২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রিলেটেড রাইটস : অংশীজনের যৌথ অধিকার

monjurur_rahman

Published : 12 Jun 2014, 08:31 PM

Updated : 03 Oct 2022, 11:27 AM

বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ে সচেতন উন্নত বিশ্ব বিশ্বাস করে-বিগত শতাব্দী ছিলো আইটির যুগ আর একবিংশ শতাব্দী আইপি-র যুগ। তাদের প্রতীতি জন্মেছে যে, একজন আধুনিক মানুষ প্রতিদিন কোনো না কোনোভাবে একশ থেকে দেড়শ আইপি ব্যবহার করে সংস্কৃতিবান হয়ে ওঠেন। তারা উপলব্ধি করলেও বাংলাদেশ এবং এরকম আরো অনেক স্বল্পোন্নত সমাজের মানুষ যেন বাতাসের মধ্যে ডুবে থেকে বাতাসের অস্তিত্ব টের পান না; তারা প্রতিনিয়ত আইপি সমুদ্রে অবগাহন করেও আইপির অস্তিত্ব সম্পর্কে প্রদর্শন করেন চরম ঔদাসীন্য।

মানুষের মৌলিক চাহিদা-অন্ন, বস্ত্র ও বাসস্থানের মানসম্পন্ন যোগান নিশ্চিত করার পেছনেও আইপি বা বুদ্ধিবৃত্তিক সম্পদের ভূমিকা অপরিসীম; যার অধিকাংশই নিয়ন্ত্রিত হয় শিল্পজাত বুদ্ধিবৃত্তিক (Industrial IP) সম্পদ দ্বারা। কিন্তু মৌলিক চাহিদার পূর্ণতাই জীবনের পরিপূর্ণতা নয়। প্রাত্যহিকতার বাইরে প্রতিটি মানুষকে মানুষ হয়ে উঠতে হয়, সুন্দরের পূজারি হয়ে উঠতে হয়। তার মনে কোনো না কোনো সময় দোলা দেয় সঙ্গীতের সুর, কবিতার ছন্দ, নৃত্যের তাল-লয়-করিওগ্রাফি, গল্পের গাঁথুনি, ক্যানভাসে রঙের দ্যোতনা, সেল্যুলয়েডে আলো-আঁধারির খেলা ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সৃজনশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজে যুক্ত হয়ে অথবা তার ভোক্তা হয়ে তিনি হয়ে ওঠেন উন্নত জীবন ও সংস্কৃতির অধিকারী। আর এই নান্দনিক- শিল্পিত সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে কাজ করা এবং এর যথাযথ ব্যবস্থাপনার বিষয়টি নিয়ন্ত্রিত হয় কপিরাইট দ্বারা।

