে সুশির মোটাচালের মাড়মাখা-ভাতের সাথে রাইস ভিনেগার মিশাতে মিশাতে, গনগনে ধোঁয়া আর ভিনেগারের ঝাঁজ গিলতে গিলতে ছন্দুর গলায় কী যেন ডেলা পাকিয়ে আসত। রাতেও সেটা থাকত।

ছন্দুর মনে হতো একদিন সেও বাড়ি এসে ডেঁফলের ঝোল দিয়ে ভাত মাখতে মাখতে ঘোষণা দেবে–সে প্রেগন্যান্ট। ইশরার, সে জানত নির্বিবাদে মেনে নেবে। রাগে গা কিড়মিড় করতে করতে ছন্দুর মনে হত–এমন কিছু করে যে ইশরার তাকে তের তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এইসব বিস্ফোরক চিন্তা মাথায় নিয়ে সে নোরি শিটে টিপেটুপে গরম সুশিরাইস বিছাত। উল্টে দিয়ে তার ওপরে দিত তিন টুকরো কাঁচা টুনা আর পেঁয়াজকলি, তারপর রোল করে এন্তার সিচিমি পাউডার (জাপানি গুঁড়ামরিচ) ঢালত–ঝালে গরগর করত তার ইসো রোল।

ছন্দু পরের দিন গিয়ে মাকড়িটা কিনে ফেলল। ঘরে এসেই আয়না দেখে কানে পরল সে। নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে সে স্পষ্ট শুনল কে ডাকছে—"আপাজান! আপাজান! ইসমত আপা! রাহাত আপা!"

বাইরে এসে দেখে কেউ নেই। রোমান রোড দিয়ে ক্লপ ক্লপ করে একটা শৌখিন ঘোড়ার গাড়ি যাচ্ছে। ষাটের দশকে হুজুগে বানানো কাউন্সিল টাওয়ার ব্লকগুলি দিনমান শুনসান, কারো জানালায় মুখ নেই, ব্যালকনিতে শুধু মেলে দেয়া লেপের ওয়াড়-কাচা কাপড়। নিচের বাঁধাই চত্বরে বাচ্চারা হুড়োহুড়ি করে খেলতে আসে বিকেলে। এখন সবুজ একটুখানি জায়গায় রোয়ানবেরি গাছের নিচে কেবল একজোড়া চাইনিজ ছেলেমেয়ে রগড়ারগড়ি করে চুমু খাচ্ছে। বেরিগুলি তার খুব ভাল লাগে–কী উজ্জ্বল কমলা-হলুদ-সিঁদুরে রঙ–যেন ফুলের থোকা (পাখির মাংসের সাথে বিলিতিরা এর জ্যাম খায়–শুনেছে ছন্দু), শেঁওড়াপাড়ায় তাদের বাড়ির সামনে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল, এইরকম রঙের ফুল। তার তলায় একদিন সন্ধ্যাবেলা তার ফুপাত ভাই রায়হান তাকে জড়িয়ে ধরেছিল। রায়হান আর সে কারেন্ট না থাকা কত অঝোর রাতে হ্যারিকেনের আলোয় লুডু খেলেছে–আব্দুল আলিমের গান বাজতো ওর দাদির রেডিওতে 'আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে'–সঞ্চয়িতা খুলে ধরে সে দেবযানি আর রায়হান কচ, কচের 'আমি বর দিনু দেবী তুমি সুখী হবে'তে পিত্তি জ্বলে যেত ছন্দুর, শালা নাকের বদলে নরুন দিচ্ছে দ্যাখ, তোর জন্যে ওটাই ঠিক–শিখাইবে, পারিবে না করিতে প্রয়োগ'…

বাকি বেলা ছন্দু রায়হানের কথা মনে করে কষ্ট পায়। রায়হানের সাথে বিয়ে হলে কী হত তাই চিন্তা করে। রায়হান এখন কাজ শেষে বাড়ি ফিরলে কী কী খেতে ভালবাসত তাই রান্না করে। বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে… ছন্দু রায়হানকে চোখ বড় বড় করে শোনাত—"তোমার সাথে আমার বিয়ে হলে বাচ্চাকাচ্চা পঙ্গু হবে", রায়হান হাত খেলিয়ে বলতো—"তোর জু'লজি টিচার কচু জানে।" এ দেশে এন্তার পাকিস্তানি তাদের মামাত-ফুপাত-খালাত বোনদের বিয়ে করে–বিলেত সরকার এদের অনুরোধ করে করে ক্লান্ত, সম্পত্তির উত্তরাধিকার বংশের বাইরে যেতে দিতে পাকিস্তানিরা তৈরি নয়–তাতে ঠুঁটো-বোবা-কালা বাচ্চা হয় হোক। শ্বাস ফেলে ছন্দু, আঙুল দিয়ে আনমনে তার কানের মুসলমানি মাকড়ি ছোঁয়, যেন স্পর্শ করে দ্যাখে ওটা জায়গামত আছে কি না।

ইশরারের সাথে তার কোনোদিন ঝগড়া হয়নি। কখনোই না। তাদের তো কথাই হত সামান্য। মাঝে মাঝে ইশরার কাজের কোনো মজার ঘটনা বলত, তাদের মধ্যে মন নিয়ে কিছু ছিল না, মনান্তরও না, বরং একরকম সৌজন্য ছিল–সখ্য ছিল (এ পরবাসে)–তুতো ভাইবোনদের যেমন থাকে। তবে বেশির ভাগ সময় তাদের ঘরে কোনো শব্দই হত না। ইশরারের কম্পিউটারের খুটখাট। ছন্দু বই পড়ত নয় ব্যালকনিতে দাঁড়িয়ে ব্রমলি-বাই-বো এর দিকের সারি সারি রো-হাউজের চিমনি দেখত। পুরনো গীর্জার শিখর। মেঘলা আকাশ। উড়ে যাওয়া ধূসর হাঁস। ধুয়ে রাখা থালাবাটি আবার ধুত। চুল্লি পালিশ করত। কখনো বেরিয়ে যেত, বন্ধু তো তার তেমন ছিল না, গীর্জার চত্বর, পার্ক, খোলাবাজার… এইসব ঘুরে বেড়াত, চ্যারিটি শপটায় ঢুঁ মারত। বাসে করে চলে যেত অজানা লন্ডন-বরোতে, বেক্সলি কিংবা লুইশাম।

বাড়ি ফিরতে দেরি হলে ইশরার উদ্বিগ্ন হত না, তার খাবার ঠিকই ঢাকা দেয়া থাকত–কিংবা ফ্রিজে চুম্বক সেঁটে চিরকুটে লেখা থাকত ঘরে খাবার কী আছে।

পরের সপ্তাহে নেই-কাজ তো খই-ভাজ দিনে ছন্দু আবার চ্যারিটি শপে। শীত পড়ছে এখন, হি হি করে কাঁপতে কাঁপতে সরল গাছ আর হর্সচেস্টনাট গাছ সব পাতা ঝরিয়ে ফেলছে। একটা কোট দেখে পছন্দ হয় তার, কালো কোট, কুইল্টেড, কলার তোলা–তোফা শীত মানবে, সুতির পর্দা দেয়া ট্রায়াল রুমে কোটটা গায়ে দিয়ে দেখে সে, শরীরের রেখা ঢেকে যায় এমন, হাঁটু পর্যন্ত লম্বা কোট। ইহুদী মেয়েরা এমন কোট খুব পরে, তাদের পরচুলা ঢাকা মাথা, গলায় জড়ানো স্কার্ফ আর পায়ের খুরহীন ফ্ল্যাট শু-এর সাথে।

বেন
মাথার কাছে ঘড়িখানা টিকটিক করছে। সে চোখ খুলে বুঝতে চেষ্টা করে সে কোথায়। মৃত্যুচিৎকার করতে করতে টানেলে ঢুকে যাওয়া ট্রেনের হুইস্‌লের মতো বম্বারের শব্দ শুনতে পেয়ে তার ঘুম ভেঙেছে। অ্যান্ডারসন শেল্টারের ভিতরে বসে তারা যেমন শুনত–স্যাঁতসেঁতে ভেজা মাটির গন্ধে বুঁদ হয়ে। পরদিন বোমার আঘাতে আগুনে গলে যাওয়া অ্যাসফল্ট, পরদিন পাড়ার শুরুতে দাঁড়িয়ে থাকা সিনেমার ছাদ উড়ে যাওয়া, পরদিন মিস্টার বাকিংহামের ধ্বসে যাওয়া দোকানের সামনে ভাজা জিওল মাছের মতো উলটে থাকা পোড়া মানুষ… পরদিন আবার ব্যাংকে-পোস্টাফিসে গেছে মানুষ। পরদিন আবার সারা গলি জুড়ে হর্সচেস্টনাটের আঁটি দিয়ে আর মার্বেল দিয়ে খেলেছে ছেলেপুলেরা। মেয়ের দল স্কিপিং করেছে রাস্তার শেষের গোল মাথায়। সবজিওলা এসেছে তার ঘোড়ায় টানা গাড়িতে সবজি নিয়ে। পরদিন আবার তাকে সকাল ছ'টায় উঠিয়ে দেয়া হয়েছে কসাইখানায় লাইন ধরবার জন্যে। সস্তায় শুয়োরের পায়া কিংবা কলিজা কিনবে বলে। নানি সেই মাংসের ছিটে লেগে থাকা পায়া কয়েকঘণ্টা ধরে পার্ল বার্লি আর সবজি দিয়ে সেদ্ধ করবে–তাদের রাতের খাবার।

