২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূন আহমেদ সম্পর্কে আমার স্মৃতি

alamgir_rahman

Published : 14 Nov 2013, 12:42 AM

Updated : 03 Oct 2022, 11:27 AM

এটা সম্ভবত ১৯৮৪ সালের কথা তখন আমি বিচিত্রায় চাকরি করি। তখন সংবাদপত্রে একটা ধর্মঘট হয়। এটি সংবাদপত্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধর্মঘটের ঘটনা। প্রায় বিশ থেকে বাইশ দিন ছিল এই ধর্মঘট। ওয়েজবোর্ড-এর দাবিতে ধর্মঘটটা করা হয়েছিল। তখন সাপ্তাহিক, দৈনিক সমস্ত পত্রিকাই ওয়েজবোর্ড-এর দাবিতে ধর্মঘট করে। তখন আমাদের অফিসে কোনো কাজকর্ম ছিল না। আমরা অফিসে যেতাম, গল্পগুজব করতাম। তখন বিচিত্রা ছিল অনেকটা সাহিত্য পত্রিকার মতই। ওখানে লেখকদের যাতায়াত ছিল, আড্ডা ছিল। লেখক, শিল্পী, রাজনীতিবিদ সবাই যেতেন ওখানে। বিচিত্রা তখন ছিল একটা সাংস্কৃতিক আড্ডার কেন্দ্র। নানা ধরনের, নানা পেশার মানুষ ওখানে যেতেন। তারা এসে গল্প করতেন, সমস্যার কথা নিয়ে বলতেন; দেশের সমস্যা, রাজনীতির সমস্যা। সাহিত্যিকরা যেতেন, তাদের লেখালেখি নিয়ে আলাপ হত। কারণ বিচিত্রা তখন অনেক নতুন বিষয় ইন্ট্রোডিউস করেছে বাংলাদেশে। বাংলাদেশে এ ধরনের সাপ্তাহিক পত্রিকা প্রথম ছিল বিচিত্রাই। তো সেই ধর্মঘটের সময় সংবাদপত্রের লোকেরা কেউই তখন অফিসে কোনো কাজ করতাম না অর্থাৎ পেশাগত দায়িত্বকেও তখন আমরা পালন করতাম না। তখন বিভিন্ন লেখক-শিল্পীরা আসতেন বিচিত্রা অফিসে এবং আড্ডা দিতেন। বিচিত্রার শুরু থেকেই হুমায়ূন আহমেদের ওখানে যাতায়াত ছিল। বিচিত্রার শুরুর কয়েক বছর আমি ওখানে ছিলাম না। আমি দেখতাম হুমায়ূন আহমেদ ওখানে আসত। শাহাদাৎ চৌধুরীর রুম ছিল একটা আলাদা। সম্পাদক ছিলেন উনি। হুমায়ূন আহমেদ ওখানে শাহাদাৎ চৌধুরীর কাছে যেতেন। তখন আমরাও ওখানে বসতাম। সাহিত্যের নানা বিষয় নিয়ে আলাপ হত এবং হুমায়ূন আহমেদকে দেখতাম যে উনি অফিসে ঢুকে কোনাকুনি যে রুমটা ছিল শাহাদাৎ চৌধুরীর সেখানে একদম হনহন করে ঢুকে যেতেন। কখনো তার হাতে সিগারেট থাকত, বগলে একটা বই বা পত্রিকা থাকতই। তারপরে আমরা যেয়ে বসে আড্ড দিতাম, কখনো অনেকক্ষণ থাকত, কখনো হয়ত যেয়ে দেখতাম যে আমি যাচ্ছি আর উনি চলে আসছেন। তখন উনার সাথে এরকম টুকটাক কেমন আছেন , কি করছেন এরকম একটা সম্পর্ক ছিল। খুব ঘনিষ্ঠ কোনো সস্পর্ক তখনও উনার সাথে আমার তৈরি হয় নি।