কপিরাইট শব্দ বা ধারণাটি আমাদের অনেকের কাছেই পরিচিত ও ষ্পষ্ট হলেও কপিরাইটের অন্তর্গত 'রিলেটেড রাইটস' শব্দগুচ্ছের সঙ্গে অনেকেরই পরিচয় নেই। যাদের জন্য এই রাইটস বা অধিকার তাদের কাছেও এ সংক্রান্ত ধারণাটি অস্পষ্ট। বিষয়টির সিংহভাগ জুড়ে আছে পারফরমিং আটর্স। সবচেয়ে সহজ উদাহরণ 'গান'। গানে কী কী থাকে? কথা, সুর এবং একজন পরিবেশনাকারীর কণ্ঠের পরিবেশনা। কপিরাইটের দৃষ্টিতে যিনি গানের কথা লেখেন, যিনি গানে সুর করেন তার যে অধিকার তা হচ্ছে কপিরাইট। আর যিনি গীত লিখলেন না, কথায় সুর বসালেন না কেবল কণ্ঠে ধারণ করে পরিবেশন করলেন তার যে অধিকার তা 'রিলেটেড রাইট' বা আনুষঙ্গিক অধিকার বা প্রতিবেশির অধিকার। আমরা অন্যের লেখা ও সুর করা গান কেউ গাইলে অর্থাৎ পরিবেশন করলে তাকে 'শিল্পী' বলে চিহ্নিত করি। কিন্তু উন্নত বিশ্ব যে ব্যক্তি তিনটি কাজ একসঙ্গে করেন অর্থাৎ গানের বাণী রচনা করেন, সুর সংযোজন করেন এবং অতঃপর পরিবেশন করেন কেবল তাকেই শিল্পী নামে অভিহিত করে। অন্যদিকে বাণী ও সুর রচনা ছাড়া যিনি কেবল পরিবেশনা কর্ম করেন তিনি পারফর্মার বা সম্পাদনকারী হিসেবে খ্যাত হন। বাংলাদেশের কপিরাইট আইন ২০০০ (২০০৫ সালে সংশোধিত)-এর ধারা ২ এর ৪২ এ 'সম্পাদনকারী' কে তা পষ্ট করে চিহ্নিত করা হয়েছে। আইন বলছে- "সম্পাদনকারী" অর্থ অভিনেতা, গায়ক, বাদ্যযন্ত্রী, নৃত্যকর, দড়াবাজকর, ভোজবাজিকর, জাদুকর, সাপুড়ে, লেকচারদাতা অথবা কিছু সম্পাদন করেন এমন যে কোন ব্যক্তি অন্তর্ভুক্ত হইবে;' ১

একটু মনোযোগী হলেই উপলব্ধি করা সম্ভব যে, একটি গানের ক্ষেত্রে যে তিন ধরনের অধিকার যুক্ত হয়ে আছে তার মালিকানা বা স্বত্বাধিকারী একজনও হতে পারেন আবার ভিন্ন ভিন্ন তিন জনও হতে পারেন। এ বিষয়ে আমাদের সামনে উজ্জ্বল উদাহরণ রবীন্দ্র ও নজরুল সঙ্গীত। বাংলা ভাষায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দুজন মহান স্রষ্টা যাঁরা একই সঙ্গে বাণী রচনা, সুর সৃষ্টি এবং পরিবেশনার কর্ম সম্পাদন করে গেছেন। তাঁরা একই সঙ্গে কপিরাইট ও রিলেটেড রাইটস-এর অধিকারী। অন্যদিকে আজ যারা রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, লালনগীতি, রাধারমণ ইত্যাদি গান কণ্ঠে ধারণ করে আমাদের সামনে উপস্থিত হন তারা কেবলই 'সম্পাদনকারী' বা পারফর্মার; যাদের আমরা গায়ক বা গায়িকা নামেও মর্যাদাবান করে থাকি। শিল্পী এবং সম্পাদনকারীর অধিকারের মেয়াদেও রয়েছে সুস্পষ্ট পার্থক্য। তিনটি কাজ যিনি একসঙ্গে সম্পন্ন করেন তার অধিকারের মেয়াদ যেদিন কর্মটির সৃষ্টি বা রচনা সম্পন্ন হলো সেদিন থেকে স্রষ্টার জীবনকাল এবং তার মৃত্যুর পর আরো ষাট বছর পর্যন্ত সম্প্রসারিত। অন্যদিকে সম্পাদনকারীর অধিকারের মেয়াদ অপেক্ষাকৃত কম সময়ের জন্য। বাংলাদেশের কপিরাইট আইন, ২০০০ এর ৩৫ ধারায় বিবৃত আছে-
"৩৫। সম্পাদনকারীর অধিকার।-(১) যেক্ষেত্রে কোন সম্পাদনকারী কোন সম্পাদনে আবির্ভূত বা নিয়োজিত হন, তাহার উক্ত সম্পাদন-এর বিষয়ে একটি বিশেষ অধিকার থাকিবে, যাহা "সম্পাদনকারীর অধিকার" নামে অভিহিত হইবে।