বেন উঠে বসে। বিছানায় থাবড়া মেরে মেরে দেখে সে পেচ্ছাপ করে ভাসিয়েছে কি না। বেডল্যাম্পের আলো জ্বালে। আলোয় মেলে ধরে তার হাত, পুরনো শিং-এর মতো রঙ হয়ে আসা বুড়োমানুষের নখ। দশটা বাড়ি পরেই ছিল রেশন শপ। রেশন বুক আর প্রতিদিনের পাউরুটি সামলে ফিরতে ফিরতে সে প্রায়ই নখ ডুবিয়ে রুটির কোনাগুলি ছিঁড়ে খেয়ে ফেলত। বাড়ি ফিরে মিলত নানির ঝাঁকুনি। বেনের নানি বদলাতে শুরু করেছিল। আর কত! কম তো যায়নি তার ওপর দিয়ে।

বেন ছিল লাজুক আর মুখচোরা। উলওয়ার্থে মেঠাই কিনবার সময় তোমরা যেমন ছোঁড়াদের দ্যাখ–খড়কুটো রঙ চুল, গালের হনুতে হাজারখানা পঙ্গপালের মতো ভেসে উঠেছে লাল তিল, বোতামের মতো ছোট্ট নাক, পোকা ধরা দাঁত। কিন্তু ওটাকেই স্থির ধরে নিয়েছ তো মরেছ। তের বছর বয়েস থেকে চুরি ছ্যাঁচড়ামি করে হাত পেকে গেছিল তার। চোদ্দ বছর বয়েসে পাড়ার বেকারিতে নেহাত ছিঁচকেমি করতে গিয়ে বর্স্টাল জেলে চলে গেছিল সে। সেখানে কিশোর অপরাধীদের কোনো ধাস্টামো সইতো না, বেতিয়ে তক্তা বানিয়ে দিত গভর্নর। যাক, সেসব অনেক পরের কথা। যা হোক, নানি বদলাচ্ছিল।
বেন-এর বাপ ছিল মায়ের তিন নম্বর আর মা ছিল বাপের পাঁচ নম্বর। দু'জনেই পাঁড় মাতাল। যেদিন বাপ ডরিসের বাড়িতে থেকে যেত, সেদিন বড় ভয়ানক সব কাণ্ড হত। শুঁড়িখানা থেকে আসবার পথে কতবার তার মা কাপড়জামা খুলে ন্যাংটো হয়ে যেত–নানি আর তার চোখের সামনে একেবারে ছাল ছাড়ানো খরগোশের মতন নাঙ্গা। হাঃ, শিগগিরি মায়ের সাড়ে তিন নম্বর জুটে গেল। বেনের মাকে আর শুঁড়িখানা থেকে বাড়িতে এনে ফেলার চাকরি রইল না তার।

বেনের পেট জয়ঢাকের মতো ফুলে উঠেছে। সে দেয়াল হাতড়ে হাতড়ে কলঘরে পৌঁছে যায়। জল ছাড়তে ছাড়তে তার মনে হয়–বাড়িতে খাবার কিছু নেই। ফ্রিজের দরজা খুলতেই ভক্‌ করে বাসী মাংসের একটা বিকট গন্ধ ওর ফুসফুস পর্যন্ত গিয়ে পৌঁছায়। একটা পচা আপেল পড়ে আছে। কাবার্ডগুলিতে ইঁদুরের হুটোপুটির শব্দ। বেন মনে মনে তার নাতনি ক্লেয়ারের প্রতীক্ষা করতে থাকে। ক্লেয়ার যদি হাতে করে কিছু আনে!

আশ্চর্য, সেইরকম আকাঁড়ার দিনেও তাদের খাওয়া নিয়ে তেমন ভাবনা ছিল না। রেশন তো ছিল সামান্যই, আট আউন্স মাখন আর চার আউন্স হ্যাম-এ সাতদিন চলে নাকি! বেন-এর নানির খিড়কিবাগানে আলু ফলতে শুরু করেছিল, তারপরে গাজর, শালগম, বাঁধাকপি। নানি লাল রোড আইল্যান্ড মুরগী পালত, খরগোশ পালত। চুলোর ছাইয়ে বেক করা আলুকে ডিম ভেবে খোসা ছাড়িয়ে খাওয়া কিংবা এগ পাউডারের জ্বালা সইতে হয়নি বেনকে। ক্রিসমাসের সময় ব্লমঞ্জ আর সিন্থেটিক আইসিং দেয়া স্পঞ্জ কেক মিলেছে তার। আস্তে আস্তে বেনের সেইসব দিনে মনে হতে লাগল–রূপকথার মেয়েরা আসলে নানির মতন। ভরসাভরা। কর্মী। হাতে দস্তানা। দস্তানায় গুঁজে রাখা হাতরুমাল। মাথায় দীর্ঘ, কাঁধ-বুক মিলিয়ে আকারে একটু চৌকো।

নানি আর বেন আগুনহীন ফায়ারপ্লেসের সামনে বসে বসে সৈন্যদের জন্যে মোজা আর স্কার্ফ বুনত। বাইরে কনকনে শীত। কয়লার সাপ্লাই কম। বিজলিবাতির ভরসা নেই। মোমবাতির মোটা সলতে জ্বলবার আলোয় ছোট্ট বেন ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে নিজের নানিকে দেখত। নিজের পায়ের বুড়ো আঙুল দেখত। জুতো আঁটো হয়ে যাবার পরে সামনেরটুকু ফাটিয়ে দিয়ে স্যান্ডেল বানিয়ে দিয়েছে নানি, স্যান্ডেলে শীত করত তার। বাইরে কনভয়গুলিকে ডিমের খোসার মতন চুরমার করে দিচ্ছে জার্মান ইউ-বোট, বাইরে কপাররেইল ব্রিজের ওপর থেকে পড়ে ভেসে যাচ্ছে বেনের মা, বাইরে আইরিশ কোস্টের কাছে ডুবে যাচ্ছে যাত্রীবাহী জাহাজ। ঘরের ভেতর মোমের লাল আলোর বৃত্তের ভিতর শুধু বেন আর নানি, নানির গায়ে ম্যাডেলিনের গন্ধ, লেবুর পাই-এর গন্ধ।

ব্ল্যাক-আউটের সময় নানি মোটা কালো পর্দা টেনে দিত জানালায়–ধুলোগন্ধী-মসগন্ধী। জানালার কাচে সেঁটে দিত কালো কাগজ। বাজে হুপিং কফে ভুগেছিল বেন সেবারের শীতে, গুনতে শিখে গেছিল সে, আর বর্ণমালা। কালো কাগজে-কাপড়ে বাইরেটা ঢেকে যাবার পরে অন্ধকারের ভিতর একরত্তি মোমের ধোঁয়ামেশা আলোয় লালচে নানির মুখটা তার খুব প্রিয় ছিল, যেন বাতিঘরের মত দুলছে জাহাজ থেকে। তাদের বাড়ির নাম ছিল সিকামোর হাউস, ছোট্ট কটেজ গার্ডেন-এর উপরে হেসে ওঠা বাড়ি। তার মনে হত তাদের দু'জনকে কেউ একটা দ্বীপে ফেলে গেছে। দ্বীপের নাম সিকামোর হাউস। একদিন তাদের সংসার হবে। ছেলেপুলে হবে। এয়াররেইড শেল্টারের ভিতর বাংকবেডে শুয়ে শুয়ে–যুদ্ধ জিনিসটা মোটের ওপর খারাপ নয়, ভেবে ফেলেছিল বেন।

অনেক পরে বেন-এর মনে হয়েছিল যুদ্ধ হলো জন্মদাগের মতন, যে একবার তার ভেতর দিয়ে গেছে, তার গায়ে অমোচনীয় চিহ্নের মতন বসে যায় সে। যা হোক, সে আবার অনেক পরের কথা। অন্ধকারে হাতড়ে হাতড়ে বেন আবার বিছানায় এসে শুয়ে পড়ে। তার শোবার ঘরে কোনো আলো ঢোকে না, দিনমানেও রীতিমত অন্ধকার। শুয়ে শুয়ে অ্যাবাকাসের গুলিগুলোর মতো আঙুল দিয়ে দিয়ে সরিয়ে বেন সময় গুনতে থাকে। বেন-এর বারান্দায় রৌদ্র এসে পড়ে, বাইরে কনকনে নীল আকাশ, বাইরে ভুট্টার তেলের মতো লালচে রোদ। যেসব স্টেশনে ট্রেন থামে না, সেইসব স্টেশনের মতো সাঁই সাঁই করে সরে যেতে থাকে কার মুখ–জরির সুতোর মতো সোনালী চুল–আয়ত চোখ—জলফড়িং-এর ডানার মতো নীলচে আইরিস। সবজি-অলার শায়ার ঘোড়া রোমশ খুরগুলি তার পেটের ওপর তুলে দিয়ে চাপ দেয়, শব্দ করে হিসি করে দেয় বেন, শপশপে বিছানায় শুয়ে শুয়ে সে মনে করতে পারে, ঘোড়াটার রঙ ছিল হর্সচেস্টনাটের আঁটির মতো, চকচকে লালচে বাদামি, প্রকাণ্ড ঘোড়া।ধুলোমাখা আলু-গাজর কাঠের ঠেলায় বয়ে নিয়ে তাদের গলিতে আসত।