Image
humayun-1.gif

নেপালের পোখরার পথে, সম্ভবত ২০০৭ সালে

ঘটনাচক্রে এই ধর্মঘটের সময় একদিন আমরা বসে আড্ডা দিচ্ছিলাম- আমি, শাহাদাৎ চৌধুরী, মুনতাসীর মামুন, এরকম আরও কয়েকজন ছিলেন। তখন ইমদাদুল হক মিলন প্রায়ই যেতেন ওখানে। আমার তখন পৈত্রিক ব্যবসা ছিল প্রকাশনা। আমাদের কয়েক দশক ধরে, প্রায় ষাট বছর ধরে পৈত্রিক প্রকাশনার ব্যবসা। সেটা এখনও আছে। এটা প্রায় ফিফটি'জ এর সময় থেকে ছিল। প্রথমে এটার নাম ছিল 'পাকিস্তান বুক কর্পোরেশন', পরে নাম হয় 'বাংলাদেশ বুক কর্পোরেশন'। শাহাদাৎ চৌধুরী আবার তখন 'সেবা প্রকাশনী'র সাথে যুক্ত ছিল। কাজী আনোয়ার হোসেন ছিল উনার বন্ধু। তো আমাকে উনি বলল, ওই আড্ডার মধ্যেই বলল যে, 'এখন বসে বসে অলস সময় কাটাচ্ছ, তোমাদের তো পৈত্রিক ব্যবসা আছে প্রকাশনার। তো এই সময়টার মাঝে একটা কাজ কর। তুমি পেপারব্যাক বই বের কর কিন্তু সেবা'র মত না। সেবা যেমন থ্রিলার বই বের করে, অনুবাদ বের করে– সেটা না। বাংলাভাষার যে মৌলিক লেখা, ভাল যে লেখা সেগুলো কম দামে পাঠকদেরকে দেয়ার উদ্দেশ্যে পেপারব্যাক বই বের কর।' তখন সেখানে আরও যারা ছিল তারাও বলল যে, 'হ্যাঁ আলমগীর ভাই, আপনি তো এটা করতেই পারেন। আমাদের তো সেট-আপ আছেই।' তখন আরও অনেকে এটাকে স্বাগত জানাল। অনেকেই বলল যে, 'আমরা আছি, আমরা সাহায্য করব।' কিন্তু এরপরে প্রশ্ন হল এখন যে কাকে দিয়ে এটা লেখানো হবে? পেপারব্যাক বই তো সবাই লিখতে চাইবেন না। আবার প্রথম বইটা যদি হিট না হয় তাহলে তো পরবর্তী বইগুলো সেভাবে চলবে না। এটা নিয়ে তো স্বাভাবিকভাবেই মনের মধ্যে একটা দুঃচিন্তা তো থাকেই। তো এভাবে করতে করতে ঠিক করা হল যে হুমায়ূন আহমেদকে এ্যাপ্রোচ করা যায় কিনা। এখন হুমায়ূন আহমেদকে কিভাবে এ্যাপ্রোচ করা হবে সেটা নিয়ে একটা চিন্তা দেখা গেল। কারণ হুমায়ূন আহমেদ তো সেই সময় জনপ্রিয়। তার পাণ্ডুলিপি নেয়ার জন্য অনেকেই তখন আগ্রহ প্রকাশ করে আসছে। তো মুনতাসীর মামুন তখন থাকতেন মগবাজারের ইস্পাহানি কলোনিতে। ইস্পাহানি কলোনির ভেতরে না গেলে বোঝা যাবে না যে ঢাকা শহরে এত খোলা যায়গা আছে। ওখানে একেকটা করে একতলা বাড়ি বিশাল জায়গার ভিতরে। সেখানে একটাতে থাকতেন মুনতাসীর মামুন। আমরা একদিন বিকালবেলা মুনতাসীর মামুনসহ সবাই- আমি, ইমদাদুল হক মিলন, রেজোয়ান সিদ্দিকী, শাহরিয়ার কবিরসহ হাজির হলাম। তখন হুমায়ূন আহমেদকে দাওয়াত করা হল আমাদের সঙ্গে এক কাপ চা খাবেন।

