তসলিমা নাসরিনের ‘নির্বাচিত কলাম’ নিয়ে কিছু প্রশ্ন
তসলিমাকে নিয়ে যে লেখাটা আজ লিখতে বসেছি জানি না সকলকে আমার ভাবনাটা বোঝাতে পারবো কিনা। ভয় একটাই। কোথাও না বড় একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সেজন্য তসলিমা সম্পর্কে আমার নিজের অবস্থানটা প্রথমে পরিস্কার করে নিলে বোধহয় ভালো হয়।
বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে, সমাজে পুরুষতন্ত্রের আধিপত্য সম্পর্কিত প্রশ্নে সোচ্চার হয়ে কর্তৃপক্ষের বিরাগভাজন হয়েছেন, সেজন্য মাত্র ৩১ বছর বয়সেই তাকে দেশ ছাড়তে হয়েছে। আর তিনি দেশে ফিরতেই পারেন নি। কখনো ইউরোপ, কখনো আমেরিকা, কখনো ভারতবর্ষে তাঁকে গত বাইশ বছর থেকে নির্বাসনে কাটাতে হচ্ছে। সত্যিই তো একজন লেখকের কাছে এরচেয়ে বড় শাস্তি আর কী হতে পারে? লেখক যদি তাঁর ভাষিক অঞ্চল থেকে নির্বাসিত হন, লেখার বিষয়বস্তুর জগত থেকে নির্বাসিত হন তাহলে তো তাকে হত্যাই করা হলো। তসলিমা তাঁর নিজের বিশ্বাসে দৃঢ় থেকেছেন, আপোষ করে প্রতিপক্ষের থেকে দেশে ফেরার সুবিধেটুকু আদায় করেননি। সেজন্য তিনি আমাদের সকলের শ্রদ্ধাভাজন। এতে কোনো দ্বিরুক্তি নেই, ঘাটতি নেই।
কিন্তু এই সব কিছু মেনে নিয়েও কিছু প্রশ্ন থেকে যায়: সেগুলি হলো নারীপুরুষ সম্পর্কে তাঁর কিছু সাধারণ উক্তি। সেইগুলির সব কি মেনে নেওয়া যায়? যেমন নির্বাচিত কলাম-এর ৬৪ পৃষ্ঠায় তিনি একটি ঘটনার কথা লিখছেন: একদিন দুপুরবেলা (মনে হয় ১৯৯০ এর গোড়ায় হবে) তসলিমা ও তাঁর বোন ঢাকা শহরে রিক্সা করে আসছেন (ধানমন্ডি গ্রীনরোড এলাকায়) তখন দু'জন দুস্কৃতিকারী এসে তাদের টাকা পয়সা ইত্যাদি সব দিয়ে দিতে বলে, এবং ভয়ের চোটে তাঁরা সব দিয়েও দেন। তসলিমার বক্তব্য ঐ সময় রাস্তায় অনেক লোক ছিল কিন্তু কেউ তাঁদের সাহায্য করতে এগিয়ে আসেনি। তসলিমা লিখছেন, নারী নিয়ে ঘরে বাইরে যা কিছুই ঘটে সবই মজার ঘটনা। লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখে! কিন্তু আমাদের বক্তব্য সেদিন যদি রিক্সায় দু'জন পুরুষ থাকতো তাহলেও কী ঘটনা একইভাবে ঘটতো না? পথচারীরা কি একইভাবে দাঁড়িয়ে থাকতো না? কারণ প্রাণের ভয় তো সকলেরই আছে। ছিনতাইকারীরা সশস্ত্র, বাকিরা তো নিরস্ত্র। নিরস্ত্র কী সশস্ত্রকে মোকাবেলা করতে পারে? আমার মনে হয় ঘটনাটাকে যদি আমরা পুরুষ নারীর সমস্যা থেকে দেখি তাহলে সঠিক উত্তর পাবো না, সমস্যাটার আসল চেহারাটাকে দেখতে পাবো না। সমস্যাটার আসল চেহারাটা আমরা তখনই দেখতে পাবো যখন এরকম ঘটনা কেন ঘটে সেই সম্পর্কে বাস্তব কিছু তথ্য যোগাড় করতে পারবো।