ভবঘুরে-অনাথ-চোর-বাটপাড়-কয়েদিদের ছেলেপুলে কার সঙ্গে মেশেনি বেন! ফেলথাম বর্স্টালের ফালি ফালি ঘোলা কাচের সরু জানালা–সেখানে মুখ বাড়িয়ে গলা ফাটিয়ে খিস্তি করে যাও… আলো নিভবার পরে ঐ একচিলতে ঘরে আর কিছুই থাকত না–অথৈ অন্ধকার–একরকমের অশুচিতা বেনকে তাড়া করত–অন্ধকারে সেটা বমির সমুদ্র হয়ে যেত আর সকাল না হওয়া অব্দি তার টকগন্ধ যেতে চাইত না… অন্ধকারে একখানা কম্পাসের মতন বেন নিজের নুনু মুঠো করে ধরত।

অ্যাশফোর্ড আর ফেলথাম রেলওয়ে স্টেশনের মাঝখানে ধু-ধু শূন্য জমিতে জেলখানা… সকাল-সন্ধ্যা ধোয়া কাপড় আর বাটারমিল্ক সোপকেকের গন্ধে ম-ম করছে গোসলখানা–রান্নাবাড়ির উঠানে কুয়া থেকে জল তোলা হত–বারোয়ারি গোসলখানায় ঢ্যাঙা বেকার ঢুকলে আর কেউ ঢুকতে চাইত না–কখন কার পোঁদে ঢুকিয়ে দেবে বলা তো যায় না। সকাল আটটা পনেরোর নাস্তা থিকথিকে পরিজ, নোনা স্বাদের পরিজ। বমির সমুদ্রের মতো পরিজ।

ফেলথাম থেকে বের হবার পরে নানির কাছে গিয়ে উঠতে লজ্জা করছিল বেনের। কিন্তু যাবেটা কোথায়। গিয়ে দেখে, কী কেলো, বুড়ো মিস্টার বাকিংহাম আর নানি কবে বিয়ে করেছে, সিকামোর হাউসের বারান্দায় উই-ধরা সোফায় বসে বসে বুড়ো এই মাগগির বাজারে চায়ে ভিজিয়ে নানির ম্যাডেলিন খাচ্ছে। নানি ওকে আর রাখবে না, সেটা পষ্ট, নানির এক বান্ধবীর কাছে পাঠিয়ে দেয়া হল বেনকে। নানির বান্ধবী না মায়ের এইটা তার আর মনে নাই। যাবার আগে লুকিয়ে বেন মিস্টার বাকিংহামের দোকানের জানালা গুঁতো মেরে ভেঙে রেখে গেল… চলে গেল জরির সুতোর মতো সোনালী চুল–আয়ত চোখ—জলফড়িং-এর নীলচে ডানার মতো আইরিসের কাছে।

কবেকার কথা, বেনের এখনো মনে আছে–সেদিন হালকা বৃষ্টির পরে রোদ উঠেছে, নিচু নিচু নীল মেঘের স্তর আকাশে। বাগানে কাপড় শুকানোর পোল আর তার। বাগানে বিছুটি গাছে নীল নীল ফুল আর প্যাশনফ্লাওয়ারের বিশ্রী লতা, মাকড়সার মতো উলুঝুলু ফুল। এন্তার কাপড় কেচে তারে মেলছে মিসেস রোজেনবার্গ। অন্যান্য মহিলাদের চেয়ে আকারে দীর্ঘ। চওড়া কাঁধ-বুক-পুষ্ট পাছা মিলিয়ে আকারে একটু চৌকো… পায়ের কাছে ঘুরছে প্রকাণ্ড শাদা জার্মান শেপার্ড কুকুরী।

ছন্দু
সংসারে মন দেবে বলে ঠিক করেছে ছন্দু। শীত এখনো যায়নি, কবেই বা এপ্রিল মাসে এখানে শীত যায়। তবে সকাল থেকে রোদের চেকনাই বেড়েছে। গাছগুলিতে গুঁড়ি গুঁড়ি সবুজ পাতা। ঘাসের ভিতরে খই এর মতন স্নো-ড্রপস ফুল। পানসে হলুদ প্রিমরোজ। প্রথমে এলো ড্যাফোডিল। তারপরে টিউলিপ। এইবার গাছ ভরে ব্লসমের গোলাপী ফুল, তামাটে পাতাগুলি দেখা যায় না।

আম্মার ফোন আসে সকাল ফুরালে। প্রায়ই। আম্মার ফোন মানেই টগর-যুথি-বেলা-মালতী-চাঁপা-গোলাপ-বকুল… আম্মার ফোন মানেই মদনমোহন তর্কালঙ্কারের পাখি সব করে রব… আম্মার ফোন মানে শীতকালের দুপুরে নতুন টমেটো দিয়ে কই মাছের ঝোল… দিনের রঙটাই বদলে যায় ছন্দুর।

বারান্দায় দড়ি দিয়ে উইন্ডো বক্স বেঁধে তাতে ছন্দু লাউ-কুমড়ার বীচি লাগিয়েছে আর ব্রডবীন। ক'দিন ধরে রোদ উঠছে বেশ। গোটা শীতে কুইল্টেড কোটটা ভালো কাজে দিয়েছে, ওটাকে রোদে দেয় ছন্দু। ঝেড়ে রৌদ্রে দিতে গিয়ে ঠন্‌ করে ভেতরের পকেট থেকে কী একটা খসে পড়ে। হাতে নিয়ে দেখে ছন্দু।

একটা বড়সড় ব্রোচ্। একডালা ফুল-ফল। ছোট্ট ছোট্ট পুঁতির পরাগ বসানো চেরিফুল, লাল লাল রুবিপাথরের চেরি, সোনা কুঁদে কুঁদে পাথরের মতন ঝিকিয়ে তুলবার ফলে চেরিগুলিকে অনেক মনে হচ্ছে। খোদাই করা পাতা, পাতায় কাচের শিশির। বড় বাহারী ব্রোচ।

ছন্দু সকালের ডাক দেখে, ব্যাংকের চিঠি, ট্যাক্স অফিসের চিঠি, প্রন্তো-পিৎজার বিজ্ঞাপন। আরেক কাপ চা বানায় নিজের জন্যে। একটু রোদ তেতে উঠলে ব্রোচটা নিয়ে অ্যান্টিকের দোকানে যায়, এই দোকানটায় প্রায়ই আসে সে। চ্যারিটি শপে এক পাউন্ডে কেনা একটা পটারির সামগ্রী নিয়ে এসেছিল সে, গেল সপ্তাহে, কালচে চিনামাটির ওপর শাদা গ্লেজ করে জায়গায় জায়গায় তুলি দিয়ে পটকা মাছ আঁকা, দোকানের মালকিন মিসেস উইলিস ওকে চিনতে শেখায়—"এটা সাকে পান করার পাত্র, দেখো পটারির পেছনে কাঁচামাটিতে খোদাই করা নাম। জাপানি শিল্পীর হাতে আঁকা পাত্র, এর দাম কম করে হলেও তুমি যা দিয়ে কিনেছ তার দশ গুণ!"

যা ভেবেছিল তাই, মিসেস উইলিস হাউমাউ করে ওঠেন–এ তো রেট্রো জুয়েলারি, রোজ গোল্ডের জিনিস, এই দেখো কোয়ার্টজের কী চমৎকার ফিকে সাকুরা ফুল, কম করে হলেও পঞ্চাশ-ষাট বছর আগের জিনিস!"

ছন্দু আর কিছু ভেঙে বলে না। ব্রোচ্‌টা নিয়ে লাফাতে লাফাতে বাড়ি ফেরে।

ব্রোচটা একবার টুপিতে সাঁটে, একবার পঞ্চোতে… ঘুরিয়ে ফিরিয়ে আয়না দেখে।

কে গো তুমি এই অলঙ্কার পরতে? তুমি কি বেঁচে আছ না মরে গেছ? কে তোমায় গড়িয়ে দিয়েছিল এই গয়না? অনেক ভালবেসে?