Image
humayun-2.gif

পোখরায়, সম্ভবত ১৯৯৬ সালে

হুমায়ূন আহমেদ আসলেন। উনার একটা বিষয় ছিল যেটা আমি আমৃত্যু দেখেছি যে উনি কথা দিলে কিন্তু সে কথা সব সময় রাখতেন এবং সময়ের ব্যাপারে উনি খুব পাঙ্কচুয়াল ছিলেন। উনি পরবর্তীতে অনুষ্ঠানগুলোতে দেখেছি যে, ছয়টার অনুষ্ঠান উনি ছয়টাতেই শুরু করতেন। দেখা যেত যে প্রধান অতিথি আসে নাই কিন্তু উনি অনুষ্ঠান শুরু করে দিয়েছেন। উনি একটা রেওয়াজ শুরু করেছিলেন যে সময়ের কাজ সময়েই শুরু করতে হয়। আমরা যেমন ঢিলেঢালাভাবে চলি, উনার মধ্যে ওইটা ছিল না। যা হোক ওইদিন উনি এসছিলেন ওখানে। আমরা চা খেলাম, গল্পগুজব করলাম। তখন আসল প্ল্যানটা বলা হল উনাকে যে আমরা এরকম পেপারব্যাক বই বের করতে চাই, বাংলা মৌলিক ও ভালো লেখা এবং সেটা ওনাকে দিয়েই শুরু করতে চাই। হুমায়ূন আহমেদ তখন সিগারেট খেতেন খুব বেশি। অনেকটা চেইন স্মোকারের মত। তো ওনার হাতে তখন সিগারেট ছিল। উনি সিগারেট হাতে নিয়ে টানতে টানতে চিন্তা করলেন কিছুক্ষণ। তারপর বললেন যে, ঠিক আছে আমি লিখে দিব। আমরা ওখানে যারা ছিলাম আসলে একটু অবাকই হলাম যে এত সহজে ওনাকে রাজী করানো যাবে এটা ভাবি নাই। তারপর এখন ওনাকে কী করা যায়,উনি এত বড় লেখক, ওনাকে তখনই অ্যাডভান্স অনেক টাকা দেয়া হয়। আমি তখন চাকরি করি। আমার কাছে তো তখন এত টাকা পয়সা ছিল না। তখন নামে মাত্র তাকে একটা অ্যাডভান্স সম্মানী দেয়া হল। সেটা এক হাজার টাকা মাত্র। মুনতাসীর মামুনের বাসায় একটা স্লিপ প্যাড ছিল গোল্ড লিফ সিগারেটের এতটুকু চার কোনা একটা কাগজ, সেটার মধ্যে উনি রিসিভ লিখে দিয়েছিলেন। সেটা আছে আমার কাছে এখনও।

তখন আমরা আমাদের প্রকাশনীর জন্য নতুন করে একটা নাম ঠিক করলাম। 'বাংলাদেশ বুক কর্পোরেশন' এই নামটা বাদ দিয়ে তখন নতুন নামকরণ করা হল 'অবসর'। 'অবসর' নামটি শাহাদাৎ চৌধুরীর রাখা। আর এর লোগো ডিজাইন করেছিলেন রফীকুন নবী ও সৈয়দ লুৎফুল হক। তো যা হোক উনি তো রাজি হলেন এখন পাণ্ডুলিপি কখন পাবো? কিন্তু দেখা গেল যে যথা সময়ে উনি পাণ্ডুলিপি দিলেন। সে পাণ্ডুলিপিটা হচ্ছে দেবী। দেবী হচ্ছে মিসির আলীর প্রথম উপন্যাস এবং এই মিসির আলীর জন্ম এখান থেকেই। আর ওই দিনের সিটিংটা না হলে মিসির আলী তিনি লেখতেন কি না সেটা আমরা কেউ জানি না। কারণ তার আগের লেখার মধ্যে এ ধরনের লেখা ছিল না। ওনার হয়ত মাথায় কাজ করেছে যে পেপারব্যাক বই যেরকম হয়, উনি তো আর থ্রিলার লেখবেন না। কিন্তু তিনি অন্য অর্থে সাহিত্যিক থ্রিলার লেখবেন, হয়ত সে জন্যই পেপারব্যাক বইটা হিট হতে হবে– সেইটা হয়ত তার মনে কাজ করেছে। দেবীর প্রথম সংস্করণের প্রচ্ছদ করে দিয়েছিলেন শাহাদাৎ চৌধুরী। দেবী প্রকাশিত হওয়ার পরই এটা বলা বাহুল্য যে পাঠকরা লুফে নিল। এই দেবী দিয়েই মিসির আলীর শুরু। আজ অবধি মিসির আলীর যে জয়যাত্রা তা দেবী দিয়েই শুরু। আমাদের যদি সংবাদপত্রের ওই ধর্মঘটটা না হত বা যদি ওই দিনের ওই আড্ডাটা না হত তাহলে হয়ত আমারও আর বই প্রকাশ করা হত না, কারণ আমি তো আমার পৈত্রিক ব্যবসা থেকে সরে আসছিলাম। দেবীর পরপর উনি লেখলেন নিশীথিনী। দেবীর সেকেন্ড পার্ট নিশীথিনী। এটাও পেপারব্যাকে বেরিয়েছিল।