(২) সম্পাদন যে বছর প্রথম করা হইয়াছে উহার পরবর্তী পঞ্জিকা বর্ষের শুরু হইতে পঞ্চাশ বৎসর পর্যন্ত সম্পাদনকারীর অধিকার বিদ্যমান থাকিবে।" ২
অর্থাৎ একজন সম্পাদনকারী তার সম্পাদনকর্ম প্রথম সৃজনের পর পঞ্চাশোর্ধ সময় বেঁচে থাকলেও বিদ্যমান আইন তাকে আর কোন অধিকার দেয় না। মনে রাখা প্রয়োজন যে ' রিলেটেড রাইটস'-এর অধিকারীবৃন্দ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অধিকার ভোগ করে থাকেন। অন্যদিকে কপিরাইটের স্বত্বাধিকারীবৃন্দ যেইদিন কর্মটি সৃষ্টি হলো সেদিন থেকে জীবনব্যাপী এবং স্রষ্টার মৃত্যুর পর তার বৈধ উত্তরাধিকারীগণ সুনির্দিষ্ট সময় পর্যন্ত আর্থিক অধিকারের সুফল ভোগের অধিকারী। উল্লেখ্য, related rights-এর ক্ষেত্রেও অধিকারীবৃন্দের Moral Rights এর মেয়াদ সভ্যতার সমান বয়সী!
Related Rights আসলে একক কোনো ব্যক্তি বা গোষ্ঠির স্বার্থ দেখে না। এর মধ্যে লুকিয়ে আছে একগুচ্ছ অধিকার। সম্পাদনকারীর অধিকারের সঙ্গে আরো দুটি পক্ষের অধিকার যুক্ত আছে সারা পৃথিবীতেই। সম্পাদনকারীর পর ক্রমান্বয়ে যাদের অধিকার বর্তায় তারা হলেন Phonogram producer ও Broadcasting organizationসমূহ। WIPO Intellectual Property Handbook-এ এ প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে —
'It is generally understood that there are three kinds of related rights: the rights of performing artists in their performances, the rights of phonograms in their phonograms, and the rights of broadcasting organizations in their radio and television programs. Protection of those who assist intellectual creators to communication their message and to disseminate their works to the public at large is attempted by means of related rights.' ৩

উদ্ধৃত WIPO রচনাংশ বিশ্লেষণ করলে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, Related Rights- এর ক্ষেত্রে তিনটি পক্ষ পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে প্রকাশক যেমন Author-এর কাছে অনিবার্য এক অনুষঙ্গ; তেমনি সঙ্গীত স্রষ্টাদের জন্য phonogram producerরাও অতি প্রয়োজনীয় পক্ষ। ঊনবিংশ শতাব্দীতে 'শব্দধারণ' যন্ত্র আবিস্কারের পর থেকে সঙ্গীত আর গৃহে আবদ্ধ থাকেনি। বদ্ধ ঘরের খিরকি দুয়ার অতিক্রম করে সুর ছুড়িয়ে পড়েছে সর্বত্র। কালের বিবর্তনের ধারায় বিজ্ঞান ও প্রযুক্তির প্রভূত উন্নয়নের ফলে শিল্পী বা সম্পাদনকারীর স্বপ্ন বাস্তবায়নে পৃথিবীব্যাপী Producerবৃন্দ সুদূরপ্রসারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। বিষয়টি বাস্তবসম্মতও বটে। কেন না সৃজনশীল একজন স্রষ্টার পক্ষে তার সৃষ্টি ভোক্তা বা ভক্তের ঘরে পৌঁছে দিতে হলে অবশ্যই Producer ও পরিবেশক-এর সহযোগিতার প্রয়োজন পড়ে। তা না হলে সঙ্গীতপণ্য কোনোদিনই ভোক্তার হৃদয়কে স্পর্শ করতে পারে না। অন্যভাবে বললে অত্যুক্তি হবে না যে, স্রস্টা যদি নিজেই তার সৃষ্টপণ্য বাজারজাত বা প্রান্তজনের কাছে পৌঁছানোর দূরুহ কাজে ব্রতী হন তাহলে তার পক্ষে নতুন নতুন সৃষ্টির পথ অনতিবিলম্বে রুদ্ধ হতে বাধ্য। সে জন্যই দুপক্ষের আন্তরিক কার্যকর আইনানুগ শ্রদ্ধাযুক্ত সম্পর্কের ওপর নির্ভর করে সংশ্লিষ্ট দেশীয় 'সঙ্গীতশিল্পের' (Music Industry) ভবিষ্যৎ।