ইশরার আসবার আগে ছন্দুর রান্না হয়ে যায়। মুখীকচু দিয়ে ছোটমাছ। মিষ্টিকুমড়া শাক (শাক এসেছে মোবাশ্বেরভাইয়ের অ্যালটমেন্ট থেকে)। ভাত। সামান্য স্যালাড।

ফোনটা বাজে আবার। ইশরার। সাধারণত সে ফোন করে না। ছন্দু উদ্বিগ্ন বোধ করে, ইশরার জানায়–তার আগের চাকরির দু'জন সহকর্মী আজকে আসছে তার সাথে। অসুবিধা হবে কি? এ বাড়িতে কেই বা আসে? ছন্দু ফোনটা ছেড়ে দিয়ে ফ্রিজ থেকে ইলিশ মাছের পিস বের করে পানিতে ভেজায়। কে যেন তাকে শিখিয়েছিল, মাছে মাখবার মশলাতে একটু সরষের তেল দিতে হয়, তাতে মশলা মাছে ভালোমতন মজে…

সন্ধ্যাটা কেটে গেল ডিনারের টেবিলে। ইশরারের এক সহকর্মী জ্যামেইকান মহিলা, দেখা গেল তিনি মুচমুচে ভাজা ইলিশের মাথা খেতে ভালবাসেন। একটা হাসিখুশী সন্ধ্যা কাটালো তারা বহুদিন পরে, এই নোনাধরা কাউন্সিল ফ্ল্যাটে। রাত বেড়ে গেলে ইশরার গেল অতিথিদের এগিয়ে দিতে, ছন্দু গেল গার্বেজ শ্যুটে ময়লা ফেলতে, আড়চোখে দেখল লিফটে উঠছে মসৃণ তলপেটে কাঁটাগোলাপ উল্কি, উজ্জ্বল লাল লিপস্টিক, কলপ করা চুল।

ঘুমোতে যাবার আগে ইশরার এসে তাকে ধন্যবাদ জানিয়ে গেল, শ্রমসাধ্য আয়োজন করবার জন্যে। ছন্দু আগে বিব্রত হতো–তার বাপ তো তার মাকে জীবনেও রান্নার জন্যে ধন্যবাদ জানায়নি, ক'হাজার বার রেঁধেছে মা? এইসব ধন্যবাদ ছাড়াই? এখন ছন্দু অম্লানবদনে শোনে। প্রাপ্য হিসেবে বুঝে নেয়।

রাতে বেশি খাবার জন্যে কি না কে জানে, ছন্দু অদ্ভুত সব দুঃস্বপ্ন দেখে।

চেরাই করা কাঠ আর ছিট কাপড়ের ফালি দিয়ে তৈরি পুতুলের ঘর, তাতে ছেঁড়াখোঁড়া একখানা পুতুল। সারি সারি ঘর।

বাতাসে পোড়া গন্ধ। ধূসর ধোঁয়া।

মোজাহীন কাঠের জুতো পরা সারি সারি মানুষ কাঠের বাংকে শুয়ে আছে।

আগুনে পটপট করে পুড়ছে কী সব। ফসফর ঢেলে দিয়েছে কে আগুনে…

ছন্দু ঘাড়ে করে একটা লাশ বইছে, লাশটা এতো পচে গেছে যে ছন্দুর হাঁটবার সাথে সাথে আঙুল-টাঙুল সব এক এক করে খসে পড়ছে লাশটার। আড়চোখে ছন্দু চেয়ে দেখে লাশটার গলিত কাপড়ের থেকে একটা সোনার ব্রোচ ঝুলছে।

ছন্দু শুনতে পায় ইশরার ফিসফিস করে বলছে–"তুমি গ্লাভ্‌স পরলে না কেন? টাইফাসের ভয় নেই তোমার?''

লাশ বইতে গিয়ে এক পর্যায়ে ছন্দু টলে পড়ে যায়, একটা দশাসই লোকের হাত ধরে ফ্যালে তাকে, টানতে টানতে একটা কানাগলিতে নিয়ে যায়। ছন্দুকে দেয়ালের সাথে তুলে ঠেসে ধরে তুমুল শব্দে রে'প করতে থাকে।

ছন্দু প্রাণপণ আওয়াজ করতে চেষ্টা করে, গলায় তুলার মতন কী সব আটকে যায়।
একসময় লোকটা ছন্দুকে ছেড়ে দেয়, হাতের মুঠোয় গুঁজে দেয় দু'টো চকোলেট, বলে– "চায়ের সাথে খেয়ো।''

বেন
মিসেস রোজেনবার্গ, তুমি খয়েরি পরচুলা পরো, তার ওপর রুমাল বাঁধো, তার ওপরে হ্যাট, তোমার জরির সুতোর মতন সোনালি চুল কি এতই অশ্লীল?

মিসেস রোজেনবার্গ, তোরার ৬১৩খানা ব্যাখান শুনতে তোমার ভালো লাগে–এই যে কখন জলপাই তেল আর কখন ভুট্টার তেলে খাবার রাঁধতে হবে এইসব?

মিসেস রোজেনবার্গ, হাজার বছর আগে কবে মিশরের দাসদের চোখ বেয়ে দর দর করে জল পড়ত, সেজন্যে এখনো তোমার সেলারি নুনজলে চুবিয়ে তুলতে হবে? কবে তুমি আজকের হবে?

এইসব কিছুই তার মুখ ফুটে বলা হয় না।

অতিসেদ্ধ আর তেলজবজবে খানা খায়, তেতো হার্ব, দাঁত কন কন করার মতো মিষ্টি পাই। ঘাস নিড়ায়। মাটি কুপিয়ে সবজি লাগায়। রেশন তুলতে যায়। গাড়ি ধুয়েমুছে সাফ করে। গরমকালে তার গাল ভরে ওঠে আলোর পোকার মতন লাল লাল তিলে, গা চুলকাতে থাকে বিছুটিপাতা লেগে নয় একজিমায়।

স্যামুয়েল রোজেনবার্গ বুড়োটে গোছের দেখতে। তার চামড়া কুঁচকে গেছে বয়েসের আগেই। বুড়ো বাগানে বসে থাকে, চোখেমুখে গভীর অবসাদ। কোনদিকে তাকিয়ে আছে বোঝা যায় না। মিসেস রোজেনবার্গ কখনো বুড়োর চুল ছেঁটে দেয়, খবরের কাগজ ফুটো করে গলায় গলিয়ে দিয়ে। মিসেস রোজেনবার্গ কখনো এসে বুড়োর পিঠের নিচে বালিশখানা জুতে দেয় ভালোমত, বেনের সামনেই বুড়ো থাবা তুলে দেয় মিসেস রোজেনবার্গের বুকে।

পরে খাওয়ার সময় মিসেস রোজেনবার্গ ফ্যাকাশে মুখে বেনকে ফিরিস্তি দেয়–"স্যামের মন ভালো না, এতগুলি মৃত্যুর মিছিল বুকের ওপর দিয়ে চলে গেলে কারই বা মন ভালো থাকে!''

বেন খেতে খেতে অপাঙ্গে মিসেস এলসা রোজেনবার্গের মেটে হাঁড়ির সরার মতো বুক দ্যাখে, মন ভালো না থাকলে যাতে থাবা তুলে দেয়া যায়…

মাথার উপরে সূর্যাস্তের গোল বেগুনি আকাশ। হলুদ আলো। নীল ধকধকে তারা। নিস্তেজ শাদা চাঁদ। গরমের সন্ধ্যা, আলো থাকে অনেক রাত অব্দি। বাগানের বিছুটিগাছগুলিতে নীল নীল ফুল, বাটারকাপের হলদে ফুল। দিনের আলো শুষে নিয়ে গাছগুলি একরকম গন্ধ ছড়ায় সন্ধ্যাবেলা। বেন রোজেনবার্গদের বাড়িতে আসবার কতদিন পরে তার মনে নেই, সেইরকম একটা সন্ধ্যাবেলা সে আর এলসা বাগানের টুলহাউসটার ভিতরে মাকড়সার জাল-তার্পিন-কীটনাশক-শাবল-বালতির মাঝখানে শুয়ে পড়েছিল। বেন-এর প্রথম। মৃত্যুচিৎকার করতে করতে টানেলের ভিতরে ঢুকে যাওয়া ট্রেনের মতন। এলসা শক্ত হাতে ওর মুখ চেপে ধরেছিল। যদিও তার মুখে ছিল হাসি। এলসার মুখে সেই প্রথম। অন্ধকার টানেলে ট্রেন ঢুকে যাবার আগে শেষবারের মতো জানালায় দেখতে পাওয়া সবুজ উইলো গাছের মতন–

শেষ হয়ে গেলে প্যাঙলা-লাল তিলে আচ্ছন্ন বেনকে বুকের উপর থেকে আগাছার মতন উপড়ে অক্লেশে সরিয়ে দিয়েছিল এলসা।

বেন জানতো তার ব্যক্তিগত বলে কিছু নেই, ছাল ছাড়ানো খরগোশের মতন নাঙ্গা মা, আঠালো হাসি হেসে ম্যাডেলিন বেক করা নানি, জেলখানার জুতো-মোজা-রুমাল-পাতলুন-চিঠি (সুপারিন্টেন্ডেন্ট আকছার সবার চিঠি খুলে পড়ত) কিছুই তার ছিল না–সেভাবেই তার জীবন যাচ্ছিল। সন্ধ্যার বিছুটিনীল অন্ধকারে তার শরীর থেকে কী সব বের হয়ে এল ইচ্ছার মতন… তার বুকের ভিতর ছুরির মতন একটা ইচ্ছা বিঁধিয়ে দিল এলসা, ব্যক্তিগত কিছুর ইচ্ছা।

নিজের হিসুর মিয়ানো রাইস-ক্রিস্পির মতন গন্ধের ভেতর নিজেকে গুঁজে দিয়ে বুড়ো বেন কিশোর বেনকে নিয়ে হাসে। একটিমাত্র শারীরিক মিলন ব্লটিং পেপারের মতন শুষে নিচ্ছে বেনকে। বিষণ্ন যুবক করে দিচ্ছে তাকে। শ্বাপদের মতো ঘুরছে সে স্যামুয়েল রোজেনবার্গের আশপাশে। তার চোখ জ্বলছে। তার শ্বাস জ্বলছে। প্রতিরাতে এলসা শোবার ঘরে চলে যাবার পরে সে প্রদক্ষিণ করে চলেছে রোজেনবার্গদের শোবার ঘর।