Image
humayun-3.gif

হুমায়ূন আহমেদের সাথে পোখরায় সকালের নাস্তায়, ১৯৯৬ সালে ।

তবে এরপরে নানা কারণে তিনি আর পেপারব্যাক লেখেন নাই। এইদেবী বের হওয়ার পরেই আসলে তার সঙ্গে আমার সম্পর্কের গভীরতা বাড়তে থাকল। আমার ক্ষেত্রে আসলে যা হয় প্রথম প্রথম লেখকদের থেকে একটু দূরে দূরে থাকা হলেও পরবর্তী সময়ে বেশির ভাগ লেখকই আমার বন্ধু হয়ে গেছেন। আমি রয়্যালটি দিতে, বই দিতে ওনার বাসায় গিয়েছি আবার যেহেতু উনার বই প্রকাশ করেছি এবং উনি বিচিত্রাতেও আড্ডা দিতে আসতেন- এভাবে আসা-যাওয়ার খাতিরে আস্তে আস্তে এক সময় উনার সাথে আমার সম্পর্ক ডেভেলপ করে। পরে এমন হল যে প্রায়শই আমি ওনার বাসায় চলে যেতাম। কাজ থাকলেও যেতাম, না থাকলেও যেতাম।

তো একদিন উনি আমাকে বললেন, 'আপনি তো পেপারব্যাক করছেন, এছাড়া কি হার্ডবোড বই করবেন?' আমি বললাম, 'হ্যাঁ। আপনি যদি লিখে দেন তো আমি করতে পারি।' এটা বোধহয় ১৯৮৮ সালের কথা। তখন উনি আমাকে দিলেন উপন্যাস আকাশ জোড়া মেঘ আর সায়েন্স ফিকশন ইরিনা। ওই দু'টা বই সাদা কাগজে হার্ডবাইন্ডিংয়ে বের হল। তখন আমরা ঠিক করলাম ওইটা তো আর 'অবসর'-এ রাখা ঠিক হবে না। কারণ আমি 'অবসর'-এর পেপারব্যাক তখন আস্তে আস্তে অন্য লেখকদের দিয়ে বের করাচ্ছি। ইরিনা ও আকাশ জোড়া মেঘ –এ দুটো উনি আমাকে সাদা কাগজে হার্ডবোড বাইন্ডিংয়ে করতে বলেছিলেন আর ইরিনার কভার ডিজাইনের ব্যাপারেও উনি আমাকে সাহায্য করেছিলেন। কারণ ইরিনা ছিল সাইন্স ফিকশন আর সাইন্স ফিকশনের কাভার করা খুব মুশকিল ছিল সে সময়। তখন আমাদের এখানে শিল্পী ছিল না এটা করার মত। তখন উনি আমাকে বিদেশী পেইনটিং-এর বইয়ের থেকে একটা ছবি বেছে দিলেন যে 'ওইটা ম্যাচ করবে কাহিনীর সাথে, তাই ওইটার আদলেই করেন।' ইরিনার ওই কাভারটা এখনও আছে। আকাশ জোড়া মেঘ-এর প্রচ্ছদও অন্য এক শিল্পীকে দেয়া হয়েছিল কিন্তু তারা ওটা ভালভাবে করতে পারে নি সেজন্য মজিয়ালিনি'র একটা পেইনটিং, এক নারী মুখের পেইনটিং দিয়ে ওটা করা হয়েছিল। সে কাভারগুলো এখনো রয়ে গেছে অবিকল। পরবর্তী সময়ে অনেকে কাভার চেঞ্জ করেছেন কিন্তু আমি ওনাকে বলেছিলাম 'আমি কি বইয়ের কাভারগুলো চেঞ্জ করব?' উনি বলেছিলেন 'না। এগুলো কখনও চেঞ্জ করবেন না।' তো ওই দুইটা বই বেরোলো মেলাতে, তখন অনেকেই বলেছে যে 'এই বইগুলো তো তুমি 'অবসর' নামে করতে পারবা না। কারণ 'অবসর'টা পেপারব্যাকের জন্য ব্র্যান্ডেড হয়ে গেছে। তখন আমি আমার একমাত্র সন্তান 'প্রতীক'-এর নামে প্রকাশনা সংস্থাটা চালু করি এবং হুমায়ূন আহমেদের হাত ধরেই 'প্রতীক'-এর জন্ম।