উল্লেখ্য, Related Rights-এর অধিকার কেবল সঙ্গীতের ক্ষেত্রেই প্রযোজ্য নয়; সব ধরনের প্রযোজনামূলক সম্পাদনকর্ম-নাটক, নৃত্য, যাত্রা, কনসার্ট, চলচ্চিত্র, সভা বা অনুষ্ঠানাদিও এর অন্তর্ভুক্ত হতে পারে। কর্মটির ধারণকর্ম সম্পন্ন হওয়ার পরও কিন্তু এর চূড়ান্ত বিকাশ বা প্রচার নাও হতে পরে। সে জন্য Related Rights-এর ক্ষেত্রে আরো একটি পক্ষ সক্রিয় আছে বুদ্ধিবৃত্তিক সম্পদবিশ্বে; যার নাম Broadcasting Organization বা সম্প্রচার কর্তৃপক্ষ। আকাশ সংস্কৃতি শাসিত এযুগে সম্প্রচার সংস্থাগুলোকে উপেক্ষা করা সম্ভব নয়। কোনো স্রষ্টা বা রেকর্ড কোম্পানি কোনো কর্ম শব্দযন্ত্রে ধারণের পর তা কোন সম্প্রচারকারী প্রচার করতে চাইলে তা সম্প্রচার করতে দিতে অস্বীকৃতি জানানোর বিধান নেই। কেবল চুক্তির মাধ্যমে শর্তাদি পূরণ করার রীতি আছে বিশ্বব্যাপী। Broadcasting Organizationসমূহের গুরুত্বপূর্ণ এই অধিকারের ফলে যেকোনো দেশের কর্ম খুব সহজেই জাতিক থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে যেতে সক্ষম। এ জাতীয় প্রতিষ্ঠানসূহের আইনানুগ অধিকারের কারণেই তারা বৈধভাবে প্রাপ্ত অন্যের সৃষ্টি এবং নিজস্ব সৃষ্টি সম্প্রচার করে দর্শক-শ্রোতার তথ্য, জ্ঞান ও সাংস্কৃতিক রুচি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে, কোন Broadcasting Authority তার নিজস্ব সৃষ্টকর্ম অনুরূপ অন্য কোন প্রতিষ্ঠানকে পুনসম্প্রচারের অনুমতি দিতে অস্বীকারের অধিকারও সংরক্ষণ করে। WIPO প্রকাশনা থেকে আমরা জেনেছি 'There were the interests of broadcasting organizations as regards their individually composed programs. The broadcasting organizations required their own protection for there as well as against retransmission of their own programs by other similar organizations;'4
উল্লেখ্য, Related Rights পৃথিবীর অনেক দেশে Neighbouring Rights নামেও পরিচিত। নেদারল্যান্ডের Erasmus University Rotterdam-এর অধ্যাপক Ruth Tows তাঁর Copyright in the Cultural Industries গ্রন্থে বল্ছেন –
'Neighbouring rights (rights 'neighbouring on' copyright) are property rights of performers for their fixed performances and of firms in the cultural industries that create works, such as literary publications, sound and image recordings and the like. Copyright lasts for the life of the author plus 70 years and neighbouring rights 50 years from the date of fixation. It should be noted that in countries with an Anglo-Saxon legal tradition (such as the UK and USA), there is not such a strong distinction between copyright for authors and neighbouring rights as there is in European countries, where authors' rights are limited to individuals and moral rights have a stronger role. These differences, however, are being gradually eroded due to international conventions.
The basic right conferred on the copyright holder is that of controlling or restricting acts of copying – reproducing the work, issuing copies to the public, performing the work in public, broadcasting it by wire or satellite and including the work in a cable programme, playing and showing the work in public and renting or lending it to the public. The author may license, assign or sell economic rights outright or in part, or transfer them to agent; moral rights, however, are unwaivable.'5