এলসা কিন্তু সেই সন্ধ্যার পরে একটুও বদলাল না, একই রকম পাথুরে মুখ, একই রকম নির্লিপ্ত দায়িত্বসচেতনতা, ঘণ্টার পর ঘণ্টা ধরে ক্যারিয়াটিড কলামের মতন দাঁড়িয়ে থেকে চিকেনস্যুপ সেদ্ধ করা-উপবাস-সিনাগগে যাওয়া।

মানুষখেকো বাঘের মতো শুধু পায়ে পায়ে ঘুরতে থাকল বেন। তার ইচ্ছে করত কোনো দ্বীপে চলে যেতে, সেখানে তাদের সংসার হবে, ছেলেপুলে হবে–অনেকগুলি ছেলেপুলে। সেকথা এলসাকে বলবে সেটা অব্দি তার সাহসে কুলাত না। অক্ষম আক্রোশে স্যামুয়েলের সোনার ঘড়িখানা কি কলমখানা চুরি করে বেচে দিয়ে আসতো সে।

বুড়ো বেন মোম মাখা ট্রাফের ওপরের মৃত ব্যাঙের মতন শুয়ে থাকে–যেন কোনো সেকেন্ডারি স্কুলের ছাত্রের হাতে ব্যবচ্ছিন্ন হবে বলে অপেক্ষায়। চোখ কুঁচকে কিশোর বেনকে দেখতে থাকে সে, বেন বাগানের মাটি ঝুরো করে শসা লাগাচ্ছে, স্যামুয়েলের দুই বোন এসথার আর মার্গট আসবে বলে কভেন্ট গার্ডেনে ফল-মেওয়া কিনতে যাচ্ছে। আস্তে আস্তে তার মনে হচ্ছে এলসা বুড়োকে ভয়ানক ভালবাসে। বেন শুধু পুতুল।

এলসা বুড়োকে খাওয়াবে-শোওয়াবে-গা মোছাবে-জামা বদলে দেবে আর কখনো শুধু মাঝে মাঝে বেনের সাথে শুতে আসবে।

রাতে শুয়ে শুয়ে স্বপ্নে সে এলসার স্তনে মুখ রেখে থর থর করে কাঁপে। তার শরীর ভিজে ওঠে, তার বিছানা সপসপে। একসময় তার চোখও ভিজে ওঠে।

সেইসব রাতগুলিতে সে মনে মনে ভাবত সকাল হলেই যেদিকে দু'চোখ যায় চলে যাবে সে, সকাল হলে এলসাকে দেখবার জন্যে নতুন করে অস্থির হত।

ঠিক আটমাস বাদে এক শীতকালের সন্ধ্যায় বেনকে হিড় হিড় করে আবার টুলশেডে টেনে নিয়ে এল এলসা রোজেনবার্গ। অনেক রাগ পুষে রেখেছিল বুঝি বেন, কিছুই তার মনে পড়ল না, স্বপ্নের মতোই সে এলসার বিপুল স্তনে মুখ রেখে থর থর করে কাঁপতে লাগল। আগের মতোই এলসা তার মুখ চেপে ধরে থাকল। অন্ধকারে চটচটে মেঝেয় শুয়ে বেনের মনে হল–এলসা একটা ভয়ে একটা আশঙ্কায় কাঁটা হয়ে আছে। একটা অনতিক্রম্য দেয়াল তার ভেতর, হাজার গুঁতিয়েও বেন তা ভাঙতে পারছিলনা… কী হয়েছে তার?

শেষ হবার পরে এলসা ছাদের দিকে চেয়ে শুয়ে থাকতে থাকতে বলে—"প্রতিরাত্রে আমার মনে হয়, স্যামের মুখে বালিশচাপা দিয়ে মেরে ফেলি।"

বেনের জন্য? তার পৃথিবী দুলে ওঠে। বহুক্ষণের চেষ্টায় সে বলে—"আমরা দু'জন কোথাও চলে যাই চল।"

এলসা একটু অবাক হয়। কাত হয়ে তার দিকে তাকায়। দাড়িগোঁফ সমাচ্ছন্ন বেনের মুখে হাত বোলায়–যেন হাত বুলিয়ে তাকে চিনতে চেষ্টা করে সে। বলে–"এর সাথে তোমার কোনো সম্বন্ধ নেই বেঞ্জামিন।"

বেন তার হাত নিজের মুখে চেপে ধরে–"এলসা, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না।"

এলসার মুখ প্রগাঢ় অন্ধকারের ভিতরও বোঝা যায়, বিমর্ষ হয়ে আসে। বেনের মুখ দু'আঙুলে তুলে ধরে দীর্ঘ চুমু খায় সে। বেনের পাখনার মতন সরু হাড়ের হাতগুলি ধরে আবার তুলে আনে তাকে নিজের কাছে।

তোমার এত বড় বড় উজ্জ্বল চোখ কেন দিদিমা?

তোমার এত ধারালো দাঁত কেন দিদিমা?

তোমার মাথায় এত জরির সুতোর মতো চুল কেন দিদিমা?

একরকমের স্থায়ী বুভুক্ষায় বেনকে ছিঁড়ে খেতে থাকে সে।


অলঙ্করণ: রনি আহম্মেদ

ছন্দু
পর পর কয়েকরাত দুঃস্বপ্ন দেখবার পরে ছন্দু একরাতে ইশরারের ঘরের দরজায় টোকা দিল। ইশরার ঘুম ভেঙে ধড় ফড় করে উঠে বসে।

–"কী হয়েছে?"

–"কিছু না। খারাপ স্বপ্ন।"

ইশরার অকাতরে ওর খাটের একটা পাশ ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ল।

অন্ধকারে নিচু ছাদের দিকে তাকিয়ে ছন্দু মনে মনে কিছুক্ষণ ভেড়া গুনল। ঘুম এল না। বাইরে আকাশে রুপোর পিরিচের মতন চাঁদ। রো-হাউজগুলির সারি সারি কালো কার্নিশে রাতচরা বিড়ালের সিলুয়েট বসে আছে। (তার বিয়ে হয়েছিল চৈত্রমাসে, অজস্র রজনীগন্ধা ছাওয়া একটা ঘরে সে আর ইশরার মুখোমুখি বসে ছিল।)

ছন্দু জ্যাক দ্য রিপারের কাহিনী পড়ত, রস্তভ রিপার… বেশিরভাগ সিরিয়াল কিলারই কি শারীরিকভাবে অক্ষম ছিল? রক্ত না দেখতে পেলে তাদের শীর্ষসুখ হতো না…

এইসব সাতপাঁচ ভেবে নিয়ে আলাদা ঘরে চলে গেছিল সে। হাঃ, এখন হলেও-হতে-পারে–সিরিয়াল কিলারের পিঠের পাশে গুটিসুটি মেরে শুয়ে ভয় কাটাচ্ছে সে।

স্বপ্ন দ্যাখে ছন্দু আবার। অজস্র রজনীগন্ধা ছাওয়া একটা ঘরে সে আর ইশরার মুখোমুখি বসে আছে। ছন্দুর গলায় সোনার দাঁতের মালা। দাঁতগুলিতে রক্ত।

পরদিন অজানা বাসরুটে করে একটা অজানা এলাকায় চলে আসে সে। স্টোক নিউয়িংটন। সারি সারি লাল ইটের বাঁধানো বাড়ি। উইস্টেরিয়া লতা। আঙিনা তকতকে, তাতে অজস্র বাচ্চা খেলছে। বাচ্চা ছেলেদের মাথার দু'পাশ থেকে লতিয়ে গালের দু'ধারে নেমেছে কয়েক গাছা চুল। বাচ্চা মেয়েদের পরনে কালো আর রয়াল ব্লু স্কার্ট। পায়ে পরিষ্কার মোজা আর ফ্ল্যাট শু।

একটা বাড়ির সামনে এসে থামল সে। ঘাস-আগাছায় জংলি হয়ে আছে সামনের বাগান। নীল নীল আগাছার ফুল। পুরনো দেয়ালের চটে যাওয়া পলেস্তারায় একখানা নাম খোদাই করা–রোজেনবার্গ হাউজ।

এখানে কেন এলো সে? ছন্দু বাড়িটার সামনের খাটো দেয়ালে কোট মুড়িসুড়ি দিয়ে বসে রইলো।

বেন
ক্লেয়ার এল সকালেই। বেনের ঘরের পর্দা সরিয়ে সকাল আসতে দিল, বেনের বিছানা পালটে দিল, বেনকে মুখহাত ধুতে পাঠাল, পরিচ্ছন্ন হয়ে ফিরে এসে বেন ফুর্তির সাথে দেখল তার জন্যে প্রাতরাশ তৈরী। ট্রে'র পাশে এমনকি ডাকে আসা চিঠিগুলিও ডাঁই করে রাখা। সকালবেলার এই সময়টুকু তাদের খুব প্রিয়, বেন আর ক্লেয়ার দু'জনেই ভান করে যায়–যেন এই উঞ্ছ জীবন তাদের নয়, তাদের জীবন মস্ত বড়লোকের, মহা আয়েসের।