একসময় বিচিত্রা কর্তৃপক্ষের সাথে আমার বিরোধ হয় একটা রিপোর্ট নিয়ে। পরবর্তীতে আমি বিচিত্রার চাকরিটা ছেড়ে দেই এবং পুরোপুরি আমার পৈত্রিক ব্যবসায় ফিরে আসি। এখন আমার 'প্রতীক' ও 'অবসর' দুইটা প্রকাশনী উনি দাঁড় করিয়ে দিয়েছেন তার লেখা দিয়ে। শুধু এটাই নয় আমি বলব বাংলাবাজারে এমন অনেক প্রকাশনী আছে যে উনার রচনাবলী দিয়েই যারা দাঁড়িয়ে গেছে। তো ৮৫ সালে দেবী বইটা বেরোনোর পর থেকেই বলা যায় ওনার সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমি ওনার মিরপুরের বাসায় গেছি। ওনার মা, ভাই –তাদের সবার সাথেই একটা পারিবারিক সম্পর্ক আছে আমাদের। উনার ভাই জাফর ইকবাল ও আহসান হাবীবের বই আমি বের করেছি। ওনার বোনের লেখা একটা বই, ওনাকে নিয়ে লেখা একটা স্মৃতিচারণ আমি বের করেছিলাম বহু আগে।

ওনার সাথে আমার ভ্রমণের কিছু সুন্দর অভিজ্ঞতা আছে। যদিও আমি ঘোরাঘুরি করতে খুব একটা পছন্দ করি না। ওনার সাথে আমার প্রথম ভ্রমণের অভিজ্ঞতা ছিল নেপালে। উনি নক্ষত্রের রাত নাটকটা করার পরে ঠিক করলেন যে এই নাটকের শিল্পীদেরকে তিনি নেপাল নিয়ে যাবেন। নেপালে যাওয়ার কারণটা হচ্ছে এটা কাছের দেশ এবং কোনো ভিসা লাগে না। নাইলে এতজন শিল্পী নিয়ে যেতে ভিসার ব্যাপার আছে। তো নেপাল যাওয়ার সিদ্ধান্ত নেয়ার পর উনি আমাকে এসে জিজ্ঞেস করলেন ' আপনি নেপাল গিয়েছেন?' আমি বললাম 'না। আমি নেপাল যাই নি।' তো উনি আমাকে বললেন 'চলেন আপনি।' আমি তার সঙ্গে নেপাল গেলাম এবং নেপাল না গেলে হয়ত পাশেই যে এত সুন্দর একটা দেশ আছে এটা আমি জানতে পারতাম না। এই যে নেপাল গেলাম এরপর কিন্তু নেপাল যাওয়া আমার নেশায় ধরে গেছে। এরপরে হুমায়ূনকে নিয়ে আমরা বহুবার নেপাল গিয়েছি। হুমায়ূন এর আগেও অনেকবার নেপাল গিয়েছে। একবার আমরা ৩৪ জনের একটা গ্রুপ নিয়ে গিয়েছিলাম। হুমায়ূনের এনটায়ার ফ্যামিলি, জাফর ইকবালের ফ্যামিলি, খালাম্মা, আহসান হাবীব- তাদের পুরো পরিবারের ছেলে-মেয়ে এবং আমরা দুইজন প্রকাশক ও আমাদের ফ্যামিলি। আমরা পুরো ৩৪জন ছিলাম। একটা বাস ভাড়া করা হয়েছিল নেপাল ঘোরার জন্য। আমরা কাঠমুন্ডু থেকে নগরকোট গেলাম। নগরপুর থেকে চিৎওয়ান গেলাম। প্রত্যেকদিন বাসে উঠার সময় জাফর ইকবাল রোল কল করতেন যে কেউ মিস করল কিনা বাসে উঠতে। আমরা সেবার অনেক ঘুরেছি। আমরা সেখানে কৌশল্যার খরস্রোতা নদীতে রেফটিং করেছিলাম। রেফটিং তো একটা খুবই রিস্কি ব্যাপার। কিন্তু আমরা দলবল ধরে এসব করেছি। এরপর ব্যাচেলর'স পার্টির মত আমরা অনেকবার নেপাল গেছি। এরপর উনার সাথে আরও অনেক জায়গায় আমরা গেছি। আগরতলা, নেপাল, মালয়েশিয়া, পুরী- এরকম অনেক জায়গায়ই গেছি কিন্তু হুমায়ূনের সাথে নেপাল ভ্রমণের অভিজ্ঞতাটাই আমার মনে বেশি দাগ কেটে আছে।