১৮৮৬ সালের বার্ন কনভেনশন-এ যেমন কপিরাইট সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে বর্ণনা আছে ঠিক তেমনি ১৯৬১ সালের International Convention for the protection of performers, producers of phonograms and Broadcastion Organizations বা Rome Convention-এ সম্পাদনকারী, ফনোগ্রাম প্রডিউসার এবং সম্প্রচার কর্তৃপক্ষের অধিকার সংরক্ষণের বিধি-বিধান বর্ণিত হয়েছে। বাংলাদেশ বার্ন কনভেনশন ও রোম কনভেশন-এ স্বাক্ষরকারী দেশ হওয়ায় আমাদের জাতীয় কপিরাইট আইন বার্ন কনভেনশন ও রোম কনভেনশন-এর রীতি-নীতির সঙ্গে সঙ্গতি রেখেই প্রণীত হয়েছে। একই কারণে আন্তর্জাতিক রীতি-নীতি ও WIPO প্রণীত দিক নির্দেশনা উপেক্ষা করে আমরা চলতে পারি না। বাংলাদেশের কপিরাইট আইন ২০০০ (২০০৫ সালে সংশোধিত) এর অধ্যায় ৫ ও ৬ এর ২৭, ২৮, ৩৩, ৩৫, ৩৬ এবং ৩৭ ধারা এবং সম্পাদনকারী, ফনোগ্রাম প্রডিউসার ও সম্প্রচার কর্তৃপক্ষের সজ্ঞা ও বার্ন কনভেনশন-এর আলোকে প্রণীত হয়েছে।

ইতোপূর্বে উল্লেখ করা হয়েছে যে, সম্পাদনকারীর অধিকারের মেয়াদ কর্মটি সম্পাদনের পরবর্তী পঞ্চিকা বর্ষের শুরু থেকে পঞ্চাশ বৎসর পর্যন্ত বলবৎ থাকবে। বাংলাদেশের কপিরাইট আইন ২০০০ এর ২৭ সংখ্যক ধারায় শব্দ রেকর্ডিংয়ের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে- 'কোন শব্দ রেকর্ডিং এর ক্ষেত্রে যে বৎসর রেকর্ডিং প্রকাশিত হইয়াছে উহার পরবর্তী পঞ্জিকা বর্ষের শুরু হইতে ষাট বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যামান থাকিবে।' ৬
সম্প্রচার সংস্থার অধিকারের মেয়াদ বিবৃত আছে কপিরাইট আইন ২০০০ এর ৩৩(২) ধারায়। বাক্যটি নিম্নরূপ-
'সম্প্রচার যে বৎসর প্রথম করা হইয়াছে উহার পরবর্তী পঞ্জিকা বর্ষের শুরু হইতে ২৫ পর্যন্ত সম্প্রচার পুনরুৎপাদন অধিকার অক্ষুন্ন থাকিবে।' ৭
উল্লেখিত ধারাসমূহ বিশ্লেষণ করলে প্রতীয়মান হয় যে একই কর্মের ভিন্ন ভিন্ন অংশীজন (Stakeholder) ভিন্ন ভিন্ন মেয়াদে তাদের যৌথঅধিকার ভোগ করে থাকেন। আমাদের আইন অনুযায়ী কালের পরিমাপে Related Rights-এর ক্ষেত্রে অধিক সময়ের জন্য সুবিধাভোগকারী শ্রেণির নাম ফনোগ্রাম প্রডিউসার। ক্ষেত্র বিশেষে তারকা সম্পাদনকারীর অধিকার অপেক্ষাকৃত কম-ন্যূনতম দশ বৎসর!