নির্বাচিত কলাম –এর ৭৫ নং পৃষ্ঠায় আছে যে অল্পবয়সে তসলিমা মামাবাড়ি গিয়ে লুকিয়ে সিগারেট খেয়ে ধরা পড়ে ভর্ৎসিত হয়েছিলেন। তাকে বলা হয়েছিল 'মেয়েদের সিগারেট ছোঁয়া বারণ'। প্রশ্ন এই, তসলিমার জায়গায় যদি ঐ বয়সের তসলিম বলে কেউ হতেন তবে কি তাকে কোনোভাবে রেহাই দেওয়া হতো? তার কপালেও কি কিলচড় একই ভাবে জুটতো না? ঐ বয়সে ঐরকম নিষিদ্ধ কাজের জন্য একই ফলভোগ করতে হতো কী ছেলে হোক, কী মেয়ে– যেই হোক। অবশ্য তার মানে এই নয় যে আমি বলতে চাইছি ছেলে এবং মেয়েকে আমাদের সমাজে একই চোখে দেখা হয়। মোটেও তা নয়। ছেলে এবং মেয়ের প্রতি সমাজের বিভেদমূলক দৃষ্টি নিয়ে বহুদিন ধরে প্রতিবাদ/প্রতিরোধ আন্দোলন চলছে। ১৮৯৪ খ্রীষ্টাব্দে লেখিকা শরৎকুমারী চৌধুরানী (১৮৬১-১৯২০) 'ভারতী' পত্রিকায় একটি গল্প লিখেছিলেন, 'আদরের না অনাদরের'। ঐ গল্পে দুই প্রজন্মের নারীদের মধ্যে তর্কবিতর্কের মধ্যে এটিই প্রতিষ্ঠা করা হয় যে মেয়েসন্তান আদরের, অনাদরের নয়। বাংলাসাহিত্যে, সমাজে এটি বহু পুরোনো সমস্যা, বহুদিন থেকেই এটা নিয়ে আন্দোলন তর্ক-বিতর্ক চলছে। তসলিমা নতুন কোনো সমস্যার কথাও বলেননি, আর এই সমস্যা সমাধানে কোনো নূতন পথ নির্দেশও দিতে পারেননি। খুব জলোভাবে কিছু গা-গরম করা কথা বলেছেন। যেমন বাংলায় 'স্ত্রীধর্ম' (পৃ-৯৯) শব্দটি প্রচলিত কিন্তু পুরুষদের প্রতি প্রযোজ্য সমধর্মী 'পুরুষধর্ম' বলে কোনো শব্দ নেই। কারণ পুরুষদের 'সতীত্ব' ' মমতা' 'বাৎসল্য' নির্দেশক কোনো গুন সমাজ দাবী করে না। সত্যিই কী? আমি ব্যক্তিগতভাবে বহু পুরুষকে চিনি আত্মীয় এবং অনাত্মীয়র মধ্যে যাঁরা একগামী যাঁরা যৌনশোষণ করে না এবং পুত্রকন্যা ও অন্যান্যদের প্রতি স্নেহশীল। অবশ্যই 'পতিতা' 'সতী' প্রভৃতি শব্দ প্রযোজ্য একমাত্র মেয়েদের জন্য, কিন্তু আমাদের সমাজটা কী এরকম যেখানে পুরুষদের জন্য কোনো অনুশাসনই প্রয়োগ করা হয় না? আমাদের সমাজে সব পুরুষই কি বৌকে ধরে পেটায় আর সুন্দরী মেয়েদের নিয়ে বেলেল্লাপনা করে? যদি তাই হয়, যেমন তসলিমা নির্বাচিত কলাম-এ বলেছেন, তাহলে আমি স্বীকার করছি যে সেই সমাজকে আমি চিনি না।
নির্বাচিত কলাম-এ সতীধর্মের মাহাত্ম্য নিয়ে অনেক আলোচনা, উদ্ধৃতি আছে। অবশ্যই সতীনারীর জয়গান নিয়ে আমাদের সমাজে অনেক সময় শক্তি খরচ হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আজও কী সব মেয়েই সতীর খপ্পরে পড়ে আছে? আজ ভারতবর্ষে বাংলাদেশে অগুনতি মেয়েরা যে শুধুমাত্র শ্রম আর বুদ্ধিকে অবলম্বন করে মাথা উঁচু করে দাড়িয়েছে, তারা কারা?