আগে ক্লেয়ার প্রতিদিন আসত। বেনের খুব যত্ন করত সে। এখন বাচ্চাটা হবার পরে সে আর কুলিয়ে উঠতে পারে না।

সকালের রোদে ম্যাপল জ্যাম দেয়া ডেনিশ খেতে খেতে (যদিও তার মানা) বেন ক্লেয়ারকে চুরিয়ে দেখে। তার মতোই হাত-পা হয়েছে ক্লেয়ারের। পাখার মতো ছড়ানো, দীর্ঘ। হাতের পাতা-পায়ের পাতা জলচর পাখির মতন চ্যাপ্টা–বড় বড়। ওর বয়েসের বেন অবশ্য বড় বদরাগী ছিল–এই উচ্ছলতা তার আর অবশিষ্ট ছিল না।

রোজেনবার্গদের বাড়িতে সে কত বছর ছিল? এর ভেতর তার বালকবেলা শেষ হয়েছে, যৌবনের প্রাইম-রিব সময়টুকু সে কাটিয়ে দিয়েছে টুলশেডের ভিতরে অপেক্ষমাণ। একসময় তার নিঃশব্দ পায়ে পিছু নেয়া আর জ্বালাময় নিঃশ্বাস ফেলা শেষ হলো, প্রাকৃতিক নিয়মেই। যার কোনো ফল নাই, গতি নাই, তার যেভাবে শেষ হয়। বাগানের দিকে অপার অবসাদে তাকিয়ে থাকা স্যামুয়েলও মরল না, এলসাও তার সাথে যাবার জন্যে কোনো তাড়াবোধ করল না কখনো। শুধু ওর বুড়ো কুত্তিটা চলে আসবার দিন তেড়ে এসেছিল বেনকে, তিক্ত-বিরক্ত-আশাহত বেন চলে এসেছিল ক্ল্যাপটনে, তার এক বন্ধুর সাথে মিলে বাড়িভাড়া নিয়েছিল সে। ওয়ার্কিং মেন্‌স কলেজে পড়ত সেই বন্ধু। জিম। বেন কাজ করত পাবে, বাড়ি ফিরত পাঁড় মাতাল। তার মুখের পেশীগুলি কেউ একটা ভ্রুকুটিতে বজ্র-আঁটুনি দিয়ে রেখেছিল, সেই গিঁট খুলতো না কিছুতেই। অবসরে ব্যাকইয়ার্ডের মাটি কুপিয়ে স্কোয়াশ লাগাত–মিষ্টিকুমড়ো আর আলু। টমাটো লাগিয়েছিল এক মৌসুমে, জিমের কেলে কুকুরটা এসে বেছে বেছে পাকা টমাটো খেয়ে যেত। ইয়ার্ডে রোদে বসে জিমের লাইব্রেরি থেকে আনা পাঁজা পাঁজা বই নেড়ে দেখত বেন।

জিম ছিল হাসকুটে, বজ্জাত। বেন যে কোনো মেয়ের সাথে মেশে না এই নিয়ে হাসতো সে, হাসতে হাসতে বলতো বেন নাকি তার যৌবন একটা বাক্সে পুরে তার চাদ্দিকে কার্বলিক এসিড ছড়িয়ে রেখেছে–হাঃ বাক্সই বটে, টুলহাউজকে একটা জানালাহীন বাক্স তো ধরেই নেয়া যায়, তেতো মুখে হাসতো বেন।

জিমের কাছে একটা মেয়ে আসত। তার নাম ছিল গার্টি। লালচে চুল। মুখখানা ছেলেমানুষি আনন্দে ভরপুর। কবে জিমকে এড়িয়ে তার চোখ পড়ল বেনের দিকে, বিষণ্ন-খিটখিটে যুবক বেনের দিকে–সেটা তাদের তিনজনের কেউই হলপ করে বলতে পারবে না।

বেন গার্টিকে বিয়ে করলে জিম খুব দুঃখ পেয়েছিল কি? বেনের মনে আজ অব্দি গভীর সন্দেহ হয় যে, জিম ইচ্ছে করে রেলওয়ে সেতুর ওপর থেকে ঝাঁপ দিয়েছিল। ভালো করেনি জিম। সারাজীবন গার্টিকে স্পর্শ করলে তার মনে হত পরস্ত্রী, বিছানায় শুতে এলে মনে হত জিমের ঘামের গন্ধ লেগে আছে বিছানায়। গার্টি তিন ছেলেপুলে নিয়ে আলাদা হয়ে গেছিল। বেন তাদের দেখতে যেত, চিড়িয়াখানা দেখতে যেমন যায় লোকে। দেখত জংলি-আগাছার মতন বড় হচ্ছে তার ছেলেমেয়েরা। তাদের ফাটা কলার উলটে সেলাই করে দিচ্ছে গার্টি। তাদের মিনিমাগনায় খেতে দিচ্ছে ইস্কুল। একদিন গার্টি তাকে পষ্ট বলে দিল–"এই যে তুমি আদিখ্যেতা করে এদের দেখতে আস, এন্তার শসার স্যান্ডুইচ খাও আর চা খাও, এদের ইস্কুলের বই দেখ-ড্রয়িং খাতা দেখ, এইসব আমার আর দরকার নেই। তুমি আর এস না।"

বেন আবার একা।

মাঝের অনেকগুলি বছর তার মনে হত–এলসা তার জীবনে ঘটেই নি। স্টোক নিউয়িংটনের ঐ বাড়িটা, দরজার উপরে ঐ সাতখানা হাত বিস্তার করে দাঁড়ানো বাদামফুলি ল্যাম্পটা, ঐ লালটালির টুলশেডটা, ঐ ধপধপে জার্মান শেপার্ড কুকুরীটা এইসব কিছুই তার জীবনে ঘটেনি। ভুলেও নর্থ লন্ডনের ঐ দিকটায় যেত না সে।

ক্লেয়ার ওর ঘাড় মালিশ করে দেয়, আদর করে এলোমেলো করে দেয় ওর অবশিষ্ট চুলের গোছা। দুপুরের জন্যে সস্তা-মটন আর আলু-গাজর-পার্সনিপ সেদ্ধ চড়িয়ে দেয়। অন্ধকার বাড়িটা একটা মিষ্টি খাবারের গন্ধে ভরে উঠতে থাকে। বেনের সোফার হাতায় বসে বলে–"বেন, তোমার মিসেস রোজেনবার্গ বহুদিন তোমাকে আর কিছু পাঠাচ্ছেন না তো!"

বেন সামনের ফোকলা দাঁতে তোবড়ানো মুখের ভেতরটা চুষতে চুষতে আলগা হাসে, কে জানে এলসা এখন কোথায়–বেঁচে আছে না মরে গেছে, জুইশ চ্যারিটিতে তার সকল জামাকাপড় বোঝাই করে দিয়ে এসেছে কেউ–কবরের চাপ চাপ পচা পাতার তলায় তাকে পোকারা হল্লা করে কুরে খাচ্ছে কিনা–ইস্‌, বেন শিউরে উঠে চুপ হয়ে যায় মনে মনেও। চুপচাপ চেয়ে দেখে ক্লেয়ারের তলপেটে কাঁটাগোলাপ ডাঁটাসহ উল্কি…।

"তোমার কে হয় বেন? এই মহিলা?" কতবার জিজ্ঞেস করেছে ক্লেয়ার।

"কেউ না।" জবাব করত বেন।

লেটার্স ফ্রম অ্যান আননোন উয়োম্যান। সিনেমাটা দেখে কেঁদেছিল সে। শক্তসমর্থ পুরুষমানুষের তিক্ত কান্না।

কয়েকবছর আগে লাইব্রেরিতে ভলান্টারি কাজ করত বেন। ততদিনে সে ক্লাস-এ ড্রাগ ছেড়েছে। মদ্যপান কমিয়েছে। ছোটখাটো শারীরিক পরিশ্রমের কাজগুলি করছে। একদিন এক বুড়ি এল লাইব্রেরিতে। যেমন অনেকে আসে। খুট খুট করে হেঁটে গেল বেনের সামনে দিয়ে। সারাবেলা বই পড়ল। তারপরে চলে গেল। যেমন অনেকে যায়।

র্যা স্পবেরিরঙ নেলপলিশ দেয়া ছিনে পড়া আঙুল। সাদা ব্লাউজ। বেরিরঙা স্কার্ট। স্বচ্ছ গোলাপি স্কার্ফ সোনালি ব্রোচে আটকানো। ব্রোচে লাল লাল ক্ষুদে চেরি, ফিকে রঙা চেরি ফুল।

এভাবে কয়েকদিন।

একদিন বুড়ি তার সামনে এসে সোজা হয়ে দাঁড়াল–"বেঞ্জামিন, তুমি আমাকে চিনতে পারোনি!"

কী করে চিনবে বেন? কোথায় জরির সুতোর মতো সোনালি চুল–আয়ত চোখ—জলফড়িং-এর নীলচে ডানার মতো আইরিস?