বর্তমানে বাংলাদেশে Related Rights-এর ক্ষেত্রে এক অস্থির, অস্বচ্ছ ও অরাজক পরিস্থিতি বিদ্যমান। পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস, পাইরেসি ও বেআইনি অর্থ প্রাপ্তির লিপ্সার কারণে দেশের সম্ভবনাময় একটি ক্ষেত্র ক্রমাগত ক্ষতির সম্মুখীন হচ্ছে। সম্পাদনকারী ব্যর্থ হচ্ছেন তার প্রকৃত প্রাপ্তি থেকে, রেকর্ড উৎপাদনকারীর বড় বড় লগ্নী পড়ছে ঝুঁকির ফাঁদে, সম্প্রচার নামধারী অধিকাংশ প্রতিষ্ঠান বেআইনিভাবে দেশি-বিদেশি কর্ম ব্যবহার করে আখের গোছানোর দুষ্টচক্রে নিয়োজিত রয়েছে। ফলে, সরকারও বিব্রত এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ক্রমাগত। বর্ণিত অবস্থা থেকে উত্তরণের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কার্যক্রম গ্রহণ করা যায় (কার্যক্রম কী হবে তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট অংশীজনেরা। সরকার ও বিশেষজ্ঞরা এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেবেন)। এর জন্য যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ আছে তাঁরা হচ্ছেন- গীতিকার, সুরকার, সম্পাদনকারী ও ফনোগ্রাম প্রডিউসার কর্তৃপক্ষ। বিভিন্ন ধরনের অসচ্ছতার কারণে সকল পক্ষ অর্থনৈতিকভাবে চরম সমস্যায় নিপতিত রয়েছেন। জাতিক ও বহুজাতিক প্রতিষ্ঠানসমূহ এ বৈরী পরিস্থিতিতে ঘোলা পানিতে মাছ শিকার করে হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ। উদাহরণ হিসেবে মোবাইল কোম্পানীগুলোর কর্মকাণ্ডের কথা উল্লেখ করা যেতে পারে। বিগত কয়েক বৎসরে মোবাইল কোম্পানি কর্তৃপক্ষ আমাদের শিল্পী ও পারফর্মারদের গান বিভিন্ন টোন হিসেবে ব্যবহার করে যে পরিমাণ অর্থ শোষণ করেছে তার সমপরিমাণ অর্থ সম্ভবত ব্রিটিশ ঔপনেবিশক আমলেও এদেশ থেকে পাচার হয়নি।

উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য স্রষ্টা ও উৎপাদক গোষ্ঠীকে CMO গঠনে অধিকতর আন্তরিক ও নিষ্ঠাবান হতে হবে। কেননা CMO-ই ঠিক করবে কোন কর্মে কার হিস্যা বা অধিকার কত? কীভাবে ভাগ হবে রয়্যালিটি? ট্যারিফ নির্ধারণ করবে CMO-ই। সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল পৃথিবীর প্রায় সকল দেশেই সৃজনশীল মানুষের স্বার্থ দেখ-ভাল করার জন্য সরকারের পাশাপাশি অলাভজনক প্রতিষ্ঠানরূপে দায়িত্ব পালন করে সংশ্লিষ্ট ক্ষেত্রের Collective Management Organization বা Society বা সমিতি। CMO সম্পর্কে Ruth Towse-এর বক্তব্য নিম্নরূপ–
'Collecting societies have developed over the last hundred years to administer rights on behalf of copyright owners. They are mostly non-profit-making collective organizations controlled by their members, on whose behalf they typically issue collective or blanket licences. In some countries (for example, the Netherlands), the monopoly to administer copyrights is granted by the State. Collecting societies have three main functions: they license the works in which they hold the copyright for specific uses, they monitor use and collect revenues, and they distribute the revenue as royalties to members of the society.' 8