Image
humayun-4.gif

নেপালের চিৎওয়ানে হাতির বাচ্চাকে দুধ খা্ওয়াচ্ছেন হুমায়ূন আহমেদ ১৯৯৮ সালে

একবার আমরা নেপাল থেকে পোখরা গিয়েছিলাম। সেখান থেকে ভোরবেলায় গাড়ীতে করে অন্নপূর্ণা যেতে হয়। অন্নপূর্ণা জায়গাটা পাহাড়ের উপরে। সেখান থেকে সূর্যোদয় দেখা যায়। যে গাড়ীতে আমরা ছিলাম সেটা পাহাড়ের উপর গিয়ে আর ওঠে না। অনেকদূর আবার উঠতে হল হেঁটে। আমি ও হুমায়ূন আমাদের দু'জনেরই ফুসফুসের সমস্যা ছিল। অক্সিজেনের সমস্যা হচ্ছিল। ওখানে লেখা ছিল যে যাদের উপরে ওঠার পর অক্সিজেনের সমস্যা হবে, যদি শ্বাস সমস্যা হয় তো তারা যেন সাথে সাথে নিচে নেমে আসে। একারণে অনেকেই পুরোটুকু উঠতে পারে না। আমি সাথে করে ছোট একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে গেছিলাম। আমরা দু'জনই অক্সিজেন নিয়ে উপরে উঠেছি। চূড়ায় গিয়ে দাঁড়িয়েছি। আমরা অপেক্ষা করছি কখন সূর্যটা উঠবে। ওখান থেকে সূর্যোদয় না দেখলে সে অভিজ্ঞতা ভাষায় বর্ণনা করা যাবে না। আমরা দেখছি যে আস্তে আস্তে পাহাড়ের পিছন থেকে সূর্যটা উঠছে, আলো পড়ছে, পুরা এলাকা মনে হয় যেন রূপালী রং দিয়ে ভরিয়ে ফেলেছে। ভয়াবহ সৌন্দর্য্য বলে যে একটা কথা আছে এটা সে রকম। আমার কাছে তখন এ্কটা মিনি রেকর্ডার ছিল। আমি বিচিত্রায় যখন কাজ করতাম তখন থেকেই এটা আছে। তখন তো আর এখনকার মত এত আধুনিক ডিজিটাল যন্ত্রপাতি ছিল না। আমি ওই রেকর্ডারটা সব সময় কাছে রাখতাম। আমার সাথে তখন রবীন্দ্রনাথের ক্যাসেট ছিল। আমি তখন রবীন্দ্রসংগীত বাজিয়ে দিলাম ওখানে। ওই সময় ওই আবহে রবীন্দ্রসংগীত শুনে হুমায়ূন এত খুশি হল যে বলে উঠল 'আপনার দশটা পাপ আজকে ক্ষমা হয়ে গেল!' আমি বললাম 'এত পাপ আমি করলাম কবে!' বললেন ' না। ভবিষ্যতে তো করতে পারেন! ওগুলো এডভ্যান্স ক্ষমা হয়ে গেল।' এধরণের বহু ঘটনা আছে। কিছু মনে পড়ে, কিছু মনে পড়ে না।