ভিজে পেপারম্যাশে বানানো একখানা তুবড়ে যাওয়া বুড়ি। তার মাথায় ঝুরি ঝুরি বরফ পড়েছে। তার গায়ে পোকামারা ওষুধের মনখারাপকরা গন্ধ।

বেন এত ঘাবড়ে গেছিল যে সে কথাই বলতে পারেনি… বুড়ি তার হাতে গুঁজে দিয়েছিল নিজের ঠিকানা, আর বেনের ঠিকানা টুকে নিয়েছিল।

এলসা রোজেনবার্গ তারপর থেকে তাকে পার্সেল পাঠাত, তাতে থাকত বই কিংবা চকোলেট, কখনো পোস্টকার্ড। এ নিয়ে রগড় করতো ক্লেয়ার।

বেনের খুব ইচ্ছা হত দু'কলম লেখে, কী লিখবে ভেবে পেত না। কাগজ-কলম নিয়ে বসত যদিও। কাটাকুটি করে উঠে আসত। ধু-ধু কাগজ ছাপিয়ে তার মনে পড়ত অন্ধকার টুলশেড। ভিজেমাটির আশ্চর্য গন্ধ। অন্ধকার ফুঁড়ে বিদ্যুতের মতো জেগে ওঠা ফটফটে শাদা শরীর।

গভীর বেদনায় তার মনে পড়ত–এক জনম আগে সে সেইসব ফেলে এসেছে। ফেলে এসেছে বটে, অক্ষত ফেলে এসেছে–তাতে সময়ের ঘাসদুব্বো গজায়নি। দিব্যি জীবিত আছে সে-কাল। এত প্রলয়কাণ্ড বুকে চেপে সে কিছু লিখতে পারত না।

ছন্দু
রাতে শুয়ে শুয়ে সে বোধ করে ইশরারের বুকের কপাট শ্বাসের সাথে সাথে বন্ধ হচ্ছে, খুলছে। অ্যাজমা আছে তার। ছন্দু উঠে বসে। বলে–"বুকে তেল মালিশ করে দেব?" ইশরার তেল মাখে প্রায়ই, সুইট আমন্ড অয়েল।

ইশরার মাথা হেলিয়ে অসম্মতি জানায়। ছন্দু গরম পানি নিয়ে আসে কাপে করে।

একসময় আবার ঘর নিঃশব্দ। অন্ধকারে ইশরারের বুকের কিনারা দিয়ে ওপারে তাকায় সে। মাথার উপর ঘনিয়ে আছে শ্রাবণের কালো আকাশ। নদীর পাড় দিয়ে ক্ষেত। ধান। পাট। তিল। খেসারি। কত কী জন্মায় সে সব ক্ষেতে। নদীর বালিতে মরা নীলাভ ঝিনুক।

ছন্দু তার চুলে ভরা মাথা ওর গায়ে ঘষে, বলে–"আমার খুব জানতে ইচ্ছা করে। কেমন লাগে!" অন্ধকারে ইশরার ওকে তাকিয়ে দেখে, তার চোখ অন্ধকারেও বোঝা যায়–বেদনাবিদ্ধ।

"ছন্দু তুমি যদি কারও সাথে সম্পর্ক করতে চাও"… ছন্দু তাকে কথা বলতে দেয় না–"আমার শুধু জানতে ইচ্ছা করে, আর কিছু না। আমি জানি তোমার আমার জন্যে মায়া-মমতা আছে, একরকম দুঃখ আছে, এইসব দিয়ে আর কিছু হয় না?"

ভোররাতে জেগে গেল ছন্দু, ইশরার প্রবল উদ্যমে গোসল করছে বাথরুমে। শুয়ে শুয়েই সে দেখল ইশরার রীতিমত সৌরভের হলকা হয়ে ঘরে ঢুকল। মাথা মুছল ঘষে ঘষে। ফেসক্রীম মাখল। চুলে আঙুলের চিরুনি চালাল। অলসভাবে চোখ মুদে ছন্দু ভাবল–লোকটা তাকে অপছন্দ করে না, আঘাত দিয়ে কথা বলে না, ঘাড়ে আটদশটা কাজের বোঝা দিয়ে রাখে না… শারীরিক সম্পর্কহীন যেকোনো সৌজন্যপূর্ণ সম্পর্কের মতো তাদের সম্বন্ধ। তাদের মধ্যে এইরকম নৈঃশব্দ্য রাখবার কোনো কারণ নেই। কারণ নেই কারণ ছন্দুর কোথাও যাবার নেই। দেশে সে ফিরে যেতে পারে না। এদেশেও আলাদা থাকবার তার রেস্ত নেই।

আজকে তার কাজ নেই। ইশরার চলে যাবার পরে তার অঢেল অবসর। 'লন্ডন এ-জেড' হাতে নিয়ে বেরিয়ে পড়বার দিন। শুধু মুদিদোকানে গিয়ে অল-ডে বাস-পাস করে নিলেই চলবে।

লিফটে কাজ চলছে। ছন্দু ফায়ার-স্টেয়ারে আসে। তিড়িং তিড়িং করে নামতে থাকে। এই সিঁড়িঘরটাকে ভয় খায় সে, প্রায়ই এসব সিঁড়িঘরে খুন-জখমের ঘটনা ঘটে। বুড়োমত একটা লোক খুট খুট করে নামবার চেষ্টা করছিল, ছন্দুর সামনেই সে আঁ-আঁ করে পড়ে যায়। ছন্দু দেখবে না-দেখবে না করেও ঝুঁকে আসে। বুড়ো হিসি করে ফেলেছে, মুখ দিয়ে লালা গড়াচ্ছে তার।

ছন্দু হাত বাড়িয়ে বুড়োকে মেঝে থেকে আগলে নেয়। নোংরা মেঝে। কবুতরের বিষ্ঠায় ভরা। দ্যাখে ঘোলাটে চোখে বুড়ো তার দিকে চেয়ে আছে–জড়িয়ে জড়িয়ে বলছে—"আমি বেন, আমাকে ঘরে পৌঁছে দাও।"

–"কত তলায় তোমার ঘর?"

বুড়ো সাড়া দেয় না। একটা হুডি পরা অল্পবয়স্ক ছেলে দাঁড়িয়ে পড়েছে–"ডু ইউ নিড হেল্প মিস?"

ছেলেটা আর ছন্দু মিলে বুড়োকে তুলে আনে, ছন্দুর ঘরে। বুড়োর পরনে স্যাঁতসেঁতে রঙ কর্ডুরয়ের ট্রাউজার। গায়ে বিকট দুর্গন্ধ।

ছন্দু অ্যাম্বুল্যান্স-এ ফোন দেয়।

প্যারামেডিক-নার্স-ডাক্তার চলে আসবার আগে বুড়ো চোখ খোলে আবার। মেঘনার জলের ম্লানরঙ তার চোখের মণি। ঘুঘুরঙা চুল। ছন্দু বুড়োর মাথার কাছে ঝুঁকে যায়–"কিছু বলবে? পানি খাবে?"

বুড়ো কী বলতে গিয়ে স্থির চোখে তার কাঁধের দিকে তাকিয়ে থাকে। ছন্দু ওর চোখ অনুসরণ করে কিছু দেখতে পায় না। শরতে পরবার হালকা লাইলাক রঙা শালে মাথা মুড়ি দিয়ে ব্রোচে আটকে রেখেছে সে…।

তাকিয়ে দ্যাখে–বুড়োর চোখে জল। ছপ ছপ করছে। আঙুল তুলে ওর কাঁধের দিকে দেখায় বুড়ো।

ছন্দু অ্যাম্বুল্যান্সের অপেক্ষা করতে থাকে।

বেন
অনেকদিনের জমা হওয়া মেইল দেখতে দেখতে ক্লেয়ারের ক্লান্ত চোখ একঝলক ঝিকিয়ে উঠলো–"বেন, আজকে তোমার সুদিন। তোমার একখানা মোটা খাম এসেছে।"

বেন তার পুরনো শিঙরঙা নখ বিঁধিয়ে খাম খোলে। ক্লেয়ার উঁকি দেয় ওর কাঁধের পাশ দিয়ে, বলে–"এ তো অনেকদিন আগের চিঠি, তারিখ দেখো!" সলিসিটরের চিঠি। ভেতরে আরেকখানা সীলগালা দেয়া খাম। কে এক মিস্টার ল্যাংকাস্টার তার মক্কেল মিসেস রোজেনবার্গের উইল অনুসারে তার মৃত্যুর পরে তার একখানা গচ্ছিত চিঠি পাঠিয়েছেন বেঞ্জামিনকে। বেন স্বয়ংক্রিয় হাতে সীল ভেঙে অন্য খামটা খোলে–পাতলা কাগজে টানা টানা হরফে লেখা।

"প্রিয় বেন,
তুমি যতদিনে এ চিঠি পাচ্ছ, তদ্দিনে আমি কারও ভালবাসা-ঘৃণা-বেদনা-অভিশাপ থেকে সম্পূর্ণ মুক্তিলাভ করেছি।

জীবনের শুরুতে তুমি আমাকে ভালবেসেছিলে বেন, অল্পবয়েসের স্বপ্ন-আশা-প্রস্তুতিহীনতা মেশা একরকম ভালবাসা। আমি সে দান গ্রহণ করেছিলাম কি? তোমার হয়তো মনে হয়ে থাকবে আমি সে উপহারের মর্যাদা দিইনি। তা নয় বেন, অমর্যাদা হবে বলেই তা গ্রহণ করিনি।

তুমি আমার জন্ম জানো না, আমার কূল জানো না, আমার জীবনের কিছুই জানো না, অথচ তুমি আমাকে অকাতরে ভালবেসেছিলে। যে ভালবাসা মানুষকে নোনাজলে চুবিয়ে শুদ্ধ করে নেয়। কিন্তু আমার শুদ্ধি তো হবার নয় বেন।

তুমি যদি এসে বলতে কখনো—"মিসেস রোজেনবার্গ, তুমি কোথায় ছিলে ১৯৪৪-এর জুন থেকে ১৯৪৫-এর এপ্রিল অব্দি?"