অন্যদিকে CMO গঠনের উদ্দেশ্য এবং এর উপযোগিতা সম্পর্কে WIPO Intellectual Property Handbook-এ বলা হয়েছে–
'In the field of copyright and related rights, the experience of recent years has increasingly confirmed that the individual exercise of rights is impractical in cases where users need rapid access to a large number of works. Collective management organizations, also frequently called authors' societies, therefore play an important and very useful role of authors, composers and performers as well as for users. This is why they have experienced considerable development in parallel to the increased use of works made possible by new technology…
Composers, writers, musicians, singers, performers and other talented individuals are among society's most valuable assets. They have to be encouraged to create, by receiving incentives, namely remuneration, in return for permission to make use of their works. The essential role of a collective management organization to collect copyright fees and to distribute the appropriate amount to the copyright owners, after deducting the sum required to cover expenses, on a non-profit-making basis …..
Membership of collective management organization is open to all owners of copyright and related rights, such as authors, composers, publishers, writers, photographers, musicians, performers or phonogram producers. On joining the collective management organization, members provide some personal particulars and declare the works that they have created. The information provided forms part of documentation of the collective management organization that allows the link between the use of works and payment for that use to be made to the real owner of the rights. The works declared by the organization's members constitute what is known as the "national" "local" repertoire, as opposed to the international repertoire which is made up of the foreign works managed by collective management organizations.'9

আমাদেরও নিজেদের মধ্যকার পুরনো দ্বন্দ ও অসহযোগিতা ভুলে ইতিবাচক মনোবৃত্তি নিয়ে বসতে হবে এক টেবিলে । মনে রাখা প্রয়োজন যে, প্রচার-প্রচারণা ও প্রসারণার এ যুগে মেধাবী গুণি শিল্পীও লোক চক্ষুর অন্তরালে থেকে যেতে পারেন যোগ্য প্রকাশক বা producer এর অভাবে। এই নির্মম বাস্তবতা গভীর প্রত্যয়ে উপলব্ধি করতে হবে স্রষ্টাকূলকে। আবার producer-বৃন্দকেও শিল্পী-সম্পাদনকারীর প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বচ্ছতার সঙ্গে প্রাপ্য হিস্যা বুঝিয়ে দিয়ে দায়মুক্ত হতে হবে। দেশীয় বাস্তবতা বলে producer-দের সবাই যে কেবল সংস্কৃতির প্রতি একনিষ্ঠ দরদ ও ভালোবাসা থেকে শিল্পী বা পারফর্মাদের কর্ম প্রকাশ করেন তা নয়; নেপথ্যে কারো কারো বাণিজ্যিক ভেদ-বুদ্ধিও কাজ করে প্রবলভাবে। দীর্ঘদিন ধরে কপিরাইট অংশীজনদের CMO গঠনে আন্তরিক হওয়ার আহবান জানাতে গিয়ে প্রতীতি জন্মেছে যে, Stakeholderদের অধিকাংশেরই প্রশ্ন-কী ধরনের বা মডেলের সমিতি গঠন করলে প্রত্যেকেই উপকৃত বা লাভবান হবেন? বর্ণিত বিষয়ে চৈনিক অধ্যাপক Wenqi Liu-র বক্তব্য জেনে আমরা উপকৃত হতে পারি। Jaurnal of Intellectul Property Rights এর ২০১২ সালের জানুয়ারি মাসে প্রকাশিত ১৭তম সংখ্যার এক প্রবন্ধে তিনি লিখেছেন-
'From an international perspective, there are several models of managing and operating collective management organizations, and each of them has its own characteristics. Effectiveness and efficiency of a collective management organization (CMO) depends heavily on whether a country determines the legal status of the CMO appropriately, the approach of right acquisition, the system of dispute settlement, and the measure of controlling CMOs' potential anti-competitive affects. Therefore, it is sensible for countries to develop a feasible model based on their unique situation…
At the legislative level, there are mainly four models in use for supporting acquisition of the rights of CMOs, namely implied licensing, legal presumption, mandatory licensing and extended collective licensing.'10