ওনার একটা ব্যাপার ছিল উনি নতুন বই দেখতে খুব পছন্দ করতেন। আমরা তাকে ঘটা করে নতুন বই পাঠাতাম। উনি চাইতেন সব কিছুই যাতে সুন্দরভাবে উপস্থাপন করা হয়। উনি নিজেও কাউকে কিছু দিলে সেটা খুব সুন্দরভাবে দিতেন। উনার কাছ থেকে অনেকেই তখন এই ব্যাপারগুলো রপ্ত করেছিল। একটা জিনিজ ফুল দিয়ে প্যাকেট করে বা ডালায় করে সাজিয়ে উপহার দেয়ার যে রেওয়াজ–এটা উনি করতেন। উনি বিভিন্ন উৎসব বা অকেশনগুলোতে উনার বন্ধু ও কাছের মানুষদের এরকম ডালিতে করে সাজিয়ে নানারকম দেশী ফল পাঠাতেন। নিউমার্কেট থেকে দেশী ফল কিনে উনি নিজে দাঁড়িয়ে থেকে টুকরিতে করে ফল ভরে সেটা র‌্যাপিং করে পাঠাতেন সবার কাছে। অন্যান্য অকেশনেও এরকম করে মিষ্টি অথবা ফল পাঠাতেন। একবার এরকম হল যে ওনার বড় মেয়ের জামাই এসছে বিদেশ থেকে, সে ছোট মাছ খেতে পছন্দ করে। উনি তখন বাজার থেকে আট-দশ পদের ছোট মাছ কিনে পরিষ্কার করিয়ে ডালায় করে পাঠিয়ে দিয়েছেন। জিনিসটা দেখতে হয়ত খুব সুন্দর দেখা গেছে কিন্তু এক সাথে এতগুলো ছোটমাছ যে কেটেছে তার অবস্থা তো বোঝা যায় কী হয়েছে! উনি প্রতিটা মুহূর্তকে আনন্দময় করে রাখতেন। উনার শেষদিনগুলিতে যারা দেখেছেন, ওনার অবচেতন মনে তো অবশ্যই ছিল যে ক্যান্সারের মত একটা ভয়াবহ রোগ, কিন্তু উনি কখনো হতাশ হন নাই। কখনো কিন্তু নিরাশার কথা বলেন নাই। সব সময় আনন্দের কথা বলতেন, আশার কথা বলতেন। আমরা তো ভাবতেও পারি নাই যে উনি এভাবে আর ফিরে আসবেন না। এখন মনে হয় যে উনি নিজে বোধহয় জানতেন যে উনি আর ফিরবেন না। এজন্য এসে তিনি সবার সঙ্গে দেখা করে গেছেন। শেষ বিদায়।

শেষবার উনি চলে যাওয়ার একদিন না দু'দিন আগে উনার কিছু বন্ধু-বান্ধবকে দাওয়াত করা হয়েছিল আমার বাসায়। সেখানে একটা স্পেশাল আইটেম ছিল চিতল মাছের কোপ্তা। চিতল মাছের কোপ্তা সাধারণত গোল হয় কিন্তু আমাদের রান্না হয়েছিল কিছুটা চারকোনা ধরণের। উনি দেখেই বললেন যে 'ক্যারাম বোর্ডের গুটি এখানে এল কিভাবে!' উনি এরকম অনেক রসিকতা করতেন। উনি তো ছিলেন আমাদের প্রতিবেশী। এই 'দখিন হাওয়া'তেই তো উনি ছিলেন অনেক দিন যাবৎ। এখনও ওনার স্ত্রী্ ও দুই ছেলে এই বিল্ডিংয়েই থাকে। তো উনি মাঝে মাঝেই কিছু না বলে পেছনের দরজা দিয়ে আমাদের বাসায় চলে আসতেন। আমার স্ত্রীর রান্না ওনার পছন্দের ছিল। উনি এসে রান্নাঘরে ঢুকে কী রান্না হয়েছে দেখতেন। ভাল লাগলে কড়াইসহ নিয়ে চলে যেতেন! বলতেন 'আমি কিন্ত এটা নিয়ে চলে গেলাম। এখন আপনারা কী খাবেন সেটা আপনাদের ব্যাপার!' এরকমভাবে খুব মজা করতেন সব সময়।