কী জবাব দিতাম আমি?

তুমি যদি একদিন বলতে–মিসেস রোজেনবার্গ, তুমি কি ভেবেছিলে তোমার নির্জলা উপবাস-ইহুদী স্বামী-ইহুদী চ্যারিটিতে দান-হানুকাহ্‌ কুকি-মাংসের পদ আর দুধের পদের আলাদা রুপোর পাত্র এইসব মিলে তোমায় বর্মের মতন ঘিরে রাখবে? মিসেস রোজেনবার্গ, তুমি কি ভেবেছিলে মিস নোভাক, মিস গ্রীনবার্গ, মিস ম্যাক্সিমভের কোনো আত্মীয় বেঁচে থাকবে না?"

কী জবাব দিতাম আমি?

যেমন অবলীলায় আমি যুদ্ধের শুরুর বছরগুলিতে খদ্দেরদের চুল কাটতাম, তেমনি অবলীলায় আমি মানুষ মারতে দেখেছি, যেন তারা ঐরকম প্রাণহীন-রক্তসংবহনহীন অপ্রয়োজনীয় ফলিকল মাত্র। যুদ্ধের শেষদিকের ঐ সময়টা আমি কাজ করতাম র্যা ভেনসব্রাক কনসেন্ট্রেশন ক্যাম্পে। আমি ছিলাম ডগ-গার্ড–ওয়াইমারানর কুত্তা ছিল আমার, মিশমিশে ধূসর তার রঙ। ক্যাম্প থেকে যারা পালাতে যেত, তাদের নিঃশব্দ শয়তানের মতন তাড়া করতো তারা।

আমার চোখের সামনে গুলি করে-শ্বাসরোধ করে-জ্যান্ত কবর দিয়ে-অমানুষিক শ্রমে খাটিয়ে-বিষাক্ত ইঞ্জেকশন বিঁধিয়ে কত ভাবেই না মানুষকে মারা হয়েছে, কত না জাতের তারা–জিপসী, ইহুদী, পোলিশ, চেক, রোমানি। পোলিশরা পরত লাল ত্রিভূজ, ইহুদীদের হলদে, চোর-ছ্যাঁচোড়দের জন্যে সবুজ। কামানো মাথা মানে পোলিশ আর চেক নারী। মাথাভরা সোনালি চুল মানে স্ক্যান্ডিনেভিয়ান নারী। এ যেন সংকেতের পৃথিবী। গণিতের মতন নির্ভুল।

ক্যাম্পের বাইরে আমি ছিলাম নারী, ক্যাম্পেও কিন্তু আমি নারীই। পুরুষের ইচ্ছার অধীন, তার কামনার দাস, তার আজ্ঞার দাস। ক্যাম্পের বন্দিনীদের অন্য ক্যাম্পে চালান করা হত, বেশ্যাবৃত্তির জন্যে–তারা বিশ্বাস করতো কয়েক মাসের বেশ্যাবৃত্তির বদলে তারা মুক্তি পাবে, দল বেঁধে তারা আবার চালান হয়ে আসত ক্যাম্পে, মরা চোখ, দলিত শরীর। শ'খানেকের বেশি জিপসী মহিলাকে শেষের দিকে বন্ধ্যা করা হয়েছিল আমার ক্যাম্পে, তারা জানত না তাদের কী করা হচ্ছে।

বেন, একটা পর্যায়ে তুমি জীবনকে আর বাধা দাও না, জীবন চলতে থাকে গোলাকার কোনো বস্তুর মতো, তুমি তার পশ্চাদনুসরণ করো–নিরুপায়ভাবে পিছু নাও শুধু, আনন্দ না-সুখ না-ঈর্ষা না-দুঃখ না একরকম নির্ভার বোধ শুধু… আমার নিজের একটা সন্তান হয়েছিল ৪৫-এ, বেশিদিন ভোগেনি সে, জন্মের ক'দিনের ভিতরেই আমাশয়ে মরেছিল–বার্লিনে সে সময় আমাশয়ের মড়ক চলছে।

র্যা ভেনসব্রাক ট্রায়াল শুরুর আগেই আমি পালিয়ে গেছিলাম। সন্তানশোক মুছে, চুলের রঙ বদলে, কান থেকে অগনন মানুষের মৃত্যুচিৎকার মুছে দিয়ে।

তার পরের ইতিহাস অদ্ভুত। আমি নাম বদলাই, ধর্মান্তরিত হয়ে এক ইহুদী ব্যবসায়ীকে বিয়ে করি, এদেশে পালিয়ে আসি।

একসময় আমি চুলের ছাঁট পালটে যেভাবে মানুষের মুখের গড়ন বদলে দিতাম, সেইরকম মনোযোগে নিজের জীবন পালটে দিলাম। ঘরকন্নার কাজে মন দিলাম। আমার পড়াশোনার দৌড় বেশি ছিল না, পড়তে শুরু করলাম। উপাসনালয়ে যেতে লাগলাম নিয়মিত।

বিবাহিত জীবনেও আমি কেবলি নারী, সন্তানধারণ আর সংসারপালন ছাড়া আমার আর কোনো গন্তব্য নেই, আমি পুরুষের আজ্ঞাবহ এখানেও। কিন্তু আমার অনিকেত জীবন একরকমের শান্তি পেল সেখানে, একরকমের ঠিকানা, একরকমের স্যাংচুয়ারি। যেন পুনর্জন্ম হলো আমার।

কী আশ্চর্য জানো বেন, আমার স্বামী স্যাম-এর মা-কাকিমা আর বড় বোন কিন্তু ১৯৪২-এ এই র্যা ভেনসব্রাক থেকেই চালান হয়ে গেছিল আউস্উইশ-এর গ্যাস চেম্বারে। স্যামের পরিবারের পাসওভারের খানা তোয়ের করবার সময় আমি কতবার মনে মনে বলেছি–"তখন তো আমি ক্যাম্পে চাকরি নিইনি, আমি এসেছি ৪৪-এ।" যেন তাতে হাত থেকে রক্তক্ষালন হয়।

আমি কি প্রতিদিন ভয় পেতাম কনসেন্ট্রেশন-ক্যাম্প রোস্টারের নামগুলিতে ইমিগ্রেশন অফিস আমার নাম খুঁজে দেখবে? পেতাম। আমি কি প্রতিদিন আশঙ্কায় কাঁপতাম–আমার পরিশ্রমের গড়া এই সংসার–যেখানে আমার স্বস্তি মিলেছে–সম্মান জুটেছে সেখান থেকে আমাকে টেনে-হিঁচড়ে নামানো হবে আমার আসল জায়গায়? হ্যাঁ, কাঁপতাম। আমার স্বামী স্যাম, ভালবাসা না হোক, শ্রদ্ধা-নির্ভরতায় আমার জীবন ভরে দিয়ে আমার পাশে ঘুমোচ্ছেন, প্রতিরাতে আমার মনে হত তাঁর মুখে বালিশচাপা দিয়ে মেরে ফেলি, আমার জীবনের কলঙ্কের ইতিহাস জানবার আগে তাঁর মৃত্যু হোক।

যা হোক, একজীবনে তিনি আমার ক্যাম্পজীবনের কোনো কথা জানেন নাই। আমার হাতে অত্যন্ত বিশ্বাসের হাত রেখে তাঁর জীবন শেষ হয়েছে। স্টার অভ ডেভিড খচিত কবরফলক শিয়রে রেখে তিনি শুয়ে আছেন চিরশয্যায়, তাঁর পাশের কবরটা আমার হবে–প্রাকৃতিক মৃত্যুদণ্ড আমায় স্পর্শ করলে। আমাদের তেমনি ইচ্ছা। একটা জীবন, কে বলে বিশাল, কেটে গেল তো!

যা ঢাকবার জন্যে আমার তাড়নার অন্ত ছিল না, তা তোমার কাছে অকাতরে কেন নগ্ন করে দিলাম বেন?

কারণ তুমি জানো।

আজ এই শেষসময়ে এসে তোমাকে তা উল্লেখ করে লজ্জা দেব না। জীবনভর পালিয়ে যাওয়ার অবসান হোক বেন, ধরাই যদি পড়তে হয় সে তোমার কাছে।"

বেন চিঠিটা খামে ঢুকিয়ে রাখে। ক্রমাগত হাত মুছতে থাকে তার ময়লা কর্ডুরয়ের ট্রাউজারের ঊরুতে।

স্টোক নিউয়িংটন, লন্ডন নর্থ, ইউ.কে., ৭ জুন, ২০১০

sstania19@googlemail.com

—
ফেসবুক লিংক । আর্টস :: Arts