ফলে, যে মডেল আমাদের জন্য উপযোগী তা সনাক্ত করে এমন একটি পরিস্থিতির সৃষ্টি করতে হবে যাতে স্রষ্টা এবং উৎপাদক উভয় পক্ষই 'win-win' অবস্থানে পৌঁছুতে সক্ষম হন। আইনানুগ সংস্থা প্রতিষ্ঠা ও নির্ভুল চুক্তি সম্পাদনের মাধ্যমে পরস্পরের আস্থা ও শ্রদ্ধা ফিরিয়ে আনতে হবে। অন্যথায় আর্থিক, নৈতিক ও সাংস্কৃতিকভাবে বর্ণিত পক্ষসমূহ; সর্বোপরি দেশ ও জাতি নিপতিত হয়েই থাকবে সংকটের সুগভীর চোরাবালিতে। পৃথিবীব্যাপী এই সংকটের প্রকৃষ্টতম সমাধান দিয়েছে CMOগুলো। সরকার ও বিশ্ববুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থাসমূহ (WIPO ও CISAC) হাত বাড়িয়ে অপেক্ষা করছে দীর্ঘদিন ধরে এদেশে সমিতি গঠনে সর্বাঙ্গীণ সহযোগিতা প্রদানের জন্য। কিন্তু আমরা যেন গায়ে তেল মেখে বসে আছি; কিছুতেই ধরা দিতে চাই না। কেবলই পিছলে বেড়িয়ে যেতে চাই। ফলে, স্বর্ণডিম্ব প্রসবকারী হাঁস লালন করেও দিনের পর দিন বঞ্চিত হচ্ছি কাঙ্খিত প্রাপ্তি থেকে; অংশীজনেরা চরমভাবে প্রতারিত বোধ করছেন তাদের যৌথ অধিকার বঞ্চনার কারণে। বড় নির্মম এই বাস্তবতা। তাই, সংশ্লিষ্ট পক্ষগণকে বলবো–
লক্ষ্য আমাদের স্থির!
অপমান-অবহেলা ঝেড়ে ফেলে
সামনে এগিয়ে চল…..
চল, পা চালিয়ে ভাই।

১. বাংলাদেশ গেজেট, অতিরিক্ত , জুলাই ১৮, ২০০০, পৃষ্ঠা : ৩১৭৩
২. বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুলাই ১৮, ২০০০, পৃষ্ঠা : ৩১৮৫
৩. WIPO Intellectual Property Handbook, wipo, Reprint 2008, Page : 46.
৪. WIPO Intellectual Property Handbook, wipo, Reprint 2008, Page : 47.
৫. Copyright in the Cultural Industries, Edited by Ruth Towse, Edward Elgar, UK. USA, 2002, Page: XVI
৬. বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুলাই ১৮, ২০০০ পৃষ্ঠা: ৩১৮৩
৭. বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুলাই ১৮, ২০০০, পৃষ্ঠা : ৩১৮৪
৮. WIPO Intellectual Property Handbook, wipo, Reprint 2008, Page : 387-389.
৯. Copyright in the Cultural Industries, Edited by Ruth Towse, Edward Elgar, UK. USA, 2002, Page: XVII
১০. Wenqi Liu, Models for Collective Management of Copyright from an International Perspective: Potential Changes for Enhancing Performance, Journal of Intellectual Property Rights, Volume 17, January 2012, Page: 46 and 48.