Image
humayun-51.gif

ভারতের পুরীতে সূর্য মন্দিরের সামনে ১৯৯৬ সালে

ওনার জন্মদিনগুলোতে রাত বারটা এক মিনিটে কেক কাটা হত ওনার বাসায়। আমরা ঘনিষ্ঠ কয়েকজন যেতাম। কোনো কোনো বার হয়ত কোনো বিদেশি গেস্ট থাকতেন। যেমন একবার সুনীল গাঙ্গুলী ছিলেন। সুনীল গাঙ্গুলী এ বাসায় বেশ কয়েকবার এসেছেন। ওনারা তো বন্ধু ছিলেন। বাংলাদেশে আসলেই উনি এখানে আসতেন। কেক কাটা হত। রাত্রের এই পার্টিটা ছিল একান্ত তার ঘনিষ্ঠ মানুষদেরকে নিয়ে। কিন্তু অনেক সময় চাইলেও সেটা আর তার ব্যক্তিগত থাকত না। কারণ বিভিন্ন চ্যানেল থেকে, সংবাদপত্র থেকে আসত ফুল, উপহার ইত্যাদি নিয়ে। কিন্তু ফর্মাল অনুষ্ঠানটা হত তের তারিখ দুপুরবেলা। খাওয়া-দাওয়া হত, সবাই আসতেন। কখনো সকালবেলা পাবলিক লাইব্রেরিতে যেতেন। ওখানে বইমেলা হত। তখন খালাম্মা থাকতেন। এভাবেই তার জন্মদিন পালন করা হত।

হুমায়ূনের সাহিত্যকর্মের এখনও মূল্যায়নটা হচ্ছে না। এখন বেশির ভাগই কথা হচ্ছে উনি কী ধরনের আড্ডা দিতেন, কী খেতে ভালবাসতেন, উনি চুটকি পছন্দ করতেন কি না, রসিকতা পছন্দ করতেন কি না- এই ধরনের ব্যাপারগুলি নিয়েই যেন সবাই বেশি কথা বলছে। কেউ ওনার সৃষ্টিশীলতা নিয়ে তেমন কথা বলছে না। ওনার সাহিত্য নিয়ে কাজ হচ্ছে না। আমি মনে করি ওনার সাহিত্যের মূল্যায়ন হওয়া দরকার। আমি দেখেছি কেউ কেউ এর মধ্যেই ওনার নামকে যেন মুছে ফেলার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের ছোট গল্পের একটা সংকলন বের করা হয়েছে এবং সেটা সম্পাদনা করেছে বাংলাদেশেরই একজন। কিন্তু সেখানে হুমায়ূন আহমেদের গল্প নেই। আবার এখানকার একটা পত্রিকা তাদের একটা ইয়ারবুক বের করেছে সেখানে হুমায়ূন আহমেদের উল্লেখ নেই। আমার প্রশ্ন হচ্ছে এগুলো কি হুমায়ুন আহমেদকে মুছে ফেলার চেষ্টা? না অন্য কিছু? কিসের থেকে হচ্ছে এই ব্যাপারগুলো? হুমায়ূন আহমেদের যারা কট্টর সমালোচক তারা বলে যে আর কিছু না হোক তার ছোটগল্পগুলো টিকে থাকবে। পৃথিবীর দশটা ছোটগল্পের মাঝে একটা গল্প হলেও সেখানে ওনার গল্প থাকবে। অথচ এখনও তাঁর গল্পগুলোর মূল্যায়ন হচ্ছে না।

তবে আমি বলবো এভাবে ওনাকে মুছে ফেলা যাবে না। একটা বইয়ে নাম না গেলে বা একটা পত্রিকায় তার উল্লেখ না হলেই যে হুমায়ূন আহমেদ হারিয়ে যাবেন তা কখনোই নয়। তিনি তার সাহিত্যকর্মের গুণেই আজ এতদূর এসেছেন এবং এটার জন্যই উনি টিকে থাকবেন। তাৎক্ষণিকভাবে খারাপ লাগে এই অবজ্ঞাগুলো দেখলে।

এই লেখার সাথে প্রকাশিত সব ছবি লেখকের ব্যক্তিগত সংগ্রহ থেকে প্রকাশ করা হয়েছে। এর আগে এসব ছবি কোথাও প্রকাশিত হয়নি ।
অনুলিখন: প্রমা সঞ্চিতা অত্রি

Image
Flag Counter