তসলিমার অনেক উক্তিই অগভীর, যথেষ্ট খোঁজ খবর নিয়ে পৌঁছোনো সিদ্ধান্ত নয়। যেমন নির্বাচিত কলাম-এর ৪৮ পৃষ্টায় তসলিমা লিখছেন, 'মৃচ্ছকটিক' নাটকে রাজা চারুদত্তের সঙ্গে বসন্তসেনার বিয়ের কথা হয়। কিন্তু যাঁরা 'মৃচ্ছকটিক' পড়েছেন তারা জানেন যে চারুদত্ত রাজা নয়, একদা প্রভুত অর্থশালী কিন্তু বর্তমানে নিঃস্ব বণিক। নাটকে প্রেমোপাখ্যানটি গভীরতর হয়েছে এই কারণেও যে ঐশ্বর্যময়ী, অপূর্বসুন্দরী এবং চৌষট্টী কলায় পারদর্শিনী বসন্তসেনা দারাপুত্রের অধিকারী চারদত্তকে নিবিড়ভাবে ভালোবেসে তাঁর দ্বিতীয় স্ত্রী হয়েছেন। 'মৃচ্ছকটিক' নাটকের দুষ্ট রাজা তো 'পালক', নাটকের শেষে যাঁর পতন ঘটেছে এবং ভালো রাজা 'আর্যক'-এর অভ্যুত্থান ঘটেছে। মৃচ্ছকটিক একটি সংস্কৃত নাটক। ভাষার দূরত্বের জন্যই আজ সকলের পক্ষে নাটকটি পড়ে ওঠা সম্ভব নয়, আর একজন চিকিৎসকের পক্ষে অন্যভাষার সাহিত্যের খুটিনাটি জানাও বোধহয় সম্ভব নয়। তা সত্ত্বেও যদি কেউ তা করতে চায় তাহলে ভুল তথ্যের যোগান দেওয়া হয় যে।
তসলিমার আমি ভালো নেই, তুমি ভালো থেকো'র ৫৯ পৃষ্টায় তিনি লিখছেন পৃথিবীতে ভাষার জন্য প্রাণ দিয়েছেন একমাত্র বাঙালীরাই। ডাহা মিথ্যা কথা। ১৯৫২-র ১৫ই ডিসেম্বর পট্টিশ্রীরামালু দক্ষিন-ভারতে আমরন অনশন করে মৃত্যুবরণ করেন তেলেগু ভাষার জন্য, ১৯৯৬-এ সুদেজ্ঞা শহীদ হয়েছেন আসামের বরাক ভ্যালিতে মনিপুরী ভাষার জন্য।
নির্বাচিত কলাম-এ তসলিমা নারীকে যৌনপ্রতীক হিসাবে দেখার সামাজিক দৃষ্টির বিরুদ্ধে সঙ্গত কারণেই তুখোড় প্রতিবাদ করেছেন। কিন্তু তিনিই সুইডেনে পৌঁছে লিখছেন "আমার অসময়ের ঘুম ভাঙিয়ে হঠাৎ লেনা নামের এক মেয়ে লিকলিকে দাঁত উঁচু, স্তনহীন লাল চুলো, এসে রোবটের মত চিকন গলায় বথা বলতে শুরু করল" (আমি ভালো নেই, তুমি ভালো থেকো, পৃ: ১৩ ) একটি দেশে যেখানে তিনি আশ্রয়প্রার্থী হয়ে গেছেন সেখানকার একজন নারীকে তিনি যেভাবে বর্ণনা করেছেন তা কি খুব আপত্তিকর নয়? নারীর শরীরের আপত্তিকর বর্ণনা দিয়ে তাকে চেনালেন নারীবাদী তসলিমা?
তসলিমা সম্পর্কে আমার মত জানালাম, তার লেখায় এতো স্ববিরোধ আছে যে বেশি খুঁজে বের করতে হয় না তা। তসলিমা তাঁর লেখার মধ্যদিয়ে সমাজ থেকে নারীপুরুষের বৈষম্য দূর করতে চান। তাঁর উদ্দেশ্য নিয়ে কোনো প্রশ্ন নেই, প্রশ্ন তাঁর পদ্ধতি নিয়ে। সমাজের একটি প্রাচীন ব্যাধিকে দূর করতে হলে অনেকের চেষ্টায় একটা দীর্ঘ লড়াই, একটা সুচিন্তিত রণকৌশলের মধ্যে তা চালাতে হবে। একজন ব্যক্তির জেহাদে সেটা সম্ভব কী? আজকাল যেকোনো ঘটনারই একটা খবর হয়ে ওঠার সম্ভাবনা থাকে, 'মিডিয়া' তাকে লুফে নেয়। 'মিডিয়া'-ও তো মুনাফালোভী ব্যবসা, অনেক কায়েমীস্বার্থ সেখানে জড়িত। অনেক জটিল কাটাকুটির খেলা থাকে সেখানে। জানিনা, এত দুঃখ যন্ত্রনা সহ্য করেও তসলিমা সেই মিডিয়ারই শিকার কিনা!
